শিরোনাম
◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন ◈ পোশাক রপ্তানিতে আশার আলো, যুক্তরাষ্ট্রে বড় প্রবৃদ্ধি ◈ প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে লিসেনিং-স্পিকিং ◈ বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান ◈ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে রয়েছেন যারা

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“সারের সংকট না থাকলে গোডাউন লুট হতো না” : সাইফুল হকের প্রশ্ন

মনিরুল ইসলাম : সারের সংকটকে কেন্দ্র করে কৃষকদের হতাশা ও ক্ষোভের প্রতিফলন হিসেবে গোডাউন লুটের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি প্রশ্ন রেখে বলেন, “সারের সংকট না থাকলে কৃষকেরা কেন সারের গোডাউন লুট করবে?”

আজ বুধবার ৯ সেপ্টেম্বর সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী বর্তমান বিএনপি সরকারকে সুশাসন নিশ্চিত করতে হবে এবং মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা বিধান করতে হবে। বিদ্যুৎ-গ্যাস সংকট, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম কষ্টে রয়েছে। তবুও জনগণ সরকারকে সময় দিচ্ছে, তবে এই ধৈর্যের সীমা বেশি দিন থাকবে না বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, সার ও বিদ্যুতের সংকট দ্রুত সমাধান না হলে দেশের কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে উত্তরাঞ্চলের উন্নয়ন বঞ্চনার বিষয়টি তুলে ধরে অগ্রাধিকারের ভিত্তিতে এ অঞ্চলে উন্নয়ন কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে সাইফুল হক বলেন, নির্বাচিত সরকারের আমলেও সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে। এ অবস্থা অব্যাহত থাকলে সমাজে অরাজকতা বৃদ্ধি পাবে। তিনি সামাজিক ও রাজনৈতিক অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

গাইবান্ধা জেলা কমিটির সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে ও জাকারিয়া হাসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান। এছাড়া বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান প্রধান মাসুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

মাহমুদুর রহমান প্রধান মাসুদ বলেন, কৃষকের উৎপাদন সচল রাখতে সার, বীজ, কীটনাশক ও সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

সভায় আকবর খান বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহে ব্যর্থতার কারণে ডিলারদের অবৈধ মজুত থেকে সার লুটের ঘটনা ঘটছে। তিনি দাবি করেন, কৃষি উপকরণ না পেলে কৃষকদের কোনো বিকল্প থাকে না। তাই দ্রুত সারাদেশে কৃষি উপকরণ সরবরাহের কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ