শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০৬:০৪ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৬, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী

বন্দর আধুনিকায়ন, দক্ষতা বৃদ্ধি ও দুর্নীতি কমাতে আন্তর্জাতিক অপারেটরদের যুক্ত করার পক্ষে মত ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যানের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার উদ্যোগকে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি এ চুক্তিকে দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও বৈশ্বিক যোগাযোগ সম্প্রসারণের ক্ষেত্রে ‘গেম চেঞ্জার’ হিসেবে অভিহিত করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ, চুক্তির স্বচ্ছতা এবং বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনার সীমাবদ্ধতা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন আশিক মাহমুদ।

পোস্টে তিনি লেখেন, এক শ্রমিকনেতা তাঁর বিরুদ্ধে ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ৬০০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছিলেন। পরে ওই নেতা অভিযোগের অঙ্ক ১ হাজার ২০০ কোটি টাকা বলে সংশোধন করেন বলে উল্লেখ করেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ‘ইকোনমিক হিটম্যান’ বলেও আখ্যা দেওয়া হয়েছে বলে জানান আশিক মাহমুদ। এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে এনসিটি চুক্তিকে তিনি ব্যক্তিগত ও জাতীয়—উভয় পর্যায়ের বিষয় হিসেবে দেখছেন বলে উল্লেখ করেন।

Advertisement

বন্দর ব্যবস্থাপনায় দক্ষতার ঘাটতি

আশিক মাহমুদ বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় দক্ষতা, প্রযুক্তি ও স্বচ্ছতা বাড়ানো জরুরি। তাঁর ভাষ্য অনুযায়ী, বিশ্বব্যাংকের ২০২৫ সালের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বন্দর ৩৬৪তম অবস্থানে রয়েছে, যেখানে ভিয়েতনামের কাই মেপ বন্দর রয়েছে ১১তম স্থানে।

তিনি বলেন, বন্দরে পণ্য খালাস ও পরিবহনে দীর্ঘ সময় লাগার কারণে রপ্তানিমুখী দেশি-বিদেশি বিনিয়োগকারীরা প্রতিযোগিতামূলক বাজারে অর্ডার হারানোর ঝুঁকিতে পড়ছেন। বিশ্বব্যাংকের উপাত্তের বরাত দিয়ে তিনি আরও দাবি করেন, কনটেইনারের ডুয়েল টাইম এক দিন কমানো গেলে রপ্তানি প্রায় ৭ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে।

আশিক মাহমুদের দাবি, ২০০৭ সালে নির্মিত এনসিটিতে বর্তমানে যন্ত্রপাতির কার্যকারিতা বা ইকুইপমেন্ট অ্যাভেইলেবিলিটি প্রায় ৭০ শতাংশ, যেখানে বৈশ্বিক মানদণ্ড ৯৩ শতাংশ। তাঁর মতে, বন্দরের সমস্যা শুধু অর্থের নয়; এর সঙ্গে দক্ষতা, প্রযুক্তি ও স্বচ্ছতার ঘাটতিও জড়িত।

আন্তর্জাতিক অপারেটর আনার পক্ষে মত

বন্দর ব্যবস্থাপনার এসব সীমাবদ্ধতা কাটাতে অভিজ্ঞ আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরদের যুক্ত করার ওপর গুরুত্ব দেন বিডা চেয়ারম্যান। তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি হলে বাংলাদেশ উন্নতমানের সেবা পেতে পারে এবং একই সঙ্গে নিজস্ব সক্ষমতা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

এ প্রসঙ্গে তিনি জানান, লালদিয়া কনটেইনার টার্মিনাল নিয়ে ইউরোপের বিখ্যাত মার্সক গ্রুপের সঙ্গে চুক্তি হয়েছে এবং বে টার্মিনাল নিয়ে সিঙ্গাপুরের পিএসএ গ্রুপের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি এনসিটি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ডিপি ওয়ার্ল্ড যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে টার্মিনাল পরিচালনা করছে উল্লেখ করে আশিক মাহমুদ বলেন, বাংলাদেশের বন্দরে জাহাজের গড় টার্নঅ্যারাউন্ড টাইম প্রায় আড়াই দিন। অন্যদিকে ডিপি ওয়ার্ল্ডের ক্ষেত্রে তা গড়ে ২৪ ঘণ্টা বলে তিনি দাবি করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের বন্দরে প্রতি ঘণ্টায় ক্রেন দিয়ে গড়ে ২২টি কনটেইনার হ্যান্ডলিং করা হয়, যেখানে ডিপি ওয়ার্ল্ডের বৈশ্বিক গড় ৩৫টির বেশি।

চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ নিয়ে ব্যাখ্যা

এনসিটি চুক্তির শর্তাবলি প্রকাশ না করা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে আশিক মাহমুদ বলেন, জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার বিকল্প নেই। তবে তাঁর মতে, পূর্ণাঙ্গ চুক্তি প্রকাশ করলে ভবিষ্যতে বাংলাদেশের দর-কষাকষির অবস্থান দুর্বল হতে পারে।

তিনি দাবি করেন, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি বেসরকারি অংশীদারের বৈধ গোপনীয়তা রক্ষায় সম্পূর্ণ চুক্তির পরিবর্তে সারাংশ প্রকাশের সুপারিশ করে। চুক্তির সারাংশ সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য বিভাগে প্রকাশ করবেন বলেও জানান তিনি।

আশিক মাহমুদ আরও বলেন, চুক্তিটি নিয়ে সরকারি কর্মকর্তারা দীর্ঘ সময় ধরে আলোচনা ও দর-কষাকষি করেছেন। তাঁর মতে, দুর্নীতি প্রতিরোধ, দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ এবং বৈশ্বিক যোগাযোগ সম্প্রসারণের ক্ষেত্রে এ উদ্যোগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে চুক্তির আর্থিক শর্ত, পরিচালনাগত বাধ্যবাধকতা এবং প্রত্যাশিত সুফল সম্পর্কে পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট চুক্তির শর্তাবলি ও তথ্য স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

  • সর্বশেষ