শিরোনাম
◈ সময়মতো শ্রেণিকক্ষে শিক্ষককে না পেলে ছবি তুলে পাঠিয়ে দেবে : শিক্ষামন্ত্রী ◈ যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মুখোশধারীদের মহড়া ◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৯:৪৮ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ারিশ সনদ কোথায় পাবেন, আবেদন করবেন কীভাবে?

পরিবারের কোনো সদস্য মারা গেলে তার রেখে যাওয়া জমি, বাড়ি কিংবা অন্যান্য সম্পত্তির উত্তরাধিকারী কারা, তা প্রমাণের জন্য প্রয়োজন হয় ওয়ারিশ সনদ। বিশেষ করে উত্তরাধিকারসূত্রে পাওয়া জমি নিজের নামে নামজারি, সম্পত্তি বণ্টন কিংবা বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে এ সনদ গুরুত্বপূর্ণ।

অনেকেই জানেন না, ওয়ারিশ সনদ কোথা থেকে সংগ্রহ করতে হয়, আবেদন করতে কী কী কাগজপত্র লাগে কিংবা অনলাইনে ঘরে বসে আবেদন করা যায় কি না। আবার সনদে কোনো উত্তরাধিকারীর নাম বাদ পড়লে ভবিষ্যতে সম্পত্তি বণ্টন ও মালিকানা নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

বাংলাদেশে সাধারণত মৃত ব্যক্তির স্থায়ী ঠিকানার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি করপোরেশন থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করা যায়। কিছু এলাকায় অনলাইনে আবেদনের সুযোগও রয়েছে।

চলুন জেনে নেওয়া যাক, ওয়ারিশ সনদ কী, কোথা থেকে তুলবেন, কী কী কাগজপত্র লাগবে এবং আবেদন করবেন যেভাবে।

Advertisement

ওয়ারিশ সনদ কী এবং কেন প্রয়োজন?

ওয়ারিশ সনদ বা ওয়ারিশান সনদ হলো কোনো মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারীদের নাম, পরিচয় ও তার সঙ্গে তাদের সম্পর্ক উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে দেওয়া একটি প্রত্যয়নপত্র।

এ সনদে সাধারণত মৃত ব্যক্তির নাম, মৃত্যুর তথ্য এবং উত্তরাধিকারীদের নাম, বয়স, ঠিকানা ও সম্পর্ক উল্লেখ থাকে। মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী কারা, তা শনাক্ত করতে এ সনদ ব্যবহার করা হয়। যেসব কাজে ওয়ারিশ সনদ প্রয়োজন হতে পারে:

  • উত্তরাধিকারসূত্রে পাওয়া জমি নামজারি করতে।
  • উত্তরাধিকারীদের মধ্যে জমি বণ্টননামা তৈরি করতে।
  • পেনশন, ভাতা বা অন্যান্য পাওনা গ্রহণে।
  • মৃত ব্যক্তির বিভিন্ন আর্থিক সম্পদের দাবি নিষ্পত্তিতে।
  • সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উত্তরাধিকার প্রমাণের প্রয়োজনে।

তবে মনে রাখতে হবে, ওয়ারিশ সনদে কারা উত্তরাধিকারী, তা উল্লেখ থাকে; কে কতটুকু সম্পত্তি পাবেন, তা নির্ধারণ করা হয় না। এ জন্য সংশ্লিষ্ট উত্তরাধিকার আইন অনুযায়ী হিসাব করতে হয়।

ওয়ারিশ সনদ কোথা থেকে সংগ্রহ করবেন?

মৃত ব্যক্তি যে এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন, সাধারণত সেই এলাকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানে আবেদন করতে হয়।

ইউনিয়ন পরিষদ: গ্রামাঞ্চলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আবেদন করতে হবে।

পৌরসভা: পৌর এলাকার বাসিন্দা হলে সংশ্লিষ্ট পৌরসভায় আবেদন করতে হবে।

সিটি করপোরেশন: সিটি করপোরেশন এলাকায় সংশ্লিষ্ট ওয়ার্ড বা দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

ঢাকার মতো কিছু সিটি করপোরেশনে সনদ দেওয়ার দায়িত্ব ও আবেদনপ্রক্রিয়ায় পরিবর্তন থাকতে পারে। তাই সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করে বর্তমান নিয়ম জেনে নেওয়া ভালো।

ওয়ারিশ সনদ তুলতে কী কী কাগজপত্র লাগবে?

সাধারণত ওয়ারিশ সনদের জন্য নিচের কাগজপত্রগুলো প্রয়োজন হয়:

মৃত্যু নিবন্ধন সনদ: মৃত ব্যক্তির মৃত্যুর তথ্য প্রমাণের জন্য।

মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র: মৃত ব্যক্তির এনআইডি কার্ডের ফটোকপি। এনআইডি না থাকলে জন্মনিবন্ধন বা পরিচয়সংক্রান্ত প্রযোজ্য তথ্য দিতে হতে পারে।

ওয়ারিশদের জাতীয় পরিচয়পত্র: প্রত্যেক প্রাপ্তবয়স্ক উত্তরাধিকারীর এনআইডি ও জন্মনিবন্ধনের ফটোকপি। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শুধু জন্মনিবন্ধন সনদ প্রয়োজন হতে পারে।

আবেদনকারীর ছবি: আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।

ওয়ারিশদের তালিকা: মৃত ব্যক্তির সব বৈধ উত্তরাধিকারীর নাম, বয়স, ঠিকানা ও সম্পর্কের বিবরণ।

ঠিকানার প্রমাণ: প্রয়োজনে নাগরিকত্ব সনদ, হোল্ডিং ট্যাক্সের রসিদ বা অন্য কোনো ঠিকানার প্রমাণ।

স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন: কোনো কোনো এলাকায় ওয়ার্ড সদস্য, কাউন্সিলর বা স্থানীয় প্রতিনিধির সুপারিশ কিংবা সাক্ষীর তথ্য প্রয়োজন হতে পারে।

এ ছাড়া জমিসংক্রান্ত কাজে ব্যবহার করতে চাইলে জমির দলিল বা খতিয়ানের তথ্য হাতের কাছে রাখা ভালো। তবে সব ক্ষেত্রে জমির দলিল ও খতিয়ান ওয়ারিশ সনদের বাধ্যতামূলক কাগজ নয়। এলাকার নিয়ম অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র চাওয়া হতে পারে।

ওয়ারিশ সনদের আবেদন করবেন যেভাবে

ওয়ারিশ সনদ পেতে সাধারণত সরাসরি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনে আবেদন করতে হয়। এ জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

প্রথম ধাপ: আবেদন ফরম সংগ্রহ

সংশ্লিষ্ট কার্যালয় থেকে ওয়ারিশ সনদের আবেদন ফরম সংগ্রহ করুন। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা কাগজেও আবেদন করার সুযোগ রয়েছে।

দ্বিতীয় ধাপ: তথ্য পূরণ

আবেদনপত্রে মৃত ব্যক্তির নাম, ঠিকানা, মৃত্যুর তারিখ, মৃত্যু নিবন্ধন নম্বর, সব উত্তরাধিকারীর নাম, বয়স, জন্ম তারিখ, এনআইডি ও জন্মনিবন্ধন নম্বর, ঠিকানা ও সম্পর্ক উল্লেখ করুন। কোনো বৈধ উত্তরাধিকারীর নাম যেন বাদ না পড়ে, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখুন।

তৃতীয় ধাপ: কাগজপত্র জমা

আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি জমা দিন। সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য বা কাউন্সিলরের মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রয়োজন হলে সেই প্রক্রিয়া সম্পন্ন করুন।

চতুর্থ ধাপ: তথ্য যাচাই

সংশ্লিষ্ট কর্মকর্তা বা জনপ্রতিনিধি আবেদনকারীর দেওয়া তথ্য যাচাই করবেন। প্রয়োজনে স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হতে পারে। সব তথ্য সঠিক পাওয়া গেলে সনদ ইস্যু করা হয়।

পঞ্চম ধাপ: সনদ সংগ্রহ

আবেদন অনুমোদিত হলে নির্ধারিত ফি পরিশোধ করে সনদ সংগ্রহ করুন। সনদ হাতে পাওয়ার পর মৃত ব্যক্তির নাম, মৃত্যুর তথ্য এবং সব উত্তরাধিকারীর নাম ও পরিচয় ভালোভাবে মিলিয়ে নিন।

অনলাইনে ওয়ারিশ সনদ পাওয়ার উপায়

সরকারের প্রত্যয়ন (https://prottoyon.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ওয়ারিশ সনদের আবেদন করার সুযোগ রয়েছে। এ প্ল্যাটফর্মে বাংলা ও ইংরেজি দুই ভাষায় সনদ পাওয়ার ব্যবস্থা আছে। তবে দেশের অনেক এলাকা এখনো এই প্ল্যাটফর্মের আওতায় আসেনি।

অনলাইনে আবেদন করতে

  • প্রথমে prottoyon.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • নাগরিক হিসেবে নিবন্ধন করে নিজের প্রোফাইল তৈরি করুন।
  • ঠিকানাসহ প্রয়োজনীয় সাধারণ তথ্য দিয়ে প্রোফাইল সম্পন্ন করুন। ওয়েবসাইটের নির্দেশনা
  • অনুযায়ী প্রোফাইল ১০০ শতাংশ পূর্ণ করতে হবে।
  • সেবার তালিকা থেকে ওয়ারিশ সনদ নির্বাচন করুন।
  • মৃত ব্যক্তির তথ্য এবং জীবিত উত্তরাধিকারীদের প্রয়োজনীয় পরিচয়সংক্রান্ত তথ্য দিন।
  • প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে আবেদন জমা দিন।
  • আবেদন অনুমোদনের পর নির্ধারিত পদ্ধতিতে সনদ সংগ্রহ করুন।

প্রত্যয়ন ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী, জীবিত উত্তরাধিকারীদের এনআইডি নম্বর ও জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য দিতে হয়। তবে সব এলাকার জন্য অনলাইন সেবা চালু আছে, এমন নয়। নিজের এলাকার সেবার আওতা ওয়েবসাইটে যাচাই করে নিতে হবে।

ওয়ারিশ সনদ তুলতে কত টাকা লাগে, কত দিন সময় লাগে?

ওয়ারিশ সনদ সংগ্রহের ফি ও সেবা প্রদানের সময়সীমা সব এলাকায় এক নয়। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের নিজস্ব সিটিজেন চার্টার অনুযায়ী ফি ও সময় নির্ধারিত হতে পারে।

তাই আবেদনের আগে সংশ্লিষ্ট কার্যালয় থেকে ফি ও সম্ভাব্য সময় জেনে নিন। টাকা জমা দিলে অবশ্যই রসিদ সংগ্রহ করবেন।

ওয়ারিশ সনদ ও সাকসেশন সার্টিফিকেট কি এক?

ওয়ারিশ সনদ ও সাকসেশন সার্টিফিকেট এক নয়। ওয়ারিশ সনদ স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। এতে মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের পরিচয় উল্লেখ থাকে।

অন্যদিকে, সাকসেশন সার্টিফিকেট বা উত্তরাধিকার সনদ দেওয়ানি আদালত থেকে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় দেওয়া হয়। মৃত ব্যক্তির ব্যাংক আমানত, শেয়ার বা নির্দিষ্ট আর্থিক সম্পদ দাবি করার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সাকসেশন সার্টিফিকেট চাইতে পারে।

তাই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দাবি জানানোর আগে তাদের কাছে কোন ধরনের সনদ প্রয়োজন, তা জেনে নেওয়া উচিত।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওয়ারিশ সনদে মৃত ব্যক্তির সব বৈধ উত্তরাধিকারীর নাম সঠিকভাবে উল্লেখ থাকতে হবে। কাউকে বাদ দিয়ে সনদ তৈরি করলে ভবিষ্যতে জমির নামজারি, সম্পত্তি বণ্টন কিংবা অন্যান্য কাজে আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই আবেদন করার সময় সব তথ্য যাচাই করে সনদ সংগ্রহ করুন।

সূত্র : জাগো নিউস 

  • সর্বশেষ