শিরোনাম
◈ সাপ পালন থেকে অ্যান্টিভেনম তৈরি, নেওয়া হচ্ছে ৪৪ কোটি টাকার প্রকল্প ◈ কলকাতা ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্রের দায়িত্বে আসছে নতুন প্রতিষ্ঠান, চালু ১ ডিসেম্বর ◈ পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন ◈ ডাকটিকিটের বদলে ডিজিটাল মাশুল আদায়ে বড় সাফল্য, ১১ মাসে ৫০ কোটি টাকা আয়! ◈ মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর আজও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ◈ গোপালগঞ্জে নাশকতার আশঙ্কা, আটক এসআরবির কোম্পানি কমান্ডার: গোয়েন্দা নজরদারিতে ৩০ কর্মকর্তা ◈ বেলিংহ্যামের অবিশ্বাস্য গোলে ঘুরে দাঁড়াল রিয়াল মা‌দ্রিদ, পিএসভিকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত  ◈ ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি ◈ আর্সেনাল-ডর্টমুন্ডের জমজমাট লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি ◈ এসএ গেমস পাঁচ মাস পেছাতে পারে পা‌কিস্তান

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০১:৫২ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা ইস্যুতে হার্ডলাইনে ঢাকা, দিল্লির সঙ্গে বোঝাপড়া অনিশ্চিত 

ডেস্ক রি‌পোর্ট : ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে প্রত্যর্পণের জন্য শুরু থেকেই ঢাকা দাবি জানিয়ে আসছে, যা এখনো বিদ্যমান। কিন্তু দিল্লি এটিকে ‘আইনি প্রক্রিয়া’র অংশ বললেও প্রত্যর্পণের জন্য কোনো দৃশ্যত উদ্যোগ নেয়নি। 

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ঢাকার দাবিকে গুরুত্ব দেয়নি দিল্লি। বরং পেছন থেকে কলকাঠি নেড়ে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে সামনে এনেছে। যার পরিপ্রেক্ষিতে দেশের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা অব্যাহত আছে। ফলে ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। --- সূত্র, যুগান্তর

তারা বলছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন, সীমান্তে আওয়ামী লীগের নেতাদের বৈঠক, বিমানযোগে বাংলাদেশে আসতে চাওয়ার স্টান্টবাজির মতো বিষয়গুলো ঢাকার অবস্থানকে আরও ‘হার্ডলাইনে’ নিয়ে গেছে। এটি ক্রমেই ‘পয়েন্ট অব নো রিটার্নের’ পথে ধাবিত হচ্ছে। ড. ইউনূস সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক যে তলানিতে চলে গিয়েছিল সেখান থেকে পুনরুদ্ধারের একটা পরিবেশ তৈরি হয়েছিল বিএনপি সরকারের শুরুর দিকে। কিন্তু শেখ হাসিনা ইস্যুতে সৃষ্ট জটিল পরিস্থিতি ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন ঘটেছে।

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে ঢাকা এখন স্পষ্ট ও কঠোর অবস্থানে রয়েছে এবং এখানে কোনো অস্পষ্টতা নেই। দিল্লির সঙ্গে এ বিষয়ে প্রকাশ্যে বড় কোনো সমঝোতা বা নেগোসিয়েশন দৃশ্যমান না হলেও বাংলাদেশ আনুষ্ঠানিক অবস্থান জানিয়ে দিয়েছে। নোট ভারবাল দেওয়া ছাড়াও প্রেস কনফারেন্সের মাধ্যমে বক্তব্য তুলে ধরেছে। আড়ালে কোনো আলোচনা হয়ে থাকলেও তা কেউ জানে না।

Advertisement

তিনি বলেন, ভারতের বর্তমান অবস্থান এবং বাংলাদেশের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এতে সাবেক প্রধানমন্ত্রীর জন্য কূটনৈতিক নমনীয়তা কমে যাওয়ায় বিকল্প পথ বা অবস্থান নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিকল্পভাবে শেখ হাসিনা ফেরার চেষ্টা করতে পারেন। পরিস্থিতি রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টাও হতে পারে। তিনি মনে করেন, বিষয়টি দ্রুত কোনো চূড়ান্ত সমাধানের দিকে না গিয়ে দুই পক্ষের কাছেই একটি রাজনৈতিক ইস্যু হিসাবে থেকে যেতে পারে। পরে যা দুই পক্ষ যার যার মতো করে কাজে লাগাতে চাইবে।

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল-তার মোড় মূলত ঘুরে যায় গত ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হওয়ার পর। এরপর নানা ইস্যুতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। সঙ্গে ছিল আস্থার সংকটও।

শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার ঘোষণায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এর মধ্যে খবর আসে দেশে ফেরার অংশ হিসাবে গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেন। রয়টার্সের খবরে বলা হয়, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে ই-মেইলে এ আবেদন করা হয়। 

২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই ছিল হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তবে এই আবেদনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাৎক্ষণিকভাবে বলেন, শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ।

হাসিনার ফেরার ঘোষণায় দেশের নানা স্থানে সহিংসতা শুরু হলে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আকারে-ইঙ্গিতে সবকিছুর জন্য ভারতকে আবারও দায়ী করা হয়। জোরালো হতে থাকে হাসিনাকে দেশে প্রত্যর্পণের ইস্যু। এদিকে আইনি প্রক্রিয়া যতই দীর্ঘ হোক বা ঢাকা যতই কঠোরভাবে দাবি জানাক না কেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে প্রত্যর্পণ করাবে না বলে মনে করেন দক্ষিণ এশিয়াবিষয়ক শীর্ষস্থানীয় ভারতীয় গবেষক ড. শ্রীরাধা দত্ত।

গত ২১ নভেম্বর গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ও পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপক বলেন, শেখ হাসিনা ভারতের একজন ভালো বন্ধু। ভারত তাকে একজন মিত্র হিসাবে বিবেচনা করে এবং ভারত কখনোই এমন একজন মানুষকে হস্তান্তর করবে না। তবে তার এই মূল্যায়ন ব্যক্তিগত এবং সরকারি কোনো মূল্যায়ন নয় বলেও উল্লেখ করেন ড. শ্রীরাধা দত্ত।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত ২২ নভেম্বর রোববার ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত ঘুরে গেছেন দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগের চার শীর্ষ নেতা-দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ-সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

হিন্দুস্তান টাইমস জানায়, উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে তারা প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। তবে সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। গণমাধ্যমটি জানায়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার আগে আওয়ামী লীগের এটা একটা মহড়া বৈঠক।

প্রতিবেদনে আরও বলা হয়, রোববার দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান আওয়ামী লীগের নেতারা। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর তারা কলকাতার উদ্দেশে রওয়ানা হন।

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার রুদ্ধদ্বার এই বৈঠকের বিষয়ে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন কীভাবে? এখানে কি দিল্লির ইন্ধন ছিল না? কোথাও একটা ভয়ংকর নীলনকশা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে বলেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। রয়টার্সকে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমানযাত্রার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।

ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে। সার্বিক দিক থেকে শেখ হাসিনা ইস্যুতে সরকারের শক্ত অবস্থান এবং অন্যদিকে ভারতে বসে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাম্প্রতিক কার্যক্রম ক্রমেই জটিল করে তুলেছে পরিস্থিতি। আর পুরো বিষয়টির জন্য দুই দেশের সম্পর্ক বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. এম জসিম উদ্দিন যুগান্তরকে বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সন্ধিক্ষণে রয়েছে এবং ঢাকার অবস্থান ক্রমেই কঠোর হচ্ছে। দিল্লির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ আগের মতো একতরফা সমঝোতার পথে হাঁটতে আগ্রহী নয়। 

বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী মামলার রায়ের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি একটি বিচারিক প্রক্রিয়া হিসাবে দেখা হচ্ছে। বাংলাদেশ সরকারের অবস্থান হলো, ভালো সম্পর্ক চাইলে ভারতকে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সম্মান জানাতে হবে। তবে ভারত তাকে ফেরত দেবে কি না, সে বিষয়ে সন্দেহ আছে।

তিনি বলেন, দুই দেশের এই টানাপোড়েন বা বিরোধ শুধু শেখ হাসিনা ইস্যুতে সীমাবদ্ধ নয়। এর পেছনে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আঞ্চলিক ভূরাজনীতি, সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং দক্ষিণ এশিয়ায় নতুন শক্তির ভারসাম্যের বিষয়গুলো কাজ করছে।

  • সর্বশেষ