শিরোনাম
◈ ইউরোপ যাওয়ার স্বপ্নে শ্রীলঙ্কায় গিয়ে বিপাকে বাংলাদেশি কর্মীরা ◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:৪৬ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করা সংসদ-সদস্যদের সাংবিধানিক দায়িত্ব : স্পীকার

মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ। এই সংসদের সংসদ-সদস্যগণ খুবই দক্ষ ও প্রশিক্ষিত। বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তি জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংসদে নির্বাচিত হয়ে আসছে। আইন প্রণয়নের পাশাপাশি সংসদ-সদস্যদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা আইনপ্রণেতাদের সাংবিধানিক দায়িত্ব।

তিনি আজ মঙ্গলবার  জাতীয় সংসদের শপথ কক্ষে ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন 'Strengthening Institutions, Policies and Services (SIPS)' শীর্ষক প্রকল্পের আওতায় 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ' শীর্ষক অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি'র  সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. মোঃ শফিকুর রহমান, এমপি এবং ইউএনডিপি'র সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ।

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি যেমন বেড়েছে, তেমনি প্রকল্পের বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বেড়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্র‍য় প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ-সদস্যদের দায়িত্ব। তিনি বলেন, এই অরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে লব্ধ জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

Advertisement

স্পীকার বলেন, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদ-সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের সাথে টেকসই উন্নয়ন লক্ষ্য এর সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন করার পাশাপাশি প্রকল্পের গুনগত মান বৃদ্ধি করে উন্নয়ন তৎপরতা অব্যাহত রাখতে হবে।

স্পীকার বলেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করেছে। ভোট জালিয়াতি, অর্থপাচার এবং বিচারবহির্ভূত হত্যাকান্ডের মাধ্যমে স্বৈরাচারী সরকার আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে  ব্যাহত করেছে। 

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি বলেন, ২০১৪ এর জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩জন অনির্বাচিতভাবে সংসদ-সদস্য হন। ১১ বছর পরে নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। ২০১৫ সালে এসডিজি লক্ষ্যমাত্রা গৃহীত হলেও ২০১৪ সালের অনির্বাচিত সংসদ-সদস্যরা এসডিজি বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে নাই। তিনি বলেন, বর্তমান নির্বাচিত সংসদের জনপ্রতিনিধিরা এটা বাস্তবায়ন করবে।

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলের নেতা ডা. মোঃ শফিকুর রহমান, এমপি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দেশ যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তা বাস্তবায়নে টেকসই উন্নয়ন পরিবেশ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সংসদ-সদস্যদের দৃষ্টিভঙ্গি, সক্ষমতা ও কর্মবাস্তবায়নে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ। 

এসময় স্পীকার সংসদের উন্নয়ন প্রকল্পে ইউনডিপি'র নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ-সদস্যবৃন্দ, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ