মনিরুল ইসলাম : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ও অবদান দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য একরামুল বারী টিপু। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনে খালেদা জিয়ার ভূমিকা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পাঠ্যপুস্তকে এসব বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি।
আজ সোমবার ১৬ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ দিয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিএনপির এই সংসদ সদস্য।
নোটিশে একরামুল বারী টিপু বলেন, ১৯৮২ সালে তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদের ক্ষমতা দখলের পর দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হয়। দীর্ঘ নয় বছর ধরে সেই আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া। পরবর্তী সময়েও যখন দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, তখন তা পুনরুদ্ধারে তাকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিতে হয়েছে।
তিনি বলেন, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে খালেদা জিয়া দেশে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করেন। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও নির্বাচনব্যবস্থা সমুন্নত রাখতে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।
বিএনপির এই সংসদ সদস্যের ভাষ্য, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া। রাজনৈতিক জীবনে তাকে ছয় বছর কারাবরণ, জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করতে হয়েছে। এমনকি কারারুদ্ধ অবস্থায় বিনা চিকিৎসায় থেকেও তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বলে নোটিশে উল্লেখ করেন তিনি।
নোটিশে একরামুল বারী টিপু আরও বলেন, বিগত স্বৈরশাসনের সময়ে দেশের ইতিহাস বারবার বিকৃত করা হয়েছে। ইতিহাসকে সঠিক ধারায় ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মকে দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানাতে খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ও অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
তার মতে, গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রবর্তনে খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে এসব অবদান তুলে ধরতে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে বিষয়গুলো অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া উচিত।
সংসদে দেওয়া এই নোটিশের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে বিষয়টি বিবেচনার আহ্বান জানান নওগাঁ-৪ আসনের এই সংসদ সদস্য।