মনিরুল ইসলাম : প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। একই সঙ্গে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং একশোটির বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। সংবাদপত্র ও টেলিভিশনের নাম-পরিচয় অনুকরণ করে অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ায়—এমন ১৯টি ওয়েবসাইটও শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার ১২ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরিন সুলতানার লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পিআইবির ফ্যাক্টচেক কার্যক্রম ‘বাংলাফ্যাক্ট’ ইতোমধ্যে এক হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। পাশাপাশি ভিডিও ও রিলও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশিত হয়েছে ৫৫২টি প্রতিবেদন ও কনটেন্ট। বর্তমানে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করছে বাংলাফ্যাক্ট।
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের জন্য শিগগিরই একটি ফ্যাক্টচেক ম্যানুয়াল প্রকাশ করা হবে।
প্রশিক্ষণ পেয়েছেন চার হাজারের বেশি সাংবাদিক
সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়াতে পিআইবির প্রশিক্ষণ কার্যক্রমের তথ্যও সংসদে তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশের ৬৪ জেলায় ৯৭টি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়। এসব প্রশিক্ষণে অংশ নেন চার হাজার ৯৫ জন সাংবাদিক। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ২২টি প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ পেয়েছেন ৭১৬ জন।
এ ছাড়া বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিন দিনব্যাপী ৪৪টি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন এক হাজার ৬৯১ জন সাংবাদিক।
এসব প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্টচেক, গুজব মোকাবিলা, বিদ্বেষমূলক প্রচার শনাক্তকরণ এবং সাংবাদিকতায় এআই ব্যবহারের কৌশল শেখানো হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এ ধরনের প্রশিক্ষণ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
গবেষণায় বৃত্তি, ডিজিটাইজ হচ্ছে জাতীয় দৈনিক
পিআইবির গবেষণা ও প্রকাশনা কার্যক্রমের অগ্রগতির বিষয়েও সংসদে তথ্য দেন তথ্য প্রতিমন্ত্রী।
তিনি জানান, দীর্ঘমেয়াদি গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি চারজন গবেষককে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিআইবি গ্রন্থাগারে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা সংরক্ষণ করা হচ্ছে।
এ ছাড়া ২০২৪ সালের ১ জুলাই থেকে ১০টি জাতীয় দৈনিক পত্রিকা ডিজিটাইজ করে সংরক্ষণের কার্যক্রম চলছে। সম্প্রতি ‘বাংলাদেশে শিকারি সাংবাদিকতা’ এবং ‘শিকারি সাংবাদিকতা: নিশানায় খালেদা জিয়া’ শিরোনামে দুটি গবেষণাগ্রন্থও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
হাওর নিয়ে বিশেষ অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনা
এদিকে হাওরাঞ্চলের উন্নয়ন, কৃষি সম্ভাবনা, পর্যটন ও পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো দেশ-বিদেশে তুলে ধরতে সরকারি গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।
কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি জানান, হাওরাঞ্চলের জীবনযাত্রা, স্থানীয় সমস্যা, কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশ নিয়ে সরকারি গণমাধ্যমে নিয়মিত সংবাদ ও প্রামাণ্যচিত্র প্রচার করা হচ্ছে।
কিশোরগঞ্জের নিকলী ও বাজিতপুরের মতো হাওরাঞ্চলের মানুষের জীবনযাত্রা তুলে ধরে বাংলাদেশ টেলিভিশনে ‘বাংলার প্রতিচ্ছবি (নিকলী)’ শিরোনামে প্রামাণ্য অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) নিয়মিত এসব এলাকার বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রচার করছে।
প্রতিমন্ত্রী বলেন, হাওর পর্যটন এবং পরিবেশ সংরক্ষণ নিয়েও নতুন অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে হাওরাঞ্চলের ভৌগোলিক দুর্গমতা, যোগাযোগ ও প্রযুক্তিগত অবকাঠামোর সীমাবদ্ধতা এবং মৌসুমি প্রতিকূলতার কারণে সংবাদ ও অনুষ্ঠান প্রচারে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। গুরুত্বপূর্ণ সংবাদকে অগ্রাধিকার দেওয়ার কারণেও কখনো কখনো হাওরভিত্তিক বিষয়গুলোর প্রচার সীমিত থাকে।