মনিরুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালনার লক্ষ্যে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত করা হয়েছে।
আজ সোমবার ৯ নভেম্বর অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁদের নাম ঘোষণা করেন।
সোমবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে চতুর্থ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার নিজেই সভাপতিত্ব করেন। পরে সংসদের কার্যক্রম পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা হয়।
মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন—নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা জ্যেষ্ঠতার ক্রমানুসারে সংসদের অধিবেশনে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন। ফলে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের কার্যক্রম পরিচালনায় এই পাঁচ সদস্য দায়িত্ব পালন করবেন।