শিরোনাম
◈ নতুন দায়িত্বে পেলেন বিএনপির ৪ ও জামায়াতের ১ সংসদ সদস্য ◈ রাজধানীর যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে সরকারের বড় উদ্যোগ ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লুটপাটের দায় জনগণের কাঁধে, সরকারের কাছে ২৭০৭ কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার ◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:৫৬ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৭ বছর অন্যায়-জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : স্পিকার

মনিরুল ইসলাম : দীর্ঘ ১৭ বছর অন্যায়, জুলুম, নিপীড়ন ও ডামি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-জনতা দেশে গণতন্ত্রের অগ্রযাত্রাকে নতুন করে সূচনা করেছে।

আজ সোমবার  ৯ নভেম্বর  ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের সূচনা বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সূচনা বক্তব্যে স্পিকার বলেন, জাতীয় সংসদ হচ্ছে জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। এ দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা হয়েছিল। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়েছে।

Advertisement

গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয় 

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, গণতন্ত্র ছাড়া একটি দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। জাতীয় সংসদের প্রতি জনগণের প্রত্যাশা ব্যাপক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ। সংসদ সদস্যদের এসব গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে দায়িত্ব পালন করতে হবে।

মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের ইতিহাস আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের এক গৌরবময় অধ্যায়। এই ইতিহাস আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত এই গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।

বক্তব্যের শেষ পর্যায়ে মহান আল্লাহর কাছে বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধি কামনা করেন স্পিকার। একই সঙ্গে সংসদ সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় শক্তি ও প্রজ্ঞা কামনা করেন তিনি।

  • সর্বশেষ