শিরোনাম
◈ ইরানকে চাপে ফেলতে গিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনই নতি স্বীকার করতে পারে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত ◈ মার্কিন অবরোধের চাপেও সচল ইরানের তেলবন্দর, খারগ দ্বীপে ফের তেল উত্তোলন ◈ কুমিল্লায় চাষ হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে দামি’ মরিচ, কেজি ২৮ লাখ টাকা! ◈ ৬০ কেজি লোহার দামে মিলতে পারে জীবনরক্ষাকারী মাস্ক, তবু ঝরছে জাহাজভাঙা শ্রমিকের প্রাণ ◈ বিশ্বকাপ শেষে চারটি বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুকে আ‌র্লিং হালান্ড ◈ চিকিৎসার জন্য বিদেশ নয়, দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা: প্রধানমন্ত্রী ◈ আগাছা মারতে প্যারাকোয়াট, মরছে মানুষ: ৭০ দেশে নিষিদ্ধ, বাংলাদেশে চলছে কীভাবে ◈ এটাই আসল টেস্ট ক্রিকেট, বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ◈ বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের মেয়ে মারওয়া খায়ের, লন্ডনের ট্রেনের কণ্ঠস্বর থেকে প্রশিক্ষক! ◈ কাতার, মরক্কো ও মিশরসহ আরবের ছয় দেশ ইনফান্তিনোর পাশে, ফিফা সভাপতির প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে 

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ১২:২৬ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চিকিৎসার জন্য বিদেশ নয়, দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা: প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম: চিকিৎসার জন্য যেন দেশের বাইরে যেতে না হয়, এমন একটি কল্যাণমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজধানীকেন্দ্রিক নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে।

আজ শনিবার ১৫ আগস্ট সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অর্থের অভাবে দেশের কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে যাতে বিদেশমুখী হতে না হয়, সেই সক্ষমতা দেশের স্বাস্থ্যব্যবস্থায় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি আরও বলেন, শুধু রাজধানী বা বড় শহর নয়, প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও মানসম্মত চিকিৎসাসেবার আওতায় আনা হবে। স্বাস্থ্য খাতের অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ বাড়ানো হবে।

প্রধানমন্ত্রী জানান, আগামী অক্টোবর মাসে দেশে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে। এসব হাসপাতাল চালুর মাধ্যমে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ আরও বাড়বে।

নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যা

এর আগে প্রধানমন্ত্রী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নবনির্মিত ১৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সকাল ১০টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনের উদ্বোধন ঘোষণা করেন।

নতুন ভবনটি চালু হওয়ায় হাসপাতালটির শয্যাসংখ্যা ৫০০টি বেড়ে মোট ১ হাজারে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ায় এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল আর নেই।

নবনির্মিত ভবনটিতে রয়েছে তিনতলা বেজমেন্ট। সেখানে পার্কিংয়ের পাশাপাশি সার্ভিস সেকশনের ব্যবস্থা রাখা হয়েছে। ভবনের ওপরের ১২ তলায় রয়েছে রোগীদের ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট।

এছাড়া নতুন ভবনে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং ১১২টি কেবিনের ব্যবস্থা রয়েছে। ফলে জটিল স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা, অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যার সক্ষমতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়বে।

ধাপে ধাপে বেড়েছে হাসপাতালের সক্ষমতা

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যাত্রা শুরু হয় ২০১২ সালে। তখন ১০ তলা ভবনে ৩০০ শয্যার হাসপাতাল চালু করা হয়েছিল। সময়ের সঙ্গে স্নায়ুরোগে আক্রান্ত রোগীর সংখ্যা এবং চিকিৎসার জন্য হাসপাতালে আসা মানুষের চাপ বাড়তে থাকায় পরবর্তীতে আরও ২০০ শয্যা বাড়ানো হয়।

এবার ১৫ তলা নতুন ভবনের মাধ্যমে আরও ৫০০ শয্যা যুক্ত হলো। এর ফলে মোট শয্যাসংখ্যা দাঁড়াল ১ হাজারে।হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্নায়ুরোগী, স্ট্রোক, নিউরোসার্জারি ও জটিল স্নায়ুজনিত সমস্যায় আক্রান্ত রোগীরা তুলনামূলকভাবে বেশি চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন অবকাঠামো চালুর মধ্য দিয়ে দেশের বিশেষায়িত নিউরোসায়েন্স চিকিৎসায় সক্ষমতা আরও এক ধাপ বাড়ল। সরকারের প্রত্যাশা, এর ফলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমানোর পাশাপাশি দেশের সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়