মনিরুল ইসলাম: দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
প্রস্তাবিত এই নীতিমালা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি পরিষ্কার করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।
জ্বালানি বিভাগ জানিয়েছে, নীতিমালাটির মূল উদ্দেশ্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা। পাশাপাশি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বাজার কাঠামো গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন সময়ে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের সক্ষমতাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করা হবে।
বিভাগটি আরও জানিয়েছে, প্রস্তাবিত নীতিমালাটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। জ্বালানি খাতের সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণের পর এটি চূড়ান্ত করা হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই নীতিমালাটি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নীতিমালাটি নিয়ে অনুমাননির্ভর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলেও জানিয়েছে জ্বালানি বিভাগ। এ ধরনের তথ্যকে ‘অনভিপ্রেত’ উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে তারা।
জ্বালানি বিভাগ স্পষ্ট করে বলেছে, প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। বরং দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বাজার ব্যবস্থাকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করাই এর প্রধান লক্ষ্য।
উপপ্রধান তথ্য অফিসার মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত শনিবারের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।