শিরোনাম
◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ ◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তপশিল ঘোষণা করেন। তপশিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাছাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের নামসংবলিত ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে সংসদ সচিবালয়।

তপশিল ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন? বিভিন্ন নাম আলোচনায় থাকলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরেই সবচেয়ে বেশি জোরালো আলোচনা চলছে।

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে দলের ভেতরে আলোচনা বাড়ছে। এর মধ্যে মির্জা ফখরুলকে ঘিরেই নেতাকর্মীদের প্রত্যাশা সবচেয়ে বেশি। যদিও রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি করার বিষয়ে দলীয় অভ্যন্তরে জোরালো মত রয়েছে, তবু শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

দলীয় ও রাজনৈতিক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য মনোনয়ন নিয়ে একাধিক নাম আলোচনা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান, বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং অবসরে যাওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে।

তবে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার একক দায়িত্ব প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে দলটি।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের দুঃসময়ে নেতৃত্ব দেওয়া, আন্দোলন-সংগ্রাম পরিচালনা, রাজনৈতিক সংলাপ এবং জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে দলের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদে প্রয়োজনীয় ভারসাম্য, প্রজ্ঞা ও গ্রহণযোগ্যতা তার রয়েছে। সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়