শিরোনাম
◈ নারী-শিশুর অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট ◈ সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা ◈ ভবিষ্যতের যুদ্ধ সফটওয়্যার ও এআইয়ের, প্রস্তুত হচ্ছে ইউরোপ ◈ আন্দোলনে অনেকেই পরীক্ষার্থী নন, সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ একজনকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু ◈ পানি নেমেছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন: দুর্ভোগে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্যাঞ্চল (ভিডিও) ◈ সবুজায়নে নতুন উদ্যোগ, পরিবেশ রক্ষায় দেশজুড়ে ১১ লাখ গাছ লাগাবে বাংলাদেশ সেনাবাহিনী ◈ টানা ১০ দিন বন্ধ থাকার পর খুলেছে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো, দেবতাখুমের বিষয়ে বিশেষ নির্দেশনা ◈ যুক্তরাষ্ট্রে অভিবাসন আরও কঠিন: নিম্ন আয়ের অভিবাসন ঠেকাতে গ্রিন কার্ডে ১ লাখ ডলারের বন্ডের পরিকল্পনা ট্রাম্পের ◈ চলছে হরতাল, ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের যানচলাচল বন্ধ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০২:৫৯ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলনে অনেকেই পরীক্ষার্থী নন, সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও প্রশ্নের মান নিয়ে ক্ষোভ জানিয়ে ঢাকা দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে অন্য কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি না প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘সরকারকে বিব্রত করতে চায় এ রকম কিছু মহল তো আছেই। বিভিন্ন ইস্যুতে তারা নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়—সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে, তাদের মধ্যে অনেকেই দেখা গেছে আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না।’

তিনি বলেন, ‘তারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হয় তাদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পদার্থবিজ্ঞানের দুটি প্রশ্ন ভুল হয়েছিল, সে জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত পরিচালনা করবে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে। তবে ওই দুটি প্রশ্নের নম্বর যুক্ত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। যারা পরীক্ষার্থী তারা সন্তুষ্ট। এর পরেও যদি কেউ তার পরের পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকে বা না করতে পারে, তাদের পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলার সময় সুযোগ দেওয়া হবে। এখানে তো সমস্যার সমাধান হয়ে গেল।’

‘একটা মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন, শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তৃতায় দুঃখ প্রকাশ করেছেন,’ যোগ করেন তিনি।

যারা সরকারকে বিব্রত করতে চাচ্ছে তাদের জন্য কী বার্তা জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘এগুলো আমরা খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। আমরা দুএকটি জেলায় ও ঢাকায় দুএকটি স্পটে দেখেছি, তাদের সংখ্যা বেশি না যারা এগুলো নিয়ে কথা-বার্তা বলছে। হয়তো মিডিয়াতে এসেছে, এ জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হয়েছে। এগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় দেখা গেছে, সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাসের ঘোষণা নেওয়া, এ সমস্ত একটা অপসংস্কৃতি তখন দেখা গেছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি। যার কারণে তারা এখনো সেই প্রবণতা বহাল রেখেছে। তাতে শিক্ষার মান ক্ষুণ্ন হোক এ রকম কোনো বিষয় অ্যালাও করব না। আমরা নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই এবং বাংলাদেশের শিক্ষার মান অনেক নিচে নেমে গিয়েছিল। সেটাকে আমরা পুনরুদ্ধার করে জাতীয়ভাবে আমরা একটা শিক্ষিত-শক্তিশালী জাতি গঠন করতে চাই। সবাই জানেন, কোনো দেশের শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংসপ্রাপ্ত হয়, সেই জাতির কোনো ভবিষ্যৎ নাই। যেটা আমরা আগে লক্ষ্য করেছি যে, ঢালাওভাবে গোল্ডেন জিপিএ ফাইভ, অটো পাস, পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেওয়া ইত্যাদির প্রচলন আওয়ামী ফ্যাসিবাদের সময় একটা অপসংস্কৃতি সৃষ্টি হয়ে গেছিল।’

সামাজিক মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করতে জন্য কেউ কেউ অপতথ্য ছড়াচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে, পলাতক শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য ঘোষণা দিচ্ছেন। আবার চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে এমন উদ্বেগ আছে কি না’ জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্ষা মৌসুমের কারণে সেপ্টেম্বর-অক্টোবরের দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রস্তুতি চলছে, এটার সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক আছে বলে আমি মনে করি না।’

তিনি আরও বলেন, ‘তাকে (শেখ হাসিনা) ফিরিয়ে আনার জন্য চুক্তি অনুসারে অন্তর্বর্তী সরকারের সময় পত্র দেওয়া হয়েছে। এরপর আমরাও ভারত সরকারকে তাগাদা দিচ্ছি। আমরা তো চাই তিনি বিচারের মুখোমুখি হোক। তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তাই আদালতে আত্মসমর্পণের সুযোগ আছে কি না সেটা আইনজ্ঞরাই বলবেন। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে, সেটা আইন-আদালত বুঝবে। আপিলের সুযোগ থাকলে আপিল হবে।’

দেশের বিভিন্ন এলাকায় আরবি লেখা সম্বলিত পতাকা কারা টানিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পেরেছে কি না প্রশ্ন করা হলে সালাহউদ্দিন বলেন, ‘হুজুগে কিছু মানুষ আমাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে হয়তো এগুলো করার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘কিছু সংগঠন আছে, আমরা ইংরেজিতে বলি যে, এরা হয়তো এক্সট্রিমিস্ট। কিন্তু আমরা মনে করি না, দেশে এ রকম কোনো সংগঠন আছে। আমরা মনে করি না জঙ্গিবাদী তৎপরতা আছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়