শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১২:০২ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে প্রশ্ন না করায় সাংবাদিকদের সমালোচনায় পররাষ্ট্র উপদেষ্টা(ভিডিও)

ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বাংলাদেশ সরকার আইনি পথে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, আদালতের নির্দেশেই আমরা তাকে ফেরত চেয়েছি। তারা (ভারত) দেখুক তাদের মতো করে, আমাদের এখন পর্যন্ত কিছু জানায়নি। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় ভারত সরকারের আমন্ত্রণে দিল্লি সফরে যাওয়া সাংবাদিকদের কড়া সমালোচনা করেন উপদেষ্টা। বলেন, আমাদের সাংবাদিকরা ভারত গিয়েছিলেন। তাদের নিয়ে আমার একটা অবজারভেশন আছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যখন সাংবাদিকদের বলেছিলেন- তারা অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ইত্যাদি নির্বাচন চান।

তখন আমাদের দেশের সাংবাদিকদের মুখে তারা একটা প্রশ্ন তুলে দিয়েছিলেন, কিন্তু কেউ সেই প্রশ্নটি করেননি। ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে দিল্লি সফরকারী যারা ছিলেন তাদের প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্র  উপদেষ্টা বলেন- আপনাদের মুখে প্রশ্ন তুলে দেয়া হয়েছিল যে- এই কথা গত ১৫ বছর বলেননি কেন? আগের নির্বাচন কি এই ফর্মুলায় সঠিক ছিল? আপনারা কেউ কিন্তু প্রশ্নটি তোলেননি! পররাষ্ট্র উপদেষ্টা বলেন- আমি এতে অবাক হয়েছি যে, আপনাদের মধ্যে অনেক সিনিয়র এবং পুরনো সাংবাদিক ছিলেন। তারাও কিন্তু প্রশ্নটি তুলেননি। যেহেতু উনি (ভারতের পররাষ্ট্র সচিব) সুযোগ দিয়েছেন, আপনারা যদি বিব্রত করতে নাও চান, যখন তিনি সুযোগ দিয়েছেন তখন প্রশ্নটি করেননি কেন? এ সময় রাষ্ট্রীয় দাওয়াতে ইসলামিক স্কলার (ভারতীয়) জাকির নায়েকের বাংলাদেশ সফর বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। অত্যাসন্ন সেই সফর বিষয়ক এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ইসলামিক বক্তা জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে- এমন কিছু আমার জানা নেই। আমি এখনই আপনাদের কাছে থেকে জানলাম। আমি এ রকম কিছু শুনিনি।’ ঢাকায় নতুন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী প্রসঙ্গে তিনি বলেন, ‘সমস্যার সৃষ্টি হয় বা বিতর্ক তৈরি হয় এমন কেউ এখানে আসবে না।’

প্রকৃত পর্যবেক্ষককে স্বাগত, বিতর্কিতদের না: এদিকে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, সরকার আসন্ন জাতীয় নির্বাচনে প্রকৃত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানাবে, তবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে পর্যবেক্ষণ মিশনের অপব্যবহারের বিষয়ে সতর্ক থাকবে। তিনি খোলাসা করেই বলেন, যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চান, আমরা তাদের অবশ্যই উৎসাহিত করব। কিন্তু আমরা চাই না কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পর্যবেক্ষণের নামে আমাদের সুনাম ক্ষুণ্ন করতে আসুক। উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং কমনওয়েলথসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে বাংলাদেশে প্রাক-নির্বাচনী মূল্যায়ন মিশন পাঠিয়েছে। আমরা মনে করি এটি একটি ইতিবাচক লক্ষণ।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আরও প্রতিনিধিদল বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আসবে। তিনি বলেন, আমরা চাই নির্বাচন পর্যবেক্ষণ হোক, যাতে নির্বাচন কতটা স্বচ্ছ, স্বাধীন ও সুষ্ঠু হয়, তা সবার সামনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তৌহিদ হোসেন জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনগুলো নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও আস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যদি তাদের কাজ নিরপেক্ষ এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়। তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পৃক্ততাকে গুরুত্ব দেয় এবং গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়ক গঠনমূলক সহযোগিতাকে স্বাগত জানায়।

চীনের সঙ্গে সম্পর্ক ভারসাম্যপূর্ণ, অন্য কারও উদ্বেগের কারণ নেই: চীনের প্রতি বাংলাদেশ ঝুঁকছে এমন দাবি নাকচ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, চীনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ভারসম্যপূর্ণ সম্পর্ক মেনে চলছে। এতে অন্য কারও উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আমরা ভারসাম্য মেনে চলি। সবখানেই আমাদের সঙ্গে সম্পর্ক আছে। এমন না যে, বাংলাদেশ কোথায় কী করে, তা কেউ গায়ে লাগায় না। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আকারের তুলনায় যথেষ্ট গুরুত্ব পায় বলে আমি মনে করি। নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দাতা দেশসহ উন্নয়ন সংস্থাগুলোর নির্বাচনের সময়সীমা নিয়ে সংশয় নেই। এছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কোনো চাপ নেই বলেও জানান উপদেষ্টা। সূত্র: মানবজমিন, একুশে টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়