দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে জামাল মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল মিয়া। সেখানে নিজ উদ্যোগে একটি ভ্যারাইটি সুপারশপ গড়ে তোলেন। দোকানে একজন কর্মচারী রেখে তিনি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বুধবার রাতে একদল সশস্ত্র ব্যক্তি তার দোকানে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই জামাল মিয়া নিহত হন। দোকানে থাকা অপর এক কর্মচারীও গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জামাল মিয়ার বাবা ছিডু মিয়া বেপারী জানান, আমার ছোট ছোট নাতিগুলো অল্প বয়সে এতিম হয়ে গেল। কী দুর্ভাগ্য আমাদের, ছেলের মরদেহটাও ছুঁয়ে দেখার সুযোগ পেলাম না। বাবা হিসেবে এর চেয়ে কষ্ট আর কী হতে পারে।
স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া জানান, জামাল মিয়া নিহত হওয়ার বিষয়টি তিনি মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জেনেছি। তাৎক্ষণিক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি। সেখানে আমার পরিচিত একজন কর্মকর্তা আছেন। নিহত জামাল মিয়ার বৈধ কাগজপত্র পৌঁছালে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আমাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন হলে সেটিও করা হবে।