শিরোনাম
◈ পরমাণু যুদ্ধের ভয় কি হারিয়ে ফেলছে বিশ্ব? ◈ দুবাই মেরিনা-পাম জুমেইরাহয় সম্পদ: দুদকের তালিকায় ৭৩ বাংলাদেশি ◈ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ দেশের সব হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ◈ বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু ◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়? ◈ ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩১ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করতে নতুন উদ্যোগ নিয়েছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। প্রবাসীদের তথ্য, পরামর্শ ও দিকনির্দেশনা দিতে চালু করা হয়েছে বিশেষ ‘কল সেন্টার’। ৮৪৪-৮৬১-১৯৭১ এবং ২১২-৫৯৯-৬৭৬৭ নম্বরে যোগাযোগ করে এ সেবা নিতে পারবেন প্রবাসীরা।

গত ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই সেবাটির কার্যক্রম শুরু করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং সেবা সহজীকরণের বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে কনস্যুলেট জানায়, নিউইয়র্কসহ এই কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে এই কল সেন্টারের মাধ্যমে কনস্যুলার সেবা-সংক্রান্ত যে কোনো তথ্য, পরামর্শ ও দিকনির্দেশনা খুব সহজেই ও দ্রুততার সঙ্গে পেয়ে যাবেন।

কল সেন্টারটি পরিচালনার জন্য একদল মেধাবী, উদ্যমী ও প্রযুক্তি-সচেতন তরুণকে যুক্ত করা হয়েছে। তারা প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর দিতে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবাপ্রত্যাশীদের কলের কার্যকর ও সময়োপযোগী সাড়া নিশ্চিত করতে সপ্তাহের সাত দিনই কল সেন্টারটি খোলা থাকবে। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত এই সেবা চালু থাকবে।

তাতে আরও বলা হয়, কোনো কারণে তাৎক্ষণিকভাবে ফোন সংযোগ না পেলে সেবাপ্রত্যাশীরা ভয়েস মেইল রেখে যেতে পারবেন।

পরবর্তীকালে সংশ্লিষ্ট এজেন্টরা বার্তা পর্যালোচনা করে প্রবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করবেন বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই কল সেন্টার চালুর ফলে নিউইয়র্ক কনস্যুলেট এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যকার যোগাযোগ আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা সংশ্লিষ্টদের।

 

  • সর্বশেষ