ইদানীং মাঝে মাঝেই মনে হয়, আমাদের কম্পিউটার সফটওয়্যারগুলো যেন ভঙ্গুর তাসের ঘরের ওপর দাঁড়িয়ে আছে।
ইন্টারনেটে বহুল ব্যবহৃত ডকুমেন্ট ও ছবি প্রক্রিয়াকরণ সফটওয়্যারে ভয়াবহ এক নিরাপত্তা ত্রুটি শনাক্ত করার পর সাইবার নিরাপত্তা গবেষক পাওলোস ইবেলোর অনুভূতিটা ছিল ঠিক এমনই। 'আপলোডটুশেল' নামের এই ত্রুটিটি ব্যবহার করে হ্যাকাররা সামান্য একটি ফাইল আপলোড করেই গুগল, জুমসহ হাজার হাজার প্রতিষ্ঠানের সার্ভারে ঢুকে পড়তে পারত।
'পিডব্লিউএন এআই' প্রতিষ্ঠানের উদ্যোক্তা ইবেলো এআইয়ের সাহায্যে ফাইল আপলোডের নেপথ্যের প্রক্রিয়াগুলো চুলচেরা বিশ্লেষণ করে এই ত্রুটি ধরেন। তিনি দেখান, ৩৮ বছর আগে তৈরি 'ঘোস্টস্ক্রিপ্ট' সফটওয়্যারে বিশেষ ফন্টযুক্ত ফাইল আপলোড করে ক্ষতিকর কোড প্রবেশ করানো সম্ভব। তার সতর্কবার্তার পর নির্মাতা প্রতিষ্ঠান আর্টিফেক্স ও সংশ্লিষ্ট কোম্পানিগুলো দ্রুত সফটওয়্যারটি হালনাগাদ করে নিরাপত্তা নিশ্চিত করে।
আগে অপ্রকাশিত এই ঘটনাটি দেখিয়ে দেয়, উন্নত এআই মাত্র কয়েক মাসে সাইবার নিরাপত্তার চিরাচরিত হিসাব-নিকাশ কীভাবে উল্টে দিয়েছে। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিশ্ব এখন এমন এক অনিশ্চিত ডিজিটাল যুগে প্রবেশ করেছে, যেখানে বড় ধরনের প্রযুক্তি-বিপর্যয় নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হতে পারে।
এর ধাক্কা এখন আমেরিকানদের প্রাত্যহিক জীবনেও স্পষ্ট—হঠাৎ ইমেইল বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে উড়োজাহাজের ফ্লাইট। সাম্প্রতিক সব বিভ্রাটের পেছনে এআই না থাকলেও সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব ব্যাংকিং ও জরুরি সেবা ভেঙে পড়ার আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের পক্ষে এখন আলাদা করা কঠিন যে কোনটি হ্যাকারদের হামলা—যাতে জীবনের সব সঞ্চয় খোয়া যাওয়ার ভয় থাকে—আর কোনটি কেবল পুরোনো সফটওয়্যারের সাধারণ কারিগরি ত্রুটি।
গত দুই সপ্তাহে একের পর এক প্রযুক্তিগত বিভ্রাটে ব্যাংকিং লেনদেনে ধীরগতি নেমে এসেছে, মাইক্রোসফটের পণ্য ও অ্যাপলের সেবা ব্যাহত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) একটি গুরুত্বপূর্ণ সিস্টেম অচল হয়ে পড়েছে। এমনকি সাময়িকভাবে দেশটির সব বাণিজ্যিক ফ্লাইট চলাচলও বন্ধ রাখতে হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, এসব ঘটনার পেছনে উদ্দেশ্যপ্রণোদিত সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং আকাশপথে বিমান চলাচল বন্ধ হওয়ার ঘটনা বাদ দিলে, বেশির ভাগ বিভ্রাটের পেছনে তারা একটি সাধারণ কারণের কথা উল্লেখ করেছেন। তাদের মতে, নতুন নিরাপত্তা ত্রুটি মোকাবিলায় কোম্পানি ও সরকারি সংস্থাগুলো তাদের ডিজিটাল সিস্টেমে যে সফটওয়্যার প্যাচ বা হালনাগাদ যুক্ত করছে, সেগুলোর কারিগরি গোলযোগ থেকেই এসব অচলাবস্থা তৈরি হচ্ছে।
মার্কিন কর্মকর্তাদের তথ্যানুযায়ী, এনএসএ-সহ সাম্প্রতিক কয়েকটি ঘটনায় সফটওয়্যারের যেসব ত্রুটি ধরা পড়েছে, তা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যেই শনাক্ত করা হয়েছিল। এখন ব্যক্তি ও প্রতিষ্ঠান—উভয় পক্ষই এআই মডেল ব্যবহার করে সহজেই সফটওয়্যারের গোপন ত্রুটি খুঁজে বের করছে। এমনকি হ্যাকিংয়ের পরীক্ষামূলক নমুনাও তৈরি করা যাচ্ছে মাত্র কয়েক দিন বা কয়েক ঘণ্টার মধ্যে। অথচ আগে এমন কাজ করতে দক্ষ বিশেষজ্ঞদের কয়েকটি দলকে মাসের পর মাস সময় ব্যয় করতে হতো।
অন্যদিকে, হ্যাকার বা অসাধু চক্রও এআই ব্যবহার করে সমান গতিতে হামলা চালাতে পারে—এমন আশঙ্কা থেকে সাইবার নিরাপত্তাকর্মীরা দ্রুত ত্রুটি সারানোর চাপ অনুভব করছেন। এই তাড়াহুড়োর কারণে অনেক সময় ত্রুটিপূর্ণ সফটওয়্যার আপডেট দেওয়া হচ্ছে, যা উল্টো বড় ধরনের প্রযুক্তি-বিপর্যয় ডেকে আনছে।
গত মাসের এই পরিস্থিতি এতটাই উদ্বেগজনক ছিল যে, সাইবার নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশকারী কিছু বিশ্লেষক ও সুযোগসন্ধানী বিপণনকারীরা ওই মাসটিকে 'ব্ল্যাক অক্টোবর' হিসেবে আখ্যা দিয়েছেন। এর মধ্য দিয়ে মূলত এই বার্তাই উঠে এসেছে যে, বিশ্বজুড়ে এআই-নির্ভর সফটওয়্যার ত্রুটির এক অন্তহীন সংকট চলছে, যা সামাল দিতে গিয়ে নিরাপত্তাকর্মীরা রীতিমতো হিমশিম খাচ্ছেন।
চলতি মাসে এই উদ্বেগ ও অনিশ্চয়তা আরও বেড়েছে। প্রযুক্তির অতি দ্রুত পরিবর্তনের কারণে আগে থেকেই দুশ্চিন্তায় থাকা সাধারণ মানুষ এতে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন। এটি সাময়িক কোনো গোলযোগ নয়, বরং দীর্ঘস্থায়ী সংকটেরই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে ভিন্ন ভিন্ন পূর্বাভাস থাকলেও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, আগামী এক বা দুই বছর বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ, উন্নত এআই মডেলগুলো সফটওয়্যারের এমন সব গোপন কোডিং ত্রুটি খুঁজে বের করছে, যা মানুষ আগে কখনো ধরতে পারেনি—যদিও অনেক সাইবার হামলা এখনো প্রচলিত সাধারণ উপায়েই ঘটছে। কারও কারও আশা, এই কঠিন রূপান্তরকাল পেরিয়ে গেলে ইন্টারনেট ব্যবস্থায় আবার স্থিতিশীলতা ফিরবে। কেননা দুর্বল কোডগুলো নতুন করে লিখে ঠিক করতে এআই-ই সাহায্য করবে। তবে অন্যদের দৃষ্টিভঙ্গি বেশ নেতিবাচক। তাদের মতে, আধুনিক জীবন ও বৈশ্বিক অর্থনীতি যে পরস্পর সংযুক্ত প্রযুক্তির ওপর দাঁড়িয়ে আছে, এআই তার জন্য এক অন্তহীন হুমকি হয়ে দাঁড়াবে।
ওয়াশিংটনে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব ন্যাশনাল সিকিউরিটি আয়োজিত এক সম্মেলনে এনএসএ ও ইউএস সাইবার কমান্ডের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল পল এম. নাকাসোনে বলেন, গত সপ্তাহের ঘটনাগুলোই এখন 'নতুন স্বাভাবিকতা' বা 'নিউ নরমাল'।
মি. নাকাসোনে বলেন, 'বিভিন্ন শিল্প খাত ও সংস্থা একই সঙ্গে দ্রুত নিজেদের আধুনিকায়ন ও সুরক্ষিত করার চেষ্টা চালাচ্ছে। এর পেছনের মূল চালিকাশক্তি হলো এআই—সুযোগ এবং চ্যালেঞ্জ, উভয় ক্ষেত্রেই।'
ওপেনএআইয়ের বোর্ড সদস্য নাকাসোনে এআইকে ইতিহাসের 'সবচেয়ে বড় পরিবর্তনকারী বা বিঘ্ন সৃষ্টিকারী প্রযুক্তি' হিসেবে বর্ণনা করেছেন, যা কেবল ডিজিটাল জগতেই নয়, পুরো সমাজেই গভীর প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, 'আমরা এমন এক যুগে প্রবেশ করেছি, যেখানে যেকোনো বিপর্যয় সামলে কীভাবে আরও ঘুরে দাঁড়ানো যায়, সে বিষয়ে আমাদের নতুনভাবে ভাবতে হবে।'
'চাকা খুলে না পড়া পর্যন্ত চালিয়ে যাওয়া'
সিলিকন ভ্যালির বহুল পরিচিত মূলমন্ত্র 'মুভ ফাস্ট অ্যান্ড ব্রেক থিংস'—এই স্লোগানটি জনপ্রিয় করার কৃতিত্ব দেওয়া হয় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে। তবে ইন্টারনেটের বাস্তবতা আরও নিবিড়ভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, এটি শুরু থেকেই ত্রুটিপূর্ণ ছিল এবং এত দ্রুতগতিতে এগিয়েছে যে তা আর কখনোই পুরোপুরি সারানো সম্ভব হয়নি।
প্রযুক্তি খাতের বিকাশ ঘটেছে তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে। কোম্পানিগুলো যত দ্রুত সম্ভব গ্রাহকদের হাতে নতুন পণ্য পৌঁছে দিতে মরিয়া ছিল। ফলে নিরাপত্তার বিষয়টি কাজের গতি কমিয়ে দিতে পারে ভেবে তা সবসময়ই গুরুত্বহীন থেকে গেছে। তাড়াহুড়ো করে লেখা কোডের এই ত্রুটিগুলো সময়ের সঙ্গে জমতে থাকে, প্রযুক্তির ভাষায় যাকে বলা হয় 'টেকনিক্যাল ডেট' বা কারিগরি ঋণ। দ্রুত পণ্য বাজারে আনার এই প্রবণতার কারণে অসংখ্য প্রযুক্তি পণ্যে গোপন নিরাপত্তা ত্রুটি রয়ে গেছে। অতীতে কেবল হাতেগোনা কয়েকজন নাছোড়বান্দা হ্যাকারই এসব ত্রুটি খুঁজে বের করে কাজে লাগাতে পারত।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেন্টিনেলওয়ানের নিরাপত্তা ও এআই গবেষণাবিষয়ক বিশিষ্ট ফেলো হুয়ান আন্দ্রেস গেরেরো-সাদে বলেন, 'বেশির ভাগ কোম্পানি যে পরিমাণ কারিগরি ত্রুটি জিইয়ে রেখে কাজ চালিয়ে যাচ্ছে, তা ক্ষমার অযোগ্য। প্রযুক্তির ক্ষেত্রে মানুষজন যেন চাকা খুলে না পড়া পর্যন্ত গাড়ি চালিয়ে যাওয়ার মতো আচরণ করছে। নতুন পণ্য বাজারে ছাড়ায় সবসময়ই অর্থ মেলে, কিন্তু রক্ষণাবেক্ষণে কোনো লাভ নেই।'
তবে এআই এই পরিস্থিতি পুরোপুরি পাল্টে দিয়েছে। জনপ্রিয় সফটওয়্যারগুলোর দুর্বলতা খুঁজে বের করা এখন অনেক সহজ হয়ে গেছে। নিরাপত্তা ত্রুটি শনাক্ত করতে সক্ষম নতুন সাইবার-কেন্দ্রিক এআই মডেলগুলো বাগ হান্টার বা ত্রুটি অনুসন্ধানকারীদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি করেছে। সিস্টেমে অনুপ্রবেশের নতুন উপায় বের করতে তারা এখন রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। কোম্পানিগুলোও পিছিয়ে নেই; হ্যাকারদের আগেই নিজেদের ত্রুটি খুঁজে বের করতে তারা এআই দিয়ে নিজস্ব অবকাঠামোয় পরীক্ষা চালাচ্ছে।
মি. গেরেরো-সাদে বলেন, 'আপনি মূলত এই ভঙ্গুর কোডবেসগুলোকে ধরে প্রচণ্ড ঝাঁকুনি দিচ্ছেন।'
এমনকি হ্যাকিং ও সাইবার প্রতিরক্ষায় বিশেষজ্ঞ মার্কিন সংস্থা এনএসএ-ও এর বাইরে নয়। কর্মকর্তারা জানিয়েছেন, এআই ব্যবহারকারী গবেষকদের খুঁজে পাওয়া পিএইচপি প্রোগ্রামিং ভাষার ত্রুটি সারাতে গিয়ে ত্রুটিপূর্ণ আপডেট ইনস্টল করায় চলতি সপ্তাহে সংস্থাটির একটি গোপন নেটওয়ার্ক কয়েক দিন ধরে অচল হয়ে ছিল।
এদিকে চলতি সপ্তাহে ওয়াশিংটনের ডেমোক্র্যাট সিনেটর মারিয়া ক্যান্টওয়েল এবং সাউথ ডাকোটার রিপাবলিকান সিনেটর মাইক রাউন্ডস হোয়াইট হাউসকে একটি চিঠি দিয়ে সতর্ক করেছেন। তারা জানিয়েছেন, এআই-সক্ষম সাইবার হুমকি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে ছাপিয়ে যাচ্ছে।
জাতীয় গোয়েন্দা পরিচালক ও হোয়াইট হাউসের সুপার ইন্টেলিজেন্স টাস্কফোর্সের প্রধান জে ক্লেটনকে লেখা ওই চিঠিতে সিনেটররা বলেন, 'সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করা এবং তা কাজে লাগানোর সক্ষমতা এআই দ্রুত বাড়িয়ে দিচ্ছে, অথচ আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেই গতির সঙ্গে তাল মেলাতে পারছে না। পুরোনো আমলের সাইবার নিরাপত্তা অবকাঠামো দিয়ে আমরা এই হুমকি মোকাবিলা করতে পারব না, কিংবা পুরো ডিজিটাল অর্থনীতিজুড়ে ছড়িয়ে পড়া এই সমস্যার সমাধানে কেবল একক কোম্পানিগুলোর ওপরও ভরসা করতে পারি না।'
নিরাপত্তা ত্রুটি শনাক্তের হিড়িক
সাম্প্রতিক তথ্য বলছে, এআই কীভাবে সাইবার নিরাপত্তার পুরো চিত্র নাটকীয়ভাবে বদলে দিচ্ছে। গত মাসে মাইক্রোসফট তাদের বিভিন্ন পণ্যের জন্য ১ হাজার ৪০০টিরও বেশি নিরাপত্তা প্যাচ বা সমাধান প্রকাশ করেছে, যা প্রতিষ্ঠানটির অতীতের স্বাভাবিক হারের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। এর ঠিক এক মাস আগে, অর্থাৎ সেপ্টেম্বরে প্রায় ১ হাজার ত্রুটি সারানোর যে রেকর্ড হয়েছিল, এই সংখ্যা সেটিকেও ছাড়িয়ে গেছে।
বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, সফটওয়্যার ত্রুটির এই আকস্মিক চাপ সামাল দেওয়ার মতো পর্যাপ্ত দক্ষ জনবল এখন নেই। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এ বছর ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে। এর আংশিক কারণ হলো কর্মীদের জায়গায় এআই ব্যবহারের চেষ্টা। ফলে তাদের পুরোনো কোডগুলো কীভাবে লেখা হয়েছিল, সে সংক্রান্ত প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বা ধারণা হারিয়ে গেছে।
চলতি সপ্তাহে লিংকডইন প্রকাশিত এবং নিউইয়র্ক টাইমস পর্যালোচিত নতুন নিয়োগ তথ্যে দেখা গেছে, সাইবার হামলার ঘটনা বাড়লেও এবং অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ত্রুটি ধরা পড়লেও যুক্তরাষ্ট্রে সাইবার নিরাপত্তা খাতে কর্মী নিয়োগ সামগ্রিক নিয়োগের তুলনায় পিছিয়ে রয়েছে।
লিংকডইনের প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা লি কিসনার বলেন, বর্তমান সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কোম্পানিগুলোর এখন আগের যেকোনো সময়ের চেয়ে দক্ষ মানুষের প্রয়োজন বেশি।
ড. কিসনার বলেন, 'বর্তমানে নিরাপত্তা নিশ্চিত করার সেরা উপায় কী, তা কেউ জানে না। কারণ, সবকিছু খুব দ্রুত বদলে যাচ্ছে। তাই এমন মানুষদের এখন ভীষণ প্রয়োজন, যাঁরা বিষয়গুলো কীভাবে কাজ করে তা বোঝেন, যাঁদের জানার আগ্রহ আছে এবং যাঁরা সমস্যা সমাধান করতে জানেন।'
তবে এআইয়ের মাধ্যমে বিপুল পরিমাণ ত্রুটি সামনে এলেও কিছু বিষয় এখনো বদলায়নি। সাম্প্রতিক বড় সাইবার হামলাগুলো প্রমাণ করেছে, হ্যাকারদের লক্ষ্য পূরণের জন্য এআইয়ের প্রয়োজন হয় না, কিংবা তারা খুব সামান্যই এটি ব্যবহার করে।
গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন পৌর পানি সরবরাহ ব্যবস্থায় ইরানের হামলার ঘটনায় মূলত অত্যন্ত সাধারণ কৌশল ব্যবহার করা হয়েছিল। সেখানে নিয়ন্ত্রণকারী কম্পিউটারগুলোর দুর্বল বা ডিফল্ট পাসওয়ার্ডের সুযোগ নেওয়া হয়েছিল। এ ছাড়া একটি অপরাধী চক্র এফবিআইয়ের সংবেদনশীল কর্মী নথি হ্যাক করার ক্ষেত্রে ওরাকল সফটওয়্যারের এমন একটি পুরোনো ত্রুটি কাজে লাগিয়েছিল, যার সমাধান কয়েক মাস আগেই প্রকাশ করা হয়েছিল। ইউরোপের হিমাগার বা রেফ্রিজারেশন সিস্টেমে সাম্প্রতিক হামলাগুলোও ছিল তুলনামূলক সাধারণ মানের।
নিরাপত্তা বিষয়ক সাংবাদিক ব্রায়ান ক্রেবস লক্ষ্য করেছেন, গত মাসে মাইক্রোসফট যে ১ হাজার ৪০০টি ত্রুটি শনাক্ত করেছে, তার মধ্যে মাত্র একটি ত্রুটি হ্যাকাররা আগে থেকে হামলার কাজে ব্যবহার করছিল। এই ব্যবধান এটাই স্পষ্ট করে যে, এআই নিয়ে এত ভীতি থাকলেও বেশির ভাগ সাইবার হামলার মূলে রয়েছে মানুষের উদাসীনতা। অর্থাৎ, দীর্ঘদিনের মৌলিক সমস্যাগুলোর সমাধান না করা কিংবা জানা ত্রুটিগুলো সময়মতো সারিয়ে না নেওয়াই এর প্রধান কারণ।
মাইক্রোসফটের কাস্টমার সিকিউরিটি অ্যান্ড ট্রাস্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল ইয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানান, গত এক বছরে হ্যাকাররা যে শীর্ষ পাঁচটি ত্রুটি সবচেয়ে বেশি ব্যবহার করেছে, সেগুলোর সমাধান তিন থেকে ছয় বছর আগেই প্রকাশ করা হয়েছিল।
মি. ইয়ে বলেন, 'এগুলোর কোনোটিই এআই-চালিত হামলা নয়। মানুষই পুরোনো ও বিদ্যমান দুর্বলতাগুলোর সুযোগ নিচ্ছে, যা কয়েক দশকের পুরোনোও হতে পারে।' মি. ইয়ের মতে, এআইয়ের চেয়েও বড় হুমকি হলো দীর্ঘদিনের পুরোনো সমস্যাগুলো সমাধান করতে না পারা। তিনি বলেন, 'তাই আমি মনে করি, এ বিষয়ে সবার চোখ-কান খোলা রাখা উচিত।'
'আগুনে জ্বলতে থাকা প্রযুক্তি'
কিছু নিরাপত্তা বিশেষজ্ঞ মনে করেন, এআই আরও শক্তিশালী ও নিরাপদ অনলাইন ব্যবস্থার এক নতুন যুগের সূচনা করছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, ভবিষ্যতে এআই সব পুরোনো কারিগরি ত্রুটি দূর করবে এবং ডিজিটাল ব্যবস্থাগুলো আরও অনেক বেশি সুরক্ষিত হয়ে উঠবে। তবে অন্যদের ধারণা, ত্রুটি খুঁজে বের করা এবং তা সারানোর এই চক্র অন্তহীনভাবে চলতেই থাকবে। কারণ, এআই ব্যবস্থা যত উন্নত হবে, এটি ততই জটিল সব দুর্বলতা খুঁজে বের করবে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) সাবেক শীর্ষ সাইবার নিরাপত্তা কর্মকর্তা রব জয়েস বলেছেন, এআই 'হ্যাকিংয়ের একদম নতুন কোনো কৌশল উদ্ভাবন করছে না', বরং এটি পুরোনো সমস্যাগুলো দ্রুত সমাধানের ওপর চাপ সৃষ্টি করছে—পাশাপাশি সামনে এগিয়ে যাওয়ার একটি পথও দেখাচ্ছে।
শুক্রবার ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে নিরাপত্তা বিশেষজ্ঞদের বার্ষিক সম্মেলন 'সাইবারওয়ারকন'-এ বক্তব্য রাখার সময় রব জয়েস বর্তমান পরিস্থিতিকে বনের দাবানলের সঙ্গে তুলনা করেন।
সম্মেলনের মূল বক্তব্যে তিনি বলেন, 'যেসব প্রযুক্তিতে এখন আগুন লেগেছে এবং যেগুলো ধ্বংস হয়ে যাবে, তার ঠিক উল্টো দিকে বনের মাটিতে থাকা ছোট ছোট চারাগাছগুলো আবার বেড়ে উঠবে। সেগুলো আরও শক্তিশালী এবং আরও সক্ষম হবে। তবে সবকিছু আগুনে পুড়ে যাওয়ার এই কঠিন সময়টা আমাদের পার করে আসতে হবে।'
অন্যদিকে, পিডব্লিউএন এআই-এর গবেষক পাওলোস ইবেলো সামনে কোনো মসৃণ পথ আছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তার মতে, নতুন ও আরও শক্তিশালী এআই মডেলগুলো ক্রমাগত নতুন নতুন ত্রুটি খুঁজে বের করতে সক্ষম হবে—এমনকি আগের প্রজন্মের এআই দিয়ে লেখা কোডের ভেতরেও তারা ত্রুটি বের করে ফেলতে পারে।
ইবেলো বলেন, 'সফটওয়্যারের ত্রুটি কেন শেষ হবে, তা আমি বুঝতে পারছি না। এটি সম্ভবত সবসময়ই একটি ইঁদুর-বিড়াল খেলা হয়েই থাকবে।'
সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড