শিরোনাম
◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ◈ ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী? ◈ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক, আবেদন করা যাবে ঘরে বসেই ◈ চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি কার্যালয় চালু, বাড়বে চীনা বিনিয়োগ

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয়

ভারতে দারিদ্র্য কমেছে উল্লেখযোগ্য হারে। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশটিতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠে এসেছে। এ সময়ে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৬ শতাংশে। তবে পরিসংখ্যানের এই সাফল্যের বিপরীতে বাস্তব চিত্র ভিন্ন। দারিদ্র্যসীমা অতিক্রম করেও দেশটির লাখো মানুষ এখনো খাবার, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন।

রাজস্থানের রাজসমন্দ জেলার ২৫ বছর বয়সী হেমা প্রজাপতির জীবন এ বাস্তবতারই প্রতিচ্ছবি। মাসের শেষ দিকে তার পরিবারের খাবারের মজুত ফুরিয়ে আসে। সংসারের ঋণ বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে নয় বছর বয়সী ছেলে দিব্যাংশের খাবার নিশ্চিত করতে নিজেরা অনেক সময় কম খেয়ে থাকেন।

অথচ সরকারি হিসাব অনুযায়ী, হেমার পরিবার আর দরিদ্র নয়।

স্বামী ও সন্তানসহ তিন সদস্যের পরিবার নিয়ে হেমার মাসিক ব্যয় প্রায় ১১ হাজার রুপি। বিশ্বব্যাংকের নির্ধারিত দারিদ্র্যসীমা অনুযায়ী, এ ধরনের একটি পরিবারের মাসিক ব্যয় ৭ হাজার ৩৮০ রুপির কাছাকাছি। ফলে হিসাবের খাতায় তাদের পরিবার দারিদ্র্যসীমার ওপরে অবস্থান করছে।

Advertisement

ভারত সরকার এক দশকের বেশি সময় ধরে ভোগব্যয়ের ভিত্তিতে দারিদ্র্যের নিয়মিত সরকারি হিসাব প্রকাশ করেনি। এ কারণে দেশটির দারিদ্র্য পরিস্থিতি মূল্যায়নে বিশ্বব্যাংকের পরিসংখ্যান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন ভোগব্যয় জরিপ ও নিজস্ব দারিদ্র্যসীমার ভিত্তিতে সংস্থাটি সর্বশেষ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে প্রায় ৫০ কোটি মানুষের দারিদ্র্য দূর হয়েছে। চরম দারিদ্র্যের হারও উল্লেখযোগ্যভাবে কমেছে। এত বিপুলসংখ্যক মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার ঘটনা বিশ্বে বিরল। এ ক্ষেত্রে চীনেরও বড় সাফল্য রয়েছে। গত চার দশকে দেশটি ৮০ কোটির বেশি মানুষকে চরম দারিদ্র্য থেকে বের করে এনেছে।

ভারতের দারিদ্র্য হ্রাসের এই অর্জনকে অনেক অর্থনীতিবিদ ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তাদের মতে, দারিদ্র্যের হার কমলেও সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে, বিশ্বব্যাংকের হিসাবের পদ্ধতি এবং সরকারের নিজস্ব দারিদ্র্য পরিস্থিতির তথ্য প্রকাশ না করার বিষয়টি নিয়েও বিতর্ক রয়েছে।

হেমার মতে, দারিদ্র্য পরিমাপের জন্য নির্ধারিত সীমা বাস্তব জীবনের ব্যয়ের তুলনায় অনেক কম। এই অর্থ দিয়ে সম্মানজনক জীবনযাপন করা সম্ভব নয়। একটি বাগানে পরিচর্যার কাজ করার সময় তিনি বলেন, প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাধারণ মানুষের জীবনযাত্রা সরাসরি দেখেছেন কি না, তা নিয়েও তার সন্দেহ রয়েছে।

১৪০ কোটির বেশি জনসংখ্যার ভারত বর্তমানে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি। করোনা মহামারি এবং ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের মতো বৈশ্বিক সংকটের মধ্যেও দেশটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি।

কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সবার কাছে সমানভাবে পৌঁছায়নি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটির মোট সম্পদের প্রায় ৪০ শতাংশের মালিক শীর্ষ ১ শতাংশ ধনী মানুষ।

হেমার বিয়ে হয়েছিল মাত্র ১১ বছর বয়সে। তার স্বামী হরি প্রজাপতি পারিবারিকভাবে মৃৎশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। মাটির তৈরি হাঁড়ি-পাতিল বিক্রি করে সংসার চালানো কঠিন হয়ে পড়ায় তিনি একসময় রাস্তায় ফুচকার দোকান দেন। কিন্তু করোনার সময় সেই ব্যবসাও বন্ধ হয়ে যায়।

সংসারের আয় বাড়াতে এরপর কাজে নামেন হেমা। গত এক বছর ধরে প্রতিবেশীদের বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বাসন ধোয়ার কাজ করে মাসে প্রায় ৫ হাজার রুপি আয় করছেন তিনি। তবে এই আয় দিয়েও পরিবারের প্রয়োজন মেটানো কঠিন।

হেমা জানান, তাদের কোনো কৃষিজমি নেই। খাবারসহ প্রতিটি প্রয়োজনীয় জিনিস বাজার থেকে কিনতে হয়। কাজ শুরু করার পর সংসারে কিছুটা স্বস্তি এলেও খরচ বেড়েছে আরও দ্রুত। পাশাপাশি ঋণের বোঝাও বাড়ছে।

বিশ্বব্যাংক দারিদ্র্য কমার পেছনে নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণ বৃদ্ধিকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে। তবে নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ এবং পর্যাপ্ত মজুরির চাকরির সুযোগ এখনো সীমিত।

নিত্যপণ্যের দাম বৃদ্ধিও নিম্ন আয়ের পরিবারগুলোর ওপর চাপ বাড়িয়েছে। ভারতের সরকারি ভোক্তা মূল্যসূচক অনুযায়ী, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সামগ্রিক ভোক্তামূল্য অন্তত ৫১ শতাংশ বেড়েছে। কিন্তু সে অনুপাতে মজুরি বাড়েনি।

ভারতের জাতীয় খাদ্যনিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতি মাসে প্রায় ৮০ কোটি মানুষ বিনা মূল্যে বা ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পান। বিশ্বব্যাংকের মতে, চরম দারিদ্র্য কমাতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ছাড়া সরকারি বিদ্যালয় ও হাসপাতালের মতো সেবাও দরিদ্র পরিবারগুলোকে সহায়তা দিচ্ছে।

তবে এসব সুবিধা থাকলেও চিকিৎসার ক্ষেত্রে অনেক পরিবারকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। হেমার ছেলে দিব্যাংশের সর্দি-জ্বর বেড়ে গেলে দুই মাস আগে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তিনি। সরকারি হাসপাতালের অতিরিক্ত রোগীর চাপ, দীর্ঘ অপেক্ষা ও চিকিৎসক সংকটের কারণে সেখানে চিকিৎসা নিতে আগ্রহী ছিলেন না।

ছেলের চিকিৎসায় তার প্রায় ৬ হাজার রুপি খরচ হয়। অথচ এই অর্থ হেমার এক মাসের আয়ের চেয়েও বেশি। তিনি জানান, প্রতিবার অসুস্থ হলে ছেলেকে বেসরকারি হাসপাতালে নেওয়ার সামর্থ্য তাদের নেই।

বিশ্বব্যাংকের দারিদ্র্যসীমার ওপরে উঠলেও ভারতের বহু পরিবার এখনো আর্থিকভাবে নিরাপদ নয়। অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা পরিবারের বিশেষ কোনো প্রয়োজনের কারণে তাদের আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নয়াদিল্লির উন্নয়ন অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রার মতে, ভারতে দারিদ্র্য পরিমাপের সীমা অনেক নিচু। ফলে সামান্য কোনো আর্থিক বিপর্যয়ও একটি পরিবারকে আবার দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।

তিনি বলেন, মহামারি, খরা, বন্যা কিংবা পরিবারের কারও বিয়ের মতো ঘটনা একটি পরিবারের আর্থিক অবস্থাকে মুহূর্তেই বদলে দিতে পারে।

এর বাস্তব উদাহরণ হেমার প্রতিবেশী ৩১ বছর বয়সী সুশীলা সালভি। রাজস্থানের কানকরোলি শহরে ছোট একটি বিউটি পারলার পরিচালনা করেন তিনি। আট বছর ধরে মেকআপের কাজ শিখে নিজের ব্যবসা গড়ে তুলেছিলেন। মেয়ের উচ্চশিক্ষার জন্য কিছু অর্থও জমিয়েছিলেন।

কিন্তু গত বছরের ডিসেম্বরে ১৪ বছর পর দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বলে জানতে পারেন সুশীলা। এরপর গর্ভকালীন ও সন্তান জন্মদানের চিকিৎসায় তার প্রায় ৬৫ হাজার রুপি ব্যয় হয়। সরকারি হাসপাতালের ওপর ভরসা করতে না পারায় বেসরকারি চিকিৎসা নিতে হয়েছিল তাকে।

চিকিৎসার খরচ মেটাতে গিয়ে মেয়ের পড়াশোনার জন্য জমানো অর্থও শেষ হয়ে যায়। এমনকি মেয়ের মাসিক ৬০০ রুপির অতিরিক্ত পড়াশোনার ব্যবস্থাও বন্ধ করতে হয়েছে।

অর্থনীতিবিদ মেহরোত্রার মতে, বিশ্বব্যাংকের দারিদ্র্য পরিমাপের ক্ষেত্রে গ্রাম ও শহরের জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য যথাযথভাবে বিবেচনায় নেওয়াও জরুরি। কারণ দুই অঞ্চলের মানুষের প্রয়োজন ও ব্যয়ের ধরন এক নয়।

নয়াদিল্লির উপকণ্ঠে বসবাসকারী ৩৭ বছর বয়সী সীমা কুমারের পরিবারও এমন আর্থিক চাপের মধ্যে রয়েছে। তিন সদস্যের সংসার চালাতে তার মাসে প্রায় ২০ হাজার রুপি প্রয়োজন হয়। উৎসব কিংবা ছেলের জন্মদিনের মতো বিশেষ সময়ে খরচ বেড়ে গেলে ঋণ করতে হয় তাকে।

গত সপ্তাহে দীপাবলি উৎসবের সময় আতশবাজির ধোঁয়ায় নয়াদিল্লির বায়ুদূষণ ভয়াবহ রূপ নেয়। পরদিন বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় শহর। সীমা ও তার পরিবারের সদস্যরা বাইরে কাজ শেষে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। ছেলের গলাব্যথা শুরু হয়, পরিবারের অন্যদের সর্দি দেখা দেয়। তীব্র মাথাব্যথায় ভুগতে হয় সীমাকেও।

আলজাজিরাকে সীমা বলেন, ছেলের জন্য একটি মাস্ক কেনার সামর্থ্যও তার হয়নি। অথচ সরকারি হিসাব বলছে, তিনি আর দরিদ্র নন।

রাজস্থানের রাজসমন্দে হেমার প্রতিদিনের জীবন এখনো সংগ্রামের মধ্যেই কাটছে। পাড়ার একটি বাগানে কাজ করার সময় তিনি স্বামী হরিকে ফোন করে ছেলের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কথা মনে করিয়ে দেন।

কিন্তু হরি জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মোটরসাইকেলে তেল ভরার মতো অর্থও তার হাতে নেই। তখন হেমা নিজেই মোটরসাইকেলে জ্বালানি ভরে হাসপাতালে যাওয়ার কথা বলেন।

পরিবারের ভবিষ্যৎ নিয়ে হেমার সবচেয়ে বড় স্বপ্ন ছেলেকে ঘিরে। তিনি চান, ছেলে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হোক এবং তাদের মতো অভাবের মধ্যে বড় হতে না হয়।

হেমার কথায়, তিনি যদি এক দিনও কাজ করতে না পারেন, তাহলে পরিবারের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। এমনকি আবারও চরম দারিদ্র্যের দিনগুলোতে ফিরে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভারতে দারিদ্র্য কমার সরকারি ও আন্তর্জাতিক পরিসংখ্যানের পাশাপাশি হেমা, সুশীলা ও সীমাদের জীবন দেখিয়ে দেয়, শুধু দারিদ্র্যসীমা অতিক্রম করলেই আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় না। আয়, খাদ্য, চিকিৎসা ও জীবনযাত্রার ব্যয় সামলানোর সক্ষমতা না বাড়লে দারিদ্র্য থেকে বেরিয়ে আসার এই অর্জন অনেক পরিবারের জন্যই অনিশ্চিত থেকে যাবে।

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ