শিরোনাম
◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের ◈ মহাকাশে ইতিহাস, শূন্যের কাছাকাছি তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড চীনের ◈ হাসিনার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, নতুন যে বার্তা ভারতের ◈ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তির ফি নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই এমপিও বাতিল ◈ শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির ◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব ◈ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ১০ বছরের মধ্যে ক্যানসার নির্মূল করবে এআই!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চিকিৎসাবিজ্ঞানে এক অলৌকিক যুগের সূচনা করবে এবং আগামী এক দশকের মধ্যেই ক্যানসার, আলঝেইমার্স, হৃদরোগ ও মানসিক রোগের মতো জটিল ব্যাধিগুলো অতীত ইতিহাসে পরিণত হবে বলে দাবি করেছেন জনপ্রিয় এআই মডেল ‘ক্লড’-এর নির্মাতাপ্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী ডারিও আমোদেই। তিনি মনে করেন, সঠিক পদক্ষেপ নিলে এই প্রযুক্তির মাধ্যমে জীববিজ্ঞান গবেষণা ও ওষুধ আবিষ্কারের গতি বহুগুণ বাড়িয়ে হাজার বছর ধরে অমীমাংসিত জটিল স্বাস্থ্যসমস্যার সমাধান করা সম্ভব।

কেবল ডারিও আমোদেই একাই নন, টেক মুঘল ইলন মাস্ক এবং গুগলের এআই প্রধান ডেমিস হাসাবিসও এআই-এর এই অপার সম্ভাবনার কথা বলছেন। ডেমিস হাসাবিস জানান, এআই-এর সহায়তায় ওষুধ আবিষ্কারে যেখানে বছর পেরিয়ে যেত, সেখানে কয়েক সপ্তাহের মধ্যেই তা সম্পন্ন করা সম্ভব হবে, যা মূলত দীর্ঘমেয়াদি সকল রোগের ইতি টানতে ভূমিকা রাখবে। ইতোমধ্যে গুগলের ‘আলফাফোল্ড’ মডেল কোটি কোটি প্রোটিনের গঠন উন্মোচন করে জৈববিজ্ঞানের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। অন্যদিকে ইলন মাস্কের আশা, এআই-এর কল্যাণে বিশ্বের সাধারণ মানুষও মার্কিন প্রেসিডেন্টের সমমানের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে।

তবে এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের এই সুদূরপ্রসারী ও আকাশচুম্বী দাবির সঙ্গে একদমই একমত হতে পারছেন না মূলধারার গবেষক, চিকিৎসা বিশেষজ্ঞ এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নীতি নির্ধারকেরা। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ভার্টেক্স ফারমাসিউটিক্যালস’-এর নির্বাহী চেয়ারম্যান জেফ লাইডেন প্রযুক্তিবিদদের এই সময়সীমা ও দাবিকে বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন। তিনি জানান, প্রায় ১০ হাজার কেমিক্যাল কম্পাউন্ড বিশ্লেষণ করতে তারা ৫০টি এআই প্রতিষ্ঠানের সেবা নিলেও শেষ পর্যন্ত এআই স্বয়ংক্রিয়ভাবে কোনো কার্যকরী ওষুধ তৈরি করে দিতে পারেনি।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, কম্পিউটারের পর্দায় সম্ভাব্য ওষুধের অণু বা মলিকিউল দ্রুত খুঁজে পেলেই কোনো রোগের নিরাময় পাওয়া যায় না। এরপর ল্যাবরেটরিতে পরীক্ষা, প্রাণী ও মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল চালানো এবং দীর্ঘ আইনি ও প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়—যা মূলত ১০ থেকে ১২ বছরের একটি লম্বা সময় দাবি করে। চিকিৎসা বিশেষজ্ঞ এরিক টোপোল এবং প্রযুক্তি গবেষক গ্যারি মার্কাসের মতে, মানবদেহের জটিল জৈবিক ক্রিয়াকলাপ বোঝার মতো গভীর বুদ্ধিমত্তা বর্তমান এআই মডেলগুলোর এখনো তৈরি হয়নি এবং ২০২৬ সাল পর্যন্ত এআই দিয়ে উদ্ভাবিত কোনো নতুন ওষুধ আনুষ্ঠানিকভাবে বাজারে আসেনি। ফলে অবাস্তব সময়সীমা নির্ধারণ করে জনগণের মধ্যে অনর্থক আশার সঞ্চার না করার বিষয়ে সতর্ক করেছেন তারা।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ