শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৩:৫৯ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আশঙ্কা করেছিলেন, দিল্লিতে পৌঁছানোর পর তাঁকে আটক করা হতে পারে। তাই দলের শীর্ষ নেতারা গ্রেপ্তার হলে আন্দোলনের নেতৃত্ব কে দেবেন, সেই পরিকল্পনাও আগেই করে রেখেছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাই থেকে আসা একটি বিমান থেকে নামার পর অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রানাকে আটক করে দিল্লি পুলিশ।

তবে আটকের আগেই সিজেপির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পূর্ব রেকর্ড করা ভিডিও প্রকাশ করা হয়। ওই ভিডিওতে অভিজিৎ দীপক জানান, দলের শীর্ষ নেতৃত্ব অনুপস্থিত থাকলে আন্দোলন ও বিক্ষোভের নেতৃত্ব দেবেন সংগঠনবিষয়ক দায়িত্বে থাকা অজিঙ্কা শিন্ডে।

ভিডিওবার্তায় দীপক বলেন, ‘আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তার মানে হলো—আমি, সৌরভ দাস ও আশুতোষ রানা গ্রেপ্তার হয়েছি। আমাদের অনুপস্থিতিতে অজিঙ্কা এই প্রতিবাদ ও সিজেপি আন্দোলনে নেতৃত্ব দেবে। দয়া করে সবাই তাকে অনুসরণ করবেন।’

Advertisement

কে এই অজিঙ্কা শিন্ডে?

মহারাষ্ট্রের উপকূলীয় শহর আলিবাগের বাসিন্দা অজিঙ্কা শিন্ডে দীর্ঘদিন ধরে অভিজিৎ দীপকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন। এর আগে তিনি আম আদমি পার্টির (আপ) মহারাষ্ট্র ইউনিটের সামাজিক যোগাযোগমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালে গোয়ায় অভিজিৎ দীপকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে করপোরেট চাকরি ছেড়ে পুরোপুরি আম আদমি পার্টির জন্য কাজ করার সিদ্ধান্ত নেন তিনি। দলটিতে যোগ দেওয়ার পর গোয়া বিধানসভা নির্বাচনে এক বছর কাজ করেন। ওই নির্বাচনে দলটি কোনো আসন না পেলেও তিনি দলের সঙ্গে যুক্ত থাকেন এবং পরবর্তী সময়ে মহারাষ্ট্র ইউনিটের হয়ে কাজ শুরু করেন। এ সময় তিনি মহারাষ্ট্রের বিভিন্ন জেলা সফর করেন বলে জানা গেছে।

সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘যন্তর মন্তর ২.০’ শীর্ষক বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

তবে নির্ধারিত সময়ে অনুমতি না নেওয়ার কারণ দেখিয়ে দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি দেয়নি। শনিবার সকালে সিজেপির তিন নেতাকে বিমানবন্দরে আটক করার পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় পুলিশ।

এ ছাড়া ৮ অক্টোবর বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভে অংশ নেওয়া এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচক হিসেবে পরিচিত ইউটিউবার ধ্রুব রাঠিকেও শনিবার সকালে গুরুগ্রামের বাসা থেকে আটক করে দিল্লি পুলিশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করা বিক্ষোভকারীদেরও সেখান থেকে সরিয়ে দিল্লির ছাত্রশাল স্টেডিয়ামে নিয়ে আটকে রাখা হয় বলে জানা গেছে।

সিজেপি নেতাদের আটকের প্রতিবাদে যোগেন্দ্র যাদবের মিছিল

সিজেপি নেতাদের আটকের প্রতিবাদে শনিবার দিল্লিতে মিছিল করেন সমাজকর্মী যোগেন্দ্র যাদব, আইনজীবী প্রশান্ত ভূষণ ও শিক্ষার্থী নেতা নেহা বোরা। জোরবাগ থেকে দিল্লি হাট-আইএনএ অভিমুখে মিছিলটি বের হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মিছিলে যোগেন্দ্র যাদবের সঙ্গে হাঁটেন তাঁর সাবেক সহকর্মী ও আইনজীবী প্রশান্ত ভূষণ এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরা।

তবে দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, মিছিলের পরপরই আইসার সভাপতি নেহা বোরাকে আটক করে দিল্লি পুলিশ।
সিজেপির শীর্ষ নেতারা পুলিশের হেফাজতে থাকায় নির্ধারিত বিক্ষোভস্থলে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে দলের প্রতিষ্ঠাতার আগাম ঘোষণা অনুযায়ী অজিঙ্কা শিন্ডে আন্দোলনের নেতৃত্বে থাকবেন কি না, তা নিয়ে পরবর্তী পরিস্থিতির দিকে নজর রয়েছে।

  • সর্বশেষ