অবশেষে সব ধরনের জল্পনার অবসান ঘটিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি সপ্তাহের শেষ দিকে ভারত সফরে যাচ্ছেন। নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকসসম্মেলনে যোগ দিতে তার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে চীন সরকার। এর মধ্য দিয়ে শি জিনপিংয়ের ভারত সফর নিয়ে কয়েক দিনের কূটনৈতিক অনিশ্চয়তার অবসান হলো।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চপর্যায়ের এই সফরটি হবে সাত বছর পর শি জিনপিংয়ের প্রথম ভারত সফর। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছিল, তার পর থেকেই ভারত-চীন সম্পর্কের টানাপড়েন চলছিল।
এর আগে সর্বশেষ ২০১৯ সালে ভারত সফর করেছিলেন শি জিনপিং। সে সময় চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং ১২ থেকে ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নেবেন।