স্বপ্ন পূরণের আশায় দূরদূরান্ত থেকে মুম্বাইয়ের উদ্দেশে অসংখ্য মানুষ পাড়ি জমিয়ে থাকেন। গ্ল্যামার ও সাফল্যের স্বাদ নেয়ার জন্য দিনের পর দিন সেখানে লড়াই করতে হয় টিকে থাকার জন্য। এতে কেউ সফল হন, আবার কেউ হাল ছেড়ে ফিরে যান পুরোনো ঠিকানায়। তবে বিনোদন জগতের এই চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকে নানা অন্ধকার দিক।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাওয়ার আশায় অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয় অভিনেত্রীদের। আর বর্তমানে সেই ‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুলছেন অনেকেই। এবার নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী দেবিনা ব্যানার্জি।
এ অভিনেত্রী একবার এক পরিচালকের আচরণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরিস্থিতি এমন হয়েছিল যে, শেষ পর্যন্ত ভয়ে কাঁপতে কাঁপতে নিজের অস্বস্তির কথা পরিচালক জানিয়েছিলেনও। ক্যারিয়ারের শুরুর দিকে দক্ষিণী সিনেমায় কাজের সময় কু-প্রস্তাব পেয়ে হতবাক হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
দেবিনা জানান―একদিন সন্ধ্যায় ওই পরিচালক তাকে নিয়ে এক জায়গায় যাওয়ার কথা বলেন। তখন তিনি ইন্ডাস্ট্রিতে এতটাই নতুন ছিলেন যে, নির্মাতার এমন প্রস্তাবে সরাসরি না বলবেন কি না, বুঝে উঠতে পারেননি। যদিও তার কাছে মনে হয়েছিল, পরিস্থিতি সুবিধার নয়। এ কারণে তার মধ্যে অস্বস্তি কাজ করছিল। ইচ্ছা না থাকার পরও অনেকটা বাধ্য হয়ে পরিচালকের সঙ্গে গাড়িতে করে বের হয়েছিলেন।
তারপরই ঘটে সেই অস্বস্তিকর ঘটনা। পরিচালক গাড়ি চালাতে চালাতে হঠাৎ করেই এক অন্ধকার জায়গায় গাড়ি বন্ধ করেন। তারপর দেবিনাকে চুম্বন করার নির্দেশ দেন। আর পরিচালকের এমন আচরণে ভয় পান তিনি। তার কাছে মনে হয়েছিল, অচেনা এক অন্ধকার জায়গায় অসহায় তিনি। যদি তাকে আঘাত করেন, তাহলে কী হবে, এ আশঙ্কাও হয়েছিল মনে।
তার ভাষ্যমতে, শেষ পর্যন্ত পরিচালককে কাঁপা গলায় তিনি বলেছিলেন, এই পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তিনি। তবে জীবনে গুরমীত চৌধুরীর আগমনের পর বুঝতে পেরেছিলেন, কাকে নিরাপদ আশ্রয় বলে। স্বামী গুরমীতের মধ্যে সেই নিরাপত্তা খুঁজে পেয়েছেন বলেও জানিয়েছেন এ তারকা।
প্রসঙ্গত, দক্ষিণী সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু হয় দেবিনার। পরে হিন্দি টেলিভিশনে অভিষেক করেন। ২০০৮ সালে ‘রামায়ণ’ ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নেন। ধারাবাহিকটিতে রামের চরিত্রে অভিনয় করেছিলেন গুরমীত। সেই গুরমীত এখন তার স্বামী। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।