মনিরুল ইসলাম : ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে সিনেমাপাড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কিনজা হাশমী। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইতিমধ্যে তাঁর সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা পরিচালক এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি এড়িয়ে চলেছেন। তারা সারপ্রাইজ দিতে চাচ্ছেন বলে জানা যায়।
শাকিব খান, পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের নতুন এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালের ঈদুল আজহায়। গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল ছিল—শাকিবের নতুন নায়িকা কে হচ্ছেন?
শুরুতে পাকিস্তানের কয়েকজন আলোচিত অভিনেত্রীর নাম উঠে আসে। সম্ভাব্য নায়িকার তালিকায় ছিলেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম। তবে শেষ পর্যন্ত তাঁদের কাউকে নয়, কিনজা হাশমীকেই নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে।
আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা
নায়িকা নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হলেও এ বিষয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাইছে না প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। জানা গেছে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাকিবের নতুন নায়িকাকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ কারণেই ‘মহব্বত’-এর প্রথম পোস্টারেও রাখা হয়েছে রহস্য। পোস্টারে শাকিব খানের সঙ্গে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর হাত দেখা গেলেও তাঁর মুখ প্রকাশ করা হয়নি। ফলে পোস্টার প্রকাশের পর থেকেই নায়িকাকে নিয়ে চলছে নানা আলোচনা ও জল্পনা।
পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমী। ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয়ের মধ্য দিয়ে ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিতি অর্জন করেন।
‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে বিশেষভাবে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাঁকে।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন কিনজা। তাঁর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও রয়েছে তাঁর পরিচিতি। এবার ‘মহব্বত’-এর মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে যুক্ত হলে এটি হবে তাঁর ক্যারিয়ারের নতুন আন্তর্জাতিক অধ্যায়।
শাকিবের বিপরীতে বিদেশি নায়িকা নতুন নয়
শাকিব খানের বিপরীতে বিদেশি অভিনেত্রীর অভিনয় অবশ্য নতুন কোনো ঘটনা নয়। দীর্ঘ ২৭ বছরের চলচ্চিত্রজীবনে দেশ-বিদেশের ৭০ জনের বেশি অভিনেত্রী তাঁর বিপরীতে অভিনয় করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন কলকাতার শ্রাবন্তী, পাওলি দাম, শুভশ্রী, স্বস্তিকা, সায়ন্তিকা, ইধিকা পাল, মিমি চক্রবর্তী, দর্শনা বণিক ও জ্যোতির্ময়ী কুণ্ডু। এ ছাড়া বলিউড অভিনেত্রী সৌনাল চৌহানসহ বিভিন্ন দেশের অভিনয়শিল্পীর সঙ্গেও জুটি বেঁধেছেন তিনি।
পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে শাকিবের আগের দুটি সিনেমাতেও ছিলেন বিদেশি নায়িকা। ‘প্রিয়তমা’ সিনেমায় কলকাতার অভিনেত্রী ইধিকা পাল শাকিবের বিপরীতে অভিনয় করেন। সিনেমাটি মুক্তির পর বাংলাদেশি দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান ইধিকা। পরে কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ ও দেবের বিপরীতেও অভিনয়ের সুযোগ পান তিনি।
অন্যদিকে একই নির্মাতা-প্রযোজক জুটির দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’-এ শাকিবের নায়িকা ছিলেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। এবার ‘মহব্বত’-এ পাকিস্তানের কিনজা হাশমীকে যুক্ত করার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিনেত্রীদের নিয়ে কাজ করার সেই ধারাবাহিকতা বজায় রাখতে যাচ্ছেন নির্মাতারা।
জানুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা
শাকিব খানের দীর্ঘ চলচ্চিত্রযাত্রায় নতুন এক দেশের অভিনেত্রীর সংযোজন হতে যাচ্ছে ‘মহব্বত’-এর মাধ্যমে। তাঁর ২৫৫টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি জুটি গড়েছেন অপু বিশ্বাসের সঙ্গে। এই জুটি একসঙ্গে অভিনয় করেছেন ৭২টি সিনেমায়।
ভার্সেটাইল মিডিয়া সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’-এর শুটিং শুরু হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে শুটিং ও অন্যান্য কাজ শেষ করে ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতারা।