স্পোর্টস ডেস্ক : ম্যাচের শুরুতে পাঁচ মিনিট ভিয়ারেয়ালের আধিপত্য। এরপরই গোলের বন্যা বইয়ে দিল পিএসজি। মাত্র ১৬ মিনিট ২ সেকেন্ডে চার গোল করে চ্যাম্পিয়ন্স লিগের নতুন রেকর্ড গড়ল ফরাসি ক্লাবটি। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ভিয়ারেয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
নবম মিনিটে কর্নার থেকে জুয়াও নেভেসের গোলে শুরু। তিন মিনিট পর দেজিরে দুয়ের গোল। পরের মিনিটেই ব্যবধান বাড়ান সেনি মায়ুলু। ১৭তম মিনিটে ফাবিয়ান রুইসের গোলে স্কোরলাইন ৪-০। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ম্যাচের শুরু থেকে সবচেয়ে কম সময়ে চার গোল করার কীর্তি এটি।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৫-০ করেন রুইস। ম্যাচের ৭৮তম মিনিটে ১৭ বছর বয়সী ডেভিড বুলি করেন ষষ্ঠ গোল। ভিয়ারেয়ালও পাল্টা আক্রমণে কয়েকটি সুযোগ তৈরি করেছিল। তবে পিএসজির রক্ষণ ভাঙতে পারেনি তারা।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে গোলের পর গোল করে চলেছে পিএসজি। প্রথম চার ম্যাচের প্রতিটিতেই অন্তত চারটি করে গোল করেছে তারা। স্লোভান ব্রাতিস্লাভাকে ৬-১ গোলে হারিয়ে আসর শুরু করার পর ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনাকে হারিয়েছে ৪-২ ব্যবধানে। চার ম্যাচে ২০ গোল করে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। সমান ৯ পয়েন্ট পাওয়া পাঁচ দলের মধ্যে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় বার্সেলোনা।
ছয় গোলের জয়ের রাতে আরেকটি রেকর্ডেও ভাগ বসিয়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৪ ম্যাচ অপরাজিত তারা। ফরাসি ক্লাব হিসেবে ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা সর্বোচ্চ ১৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি এত দিন ছিল লিওঁর। ২০০৪ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের মার্চ পর্যন্ত এই কীর্তি গড়েছিল তারা।