স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি প্রথম শ্রেণি ও ওয়ানডে ঘরোয়া ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন। তবে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলা চালিয়ে যাবেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিও নবায়ন করেছেন তিনি।
গত বছরের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়া ম্যাক্সওয়েল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। গত ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকল অস্ট্রেলিয়ার জার্সিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। ওই ম্যাচে দুটি উইকেট নিলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি।
দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে ম্যাক্সওয়েল জানান, নিজের ঘরের মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা ছিল তার। তবে দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন ক্রিকেটারদের সুযোগ দেয়ার বিষয়টি বুঝতে পেরেছেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ম্যাক্সওয়েল। ২০২১ সালে দেশের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩০ ম্যাচে ২ হাজার ৮৯৭ রান করেছেন এই অলরাউন্ডার। ১৫৪.৪২ স্ট্রাইক রেটের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৫১ উইকেট। এই সংস্করণে তার পাঁচটি সেঞ্চুরি, যা ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথ বিশ্ব রেকর্ড।
অস্ট্রেলিয়ার হয়ে সাতটি টেস্টও খেলেছেন ম্যাক্সওয়েল। ২০১৭ সালে সর্বশেষ টেস্ট খেলা এই ক্রিকেটারের সংগ্রহ ৩৩৯ রান।