শিরোনাম
◈ ভোক্তার স্বার্থ উপেক্ষা করে ব্যবসায়ীদের চাপের কাছে নতি স্বীকার এনার্জি রেগুলেটরি কমিশনের ◈ ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছাড়ালেই বরফে স্থায়ী বিপর্যয়ের আশঙ্কা, বিজ্ঞানীদের সতর্কবার্তা! ◈ মাদ্রাসায় শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নিষিদ্ধ করল বেফাক, অমান্যে স্বীকৃতি বাতিল হতে পারে ◈ গোলরক্ষকের হাঁটুর আঘাতে জ্ঞান হারালেন স্ট্রাইকার, পরিত্যক্ত ম্যাচ ◈ উৎসবের আনন্দ রূপ নিল আতঙ্কে: যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত ২৪ আহত ৯৪ ◈ বিশ্বকা‌পে বাংলাদেশের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন ◈ জামিনে কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান ◈ ফের মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ: বন্ধ মেট্রোরেল স্টেশন ◈ ব্রিটিশ নাগরিকত্বের সুবাদে আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন পা‌কিস্তা‌নের মোহাম্মদ আমির  ◈ রাজধানীর মাতুয়াইলে পার্কিং করা শ্রাবণ পরিবহণের বাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬, ১১:০২ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৬, ১১:০২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ আয়োজনে ৮৫ কোটি টাকার ঘাটতি, চা‌পে অল ইন্ডিয়া ফুটবল ফেডা‌রেশন

স্পোর্টস ডেস্ক: ব্রাজিল, উরুগুয়ে ও পানামার মতো দেশের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করতে গিয়ে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। তিন ম্যাচ আয়োজনের ব্যয় মেটাতে গিয়ে প্রায় ৮০-৮৫ কোটি টাকার ঘাটতি তৈরি হয়েছে বলে জানা গেছে। এই ঘাটতি সামাল দিতে ফেডারেশনের স্থায়ী আমানত (এফডি) ভাঙার প্রস্তাব দিয়েছিলেন সভাপতি কল্যাণ চৌবে। তবে তাঁর প্রস্তাবে আপত্তি জানিয়েছেন ফেডারেশনের একাধিক সদস্য।

রোববার অনুষ্ঠিত এআইএফএফের বিশেষ সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সদস্যদের একাংশের বক্তব্য, জরুরি পরিস্থিতি ছাড়া ফেডারেশনের স্থায়ী আমানতের অর্থ ব্যবহার করা উচিত নয়। সহসভাপতি এনএ হ্যারিসও এ বিষয়ে আপত্তি জানান। তিনি স্মরণ করিয়ে দেন, ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি আগেই এফডি না ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল। --- আজকাল

বৈঠকে কল্যাণ চৌবে জানান, তিনটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কারণে তৈরি হওয়া আর্থিক ঘাটতি মেটাতে এফডি থেকে অর্থ তুলতে চান তিনি। তবে পরে আশ্বাস দেন, বাইরের উৎস থেকে অর্থ সংগ্রহ করে সেই টাকা আবার স্থায়ী আমানতে জমা দেওয়া হবে। যদিও ঘাটতির সুনির্দিষ্ট পরিমাণ সদস্যদের জানানো হয়নি। ম্যাচ আয়োজনের আর্থিক চুক্তিতে গোপনীয়তার শর্ত থাকায় বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

এফডি ভাঙার প্রস্তাবে আপত্তি তোলেন ফেডারেশনের সাবেক সভাপতি প্রফুল্ল প্যাটেলও। তাঁর প্রশ্ন, আগের বিশেষ সাধারণ সভায় কল্যাণ চৌবে আশ্বাস দিয়েছিলেন, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অর্থ বাইরের উৎস থেকেই সংগ্রহ করা হবে। তাহলে এখন কেন ফেডারেশনের স্থায়ী আমানত ভাঙার প্রয়োজন হচ্ছে? একই সঙ্গে ম্যাচ আয়োজনের জন্য ফেডারেশনের মোট আর্থিক দায় কত এবং কবে নাগাদ পাওনাদারদের অর্থ পরিশোধ করতে হবে, তারও ব্যাখ্যা চান তিনি।

Advertisement

পরিস্থিতি সামাল দিতে হ্যারিসের প্রস্তাবে কয়েকজন সদস্যকে নিয়ে আলাদা বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। কার্যনির্বাহী কমিটিতে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার আগে সদস্যদের সঙ্গে বসবেন তিনি। তবে আর্থিক সংকটের প্রভাব শুধু আন্তর্জাতিক ম্যাচ আয়োজনেই সীমাবদ্ধ থাকছে না। ঘরোয়া প্রতিযোগিতা, ফুটবলের উন্নয়নমূলক কর্মসূচি এবং সন্তোষ ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজনের ব্যয় কীভাবে মেটানো হবে, সেই প্রশ্নও উঠেছে।

এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মন্তব্য করতে রাজি হননি কল্যাণ চৌবে। বিষয়টিকে অভ্যন্তরীণ বৈঠক উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলছি না। এটি অভ্যন্তরীণ বৈঠক ছিল। বাইরের লোকদের বলার মতো কী আছে?

সব মিলিয়ে ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্ষে ম্যাচ আয়োজনের আর্থিক দায় নিয়ে চাপে পড়েছে এআইএফএফ। প্রশ্ন উঠেছে, ম্যাচ আয়োজনের জন্য ফেডারেশনকে কোনো আর্থিক বোঝা বহন করতে হবে না বলে আগে যে আশ্বাস দিয়েছিলেন কল্যাণ, সেই প্রতিশ্রুতির সঙ্গে বর্তমান পরিস্থিতির এতটা অমিল কেন?