স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের হয়ে তিন সংস্করণেই খেলেছেন। তবে নাগরিকত্ব বদলে এখন তিনি ব্রিটিশ। সেই পরিচয় কাজে লাগিয়েই আইপিএলে খেলার আবেদন করতে যাচ্ছেন মোহাম্মদ আমির। নিয়মের বাধা না থাকায় তাঁর সামনে খুলে গেছে আইপিএলের দরজা।
২০০৮ সালের মুম্বাই হামলার পর থেকে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে খেলার সুযোগ দেয় না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে পাকিস্তানে জন্ম নেওয়া আমিরের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় আইপিএলে খেলার জন্য আবেদন করতে আর আইনি বাধা নেই তাঁর।
ব্রিটিশ আইনজীবী নার্জিস খানকে বিয়ে করার পর থেকে ইংল্যান্ডে বসবাস করছেন আমির। সম্প্রতি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া, বসবাসের প্রমাণ এবং ইংরেজি ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মে মাসে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন তিনি। ছেড়ে দিয়েছেন পাকিস্তানের নাগরিকত্বও।
ব্রিটিশ নাগরিক হওয়ার সুবাদে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে স্থানীয় খেলোয়াড় হিসেবে বিবেচিত হন আমির। টি-টোয়েন্টি ব্লাস্ট ও দ্য হান্ড্রেডেও খেলেছেন স্থানীয় ক্রিকেটার হিসেবে। আগামী ৩ নভেম্বর শুরু হতে যাওয়া আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটেও ব্রিটিশ ক্রিকেটার হিসেবে নাম নিবন্ধন করেছেন তিনি। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার থেকে তাঁকে বিদেশি ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হবে।
আইপিএলে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে খেলার নজির অবশ্য আগেও আছে। সর্বশেষ উদাহরণ আজহার মাহমুদ। পাকিস্তানে জন্ম নেওয়া এই অলরাউন্ডার ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর ২০১২ সালে কিংস ইলেভেন পাঞ্জাব এবং ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছেন। ব্রিটিশ নাগরিক এব্বা কুরেশিকে বিয়ে করার পর তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব পান। আমিরের ক্ষেত্রেও তাই আইনি বাধা নেই। এখন দেখার বিষয়, আইপিএলের কোন দল তাঁকে দলে নিতে আগ্রহ দেখায় কি না।