স্পোর্টস ডেস্ক: ম্যাচের শেষ মুহূর্তে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ। হাঁটুর আঘাতে মাথায় গুরুতর চোট পেয়ে মাঠেই জ্ঞান হারালেন তেনেরিফের স্ট্রাইকার হেসুস মিয়েল। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে। শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ।
স্পেনের দ্বিতীয় বিভাগের (সেগুন্দা ডিভিশন) ম্যাচে সোমবার ঘটে এই দুর্ঘটনা। যোগ করা সময়ের সপ্তম মিনিটে তখন ২-২ সমতা। লম্বা একটি বল ক্লিয়ার করতে গোল ছেড়ে মাঝমাঠের দিকে এগিয়ে আসেন আন্দোরার গোলরক্ষক জেসুস ওনো। এ সময় লাফিয়ে বলের কাছে যেতে গিয়ে তাঁর হাঁটু সরাসরি আঘাত করে মিয়েলের মাথায়।
আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তেনেরিফের এই স্ট্রাইকার। একপর্যায়ে জ্ঞানও হারান তিনি। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে দ্রুত মাঠে ছুটে আসেন চিকিৎসকেরা। দুই দলের খেলোয়াড়েরাও উদ্বেগ নিয়ে অপেক্ষা করতে থাকেন। মিয়েলের কয়েকজন সতীর্থকে এ সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
ঘটনার পর আন্দোরার গোলরক্ষক ওনোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। মাঠ ছাড়ার সময় দুর্ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে তিনিও ফিরে যান মিয়েলের কাছে।
পরে অ্যাম্বুলেন্সে করে মিয়েলকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। স্বস্তির খবর, স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে তাঁর জ্ঞান ফিরেছে।
মাঠের এই ভয়াবহ দুর্ঘটনার পর ম্যাচ আর চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। ২-২ সমতায় থাকা অবস্থাতেই পরিত্যক্ত ঘোষণা করা হয় খেলা।