অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা কি জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপার মেয়ে? অনেকের মনেই রয়েছে এমন প্রশ্ন। দুজনের চেহারায় কিছুটা মিল থাকায় অনেকে তিশাকে কনকচাঁপার মেয়ে বলে মনে করেন।
এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সংগীতশিল্পী কনকচাঁপা। জানিয়েছেন, তিশা তার মেয়ে নন। তবে মেয়ের মতোই ভালোবাসেন এই অভিনেত্রীকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিশার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে বিষয়টি স্পষ্ট করেন কনকচাঁপা। ছবিতে দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সংগীতশিল্পী জানান, ছবিটি বেশ কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তোলা।
তিশার সঙ্গে সম্পর্কের বিষয়ে কনকচাঁপা লেখেন, ‘তিশা খুবই ভালো একজন অভিনয়শিল্পী এবং আমি তার ভক্ত। আবার তিশাও আমাকে অনেক পছন্দ করে এবং মায়ের মতোই শ্রদ্ধা করে।’
ছবিটি তোলার মুহূর্তের স্মৃতিচারণ করে তিনি জানান, তিশার সঙ্গে ছবি তোলার কথা মনে মনে ভাবছিলেন। ঠিক সেই মুহূর্তেই তিশা তাকে বলেন, ‘মা, আসো আমরা ছবি তুলি।’ তিশা আরও বলেছিলেন, সারা পৃথিবীর মানুষ তাকে তিশার মা হিসেবে জানে। তাহলে তাকে মা ছাড়া আর কী ডাকবেন?
তবে তিশার সঙ্গে তার রক্তের সম্পর্ক নেই, সেটিও স্পষ্ট করে দিয়েছেন কনকচাঁপা। তিনি লেখেন, ‘সত্যি কথা হলো তিশা আমার কন্যা নয়। আমার চেহারার সঙ্গে তিশার কোথাও কোনো মিল হয়তো আছে, এজন্যই আপনারা এভাবে ভাবতে ভালোবাসেন।’
নিজের একমাত্র মেয়ের পরিচয়ও তুলে ধরেছেন এই সংগীতশিল্পী। তার মেয়ের নাম ফারিয়া ইসলাম খান। তিশা তার কন্যা না হলেও তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন বলে জানিয়েছেন কনকচাঁপা।
স্ট্যাটাসের শেষ দিকে কনকচাঁপা আশা প্রকাশ করেন, এবার হয়তো তিশাকে তার মেয়ে বলে মনে করার ধারণা বদলাবে সবার। পাশাপাশি সবাইকে ভালো থাকার শুভকামনাও জানিয়েছেন তিনি।
কনকচাঁপার এই পোস্টের পর তিশার সঙ্গে তার সম্পর্কের বিষয়টি স্পষ্ট হয়েছে। বাস্তবে মা-মেয়ে না হলেও দুজনের মধ্যে রয়েছে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতা। আর সেই সম্পর্কের কারণেই তিশা কনকচাঁপাকে মায়ের মতো সম্মান করেন।