এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রথম সেমিফাইনালে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আদমদীঘি সদর ইউনিয়ন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহউদ্দীপনা দেখা যায়। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। নির্ধারিত সময়ে কোনো দলই জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদকে ৫-৪ গোলে হারিয়ে জয় তুলে নেয় আদমদীঘি সদর ইউনিয়ন। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে সান্তাহার পৌরসভা ও চাঁপাপুর ইউনিয়ন পরিষদ। এ ম্যাচের বিজয়ী দলের সঙ্গে ফাইনালে খেলবে আদমদীঘি সদর ইউনিয়ন। তবে ফাইনাল ম্যাচের তারিখ ও সময় এখনো নির্ধারণ করা হয়নি। এর আগে গত ৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় একই মাঠে আটটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার পরিদর্শক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজ, উপজেলা ক্রীড়া সম্পাদক শাহিন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং আদমদীঘি সদর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রতিটি ম্যাচে দর্শকদের উপস্থিতিতে মাঠে সৃষ্টি হচ্ছে উৎসবমুখর পরিবেশ।