এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নে সরকার নীতিমালা করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নে ব্যাপক সংখ্যক আবেদন জমা পড়েছে। এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে শিক্ষামন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৯৮০ সংশোধন করে এনেছিলাম খাতা পুনঃমূল্যায়ন করা যাবে। কিন্তু গতকালের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে, সবাই খাতা পুনঃমূল্যায়ন করাতে চায়। মানে আমাকে আবার ২০ লাখ শিক্ষার্থীর খাতার প্রত্যেকটি দেখতে হবে। এটা একেবারেই অসম্ভব।’
সরকার এ সংক্রান্ত নীতিমালা তৈরি করবে জানিয়ে তিনি বলেন, নীতিমালায় উল্লেখ থাকবে কোন ধরনের খাতাগুলোর পুনঃমূল্যায়ন হতে পারে। জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পরও খাতার পুনঃমূল্যায়ন করাতে চাচ্ছেন। কারণ নম্বর ভবিষ্যতে পড়ালেখায় মূল্য যোগ করে।
শিক্ষামন্ত্রী জানান, এ পর্যন্ত ১২ লাখের বেশি আবেদন পড়েছে।
তিনি বলেন, ‘আমাদের জন্য যেটা ইউজফুল, এটা আমরা মিসইউজ করতে পারি না। এই ১২ লাখের বেশি আবেদনের নিষ্পত্তি করে কলেজগুলোতে ভর্তির ব্যবস্থা করতে হবে। এতে অনেক সময় লাগবে। সেই কারণে আমরা নীতিমালা করব, কোন খাতাগুলো পুনঃমূল্যায়ন করা হবে না। আপাতত যারা আবেদন করেছে, তারা কিন্তু টেবুলেশন শিট আর নীরিক্ষার জন্য করেছে। আমরা সেগুলোই অ্যাড্রেস করব, যেগুলোতে সিভিয়ার প্রবলেম।’
আরও একটি কারণ সরকারের বিবেচনায় রয়েছে জানিয়ে মিলন বলেন, ‘এ থেকে এক্সামিনার সম্পর্কেও ধারণা পাওয়া যাবে—তারা যোগ্য কি না? ঠিক মতো খাতা দেখছে কি না? নম্বর কম বা বেশি দিচ্ছে কি না? তেমন হলে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’