মনিরুল ইসলাম : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে শিক্ষকেরা তাদের প্রাপ্য ভাতা ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এর উইন্ডি টাউন হলে ‘ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, “বিগত সরকার বিভিন্ন খাতে অর্থ অপচয় ও আত্মসাৎ করেছে। ১৫ আগস্ট পালনসহ নানা কার্যক্রমের নামে হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।”
তিনি আরও বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে তারেক রহমান শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ সব খাতে সমন্বিত উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন। “প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দিনরাত কাজ চলছে,”—যোগ করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “শুধু সমালোচনা না করে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি জানান, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে দেশের মানুষের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমও চলছে।
সভায় সভাপতিত্ব করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক মহাপরিচালক ড. সুলতান হাফিজ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এসডিজি বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের কোনো বিকল্প নেই। তিনি জানান, জনগণের কল্যাণে কার্যকর নীতি নির্ধারণের জন্য সরকার তথ্যভিত্তিক উদ্যোগ জোরদার করছে।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “মানবসম্পদ উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে শিক্ষার বিকল্প নেই।”