শিরোনাম
◈ ভিসা ব্যবস্থায় সংস্কার, বাড়ল শ্রেণি; নতুন নীতিমালা অনুমোদন ◈ বিদেশে শিক্ষার খরচ মেটাতে ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ ◈ সিঙ্গাপুরে প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধাদের’ সম্মাননা প্রদান করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ মা‌ঠে জিসান ঝড়, মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করলো এইচপি ◈ বাংলা‌দেশ যুব দলের ইং‌লিশ কোচ জেরার্ডের ঘটনায় ব্রিবত বাফুফে ◈ আগামী ১২ আগস্ট বুধবার যেসব অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ◈ স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ, বাড়ল জরিমানা: আচরণবিধি চূড়ান্ত ইসির ◈ আগামী ন‌ভেম্ব‌রে চার জাতির ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে ইরাক ◈ ক্রিশ্চিয়া‌নো রোনালদো-জর্জিনার বিয়ে ম‌নে ক‌রে গির্জায় মানু‌ষের ভিড়, এরপর যা হলো ◈ সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ এ এবারও এগিয়ে মেয়েরা

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবারের ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৪২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৬৩ দশমিক ৬৩ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে সার্বিক পাসের হার বেড়েছে ১ দশমিক ৭৯ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পরীক্ষার্থীর সংখ্যা কমলেও পাসের হার কিছুটা বেড়েছে। একই সঙ্গে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।

এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে মোট ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্রী ৮৭ হাজার ১০ জন এবং ছাত্র ৫৮ হাজার ৮২৫ জন। পরীক্ষায় মোট ৯৫ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ছাত্রী ৫৮ হাজার ১৯৬ জন এবং ছাত্র ৩৭ হাজার ২০৩ জন। ছাত্রীদের পাসের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৮৮ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ। পাসের হারে ছাত্রদের তুলনায় ৩ দশমিক ৬৪ শতাংশ এগিয়ে রয়েছে ছাত্রীরা। জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছাত্রীদের আধিপত্য অব্যাহত রয়েছে। এবার কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৮৪৮ জন এবং ছাত্র ৩ হাজার ৯৬৬ জন। অর্থাৎ মোট জিপিএ-৫ প্রাপ্তির প্রায় ৬০ শতাংশই পেয়েছে ছাত্রীরা। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের প্রতিটিতেই জিপিএ-৫ অর্জনে ছাত্রীদের সংখ্যা ছিল বেশি।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৫৭ হাজার ৮২৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৭ হাজার ৯২৬ জন। পাসের হার দাঁড়িয়েছে ৮২ দশমিক ৮৮ শতাংশ। বিজ্ঞানে ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৬৬ শতাংশ এবং মেয়েদের ৮৩ দশমিক ৭৭ শতাংশ।

জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও বিজ্ঞানের শিক্ষার্থীদের একচ্ছত্র আধিপত্য দেখা গেছে। কুমিল্লা বোর্ডে পাওয়া মোট ৯ হাজার ৮১৪টি জিপিএ-৫ এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকেই এসেছে ৯ হাজার ১৫৮টি। অর্থাৎ মোট জিপিএ-৫ এর ৯৩ দশমিক ৩১ শতাংশ পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগের জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৩ হাজার ৮৩০ জন ছাত্র এবং ৫ হাজার ৩২৮ জন ছাত্রী। অন্যদিকে মানবিক বিভাগের ফলাফল তুলনামূলকভাবে দুর্বল। এ বিভাগে মোট ৪৪ হাজার ৯১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২ হাজার ৭২৯ জন। সার্বিক পাসের হার ৫০ দশমিক ৬১ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৪৫ দশমিক ০৫ শতাংশ এবং মেয়েদের ৫২ দশমিক ২৫ শতাংশ।

মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে মাত্র ২৬৬ জন। তাদের মধ্যে ছাত্র ২৯ জন এবং ছাত্রী ২৩৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ৪৩ হাজার ১০২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৪ হাজার ৭৪১ জন। এ বিভাগে পাসের হার ৫৭ দশমিক ৪০ শতাংশ। ছেলেদের পাসের হার ৫২ দশমিক ৪৪ শতাংশ এবং মেয়েদের ৬৩ দশমিক ৮২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩৯০ জন শিক্ষার্থী।

এর মধ্যে ১০৭ জন ছাত্র এবং ২৮৩ জন ছাত্রী। গত পাঁচ বছরে কুমিল্লা শিক্ষা বোর্ডের পাশের হারে বড় ধরনের ওঠানামা হয়েছে। ২০২২ সালে কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ২৮ শতাংশ। ২০২৩ সালে তা কমে ৭৮ দশমিক ৪২ শতাংশ এবং ২০২৪ সালে ৭৯ দশমিক ২৩ শতাংশ হয়। এরপর ২০২৫ সালে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়ায় ৬৩ দশমিক ৬৩ শতাংশে। চলতি বছর তা বেড়ে ৬৫ দশমিক ৪২ শতাংশে উন্নীত হয়েছে।

জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন দেখা গেছে। ২০২২ সালে কুমিল্লা বোর্ডে ১৯ হাজার ৯৯৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। ২০২৩ সালে এ সংখ্যা কমে ১১ হাজার ৬২৩ জনে দাঁড়ায়। ২০২৪ সালে জিপিএ-৫ পায় ১২ হাজার ১০০ জন। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৯ হাজার ৯৫২ জন।

চলতি বছর আরও কিছুটা কমে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। প্রাতিষ্ঠানিক ফলাফলেও এবার কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে। ২০২৬ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ২২টি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৫ সালে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করতে না পারলেও এবার শূন্যভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা নেমে এসেছে শূন্যে।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলেজ পরিদর্শক অধ্যাপক মো. সিপন মিয়াসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়