ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘রাজশাহীর আপামর ছাত্র-জনতা’ পরিচয়ে একটি সংগঠন। কর্মসূচিতে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করে প্রতীকী প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।
সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের গাছ, পুরোনো ভবন ও সীমানাপ্রাচীরসহ বিভিন্ন সরকারি সম্পদ বিক্রি, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, নিয়োগে বিধিবহির্ভূত সিদ্ধান্ত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং আর্থিক দুর্নীতির সঙ্গে উপাচার্য জড়িত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নিয়ম লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। একই সঙ্গে উপাচার্যের সম্পদের উৎস তদন্তেরও দাবি জানান আন্দোলনকারীরা।
সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সভাপতি নুজরুল হুদা বলেন, “দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। যারা অতীতে অনিয়ম ও বৈষম্যের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা উচিত নয়।” তিনি আরও বলেন, উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে রাজশাহী মহানগর কৃষক দলের সভাপতি শরফুজ্জামান, বোয়ালিয়া পশ্চিম থানা বিএনপির সভাপতি সামসুল হোসেন মিলুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।