চাকরি করছেন, সংসার সামলাচ্ছেন কিংবা পড়ালেখায় লম্বা বিরতি পড়ে গেছে; তবু উচ্চশিক্ষার স্বপ্ন দেখতেই পারেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ১৯৯২ সাল থেকে এই সুযোগটিই দিয়ে আসছে। সুবিধাজনক সময়সূচি, তুলনামূলক কম খরচ, বয়সসীমা নেই, এমন নানা কারণেই বাউবি আলাদা। গাজীপুরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫৫টি একাডেমিক প্রোগ্রাম চালু আছে। ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্র ও সারা দেশে ছড়িয়ে থাকা প্রায় দেড় হাজার স্টাডি সেন্টারের মাধ্যমে যা পরিচালিত হয়। বর্তমানে বাউবিতে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা তিন লাখের বেশি।
বাউবির শিক্ষা কার্যক্রম মূলত সাতটি স্কুলের অধীনে পরিচালিত হয়। প্রতিটি স্কুলেই আছে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের একাধিক প্রোগ্রাম।
স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
প্রযুক্তি ও স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে পড়তে পারেন। আছে ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসসি ইন সিএসই) এবং ব্যাচেলর অব সায়েন্স (সম্মান) ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন (বিএফএসএন)। স্নাতকোত্তর পর্যায়ে আছে মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) ও মাস্টার অব ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন (এমডিএমআর)। সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান বলেন, ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রান্তিক শিক্ষার্থীদের অনেক সুযোগ আছে। আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে সেসব মেধাবী শিক্ষার্থীকে সুযোগ দিচ্ছি, যাঁরা নানা কারণে নিয়মিত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন। আমাদের বেশ বড় সিএসই ল্যাব আছে, যেখানে শিক্ষার্থীরা এআইসহ বিভিন্ন বিষয়ে হাতে–কলমে ব্যবহারিক শিক্ষার সুযোগ পাচ্ছেন।’
স্কুল অব এডুকেশন
শিক্ষক বা শিক্ষকতায় আগ্রহীদের জন্য এই স্কুলে আছে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ও মাস্টার অব এডুকেশন (এমএড) প্রোগ্রাম। দুটি প্রোগ্রামই দুই সেমিস্টারে বিভক্ত এবং সম্পন্ন করতে সময় লাগে এক বছর। বিএড প্রোগ্রামে ক্রেডিট আওয়ারের সংখ্যা ৬২। এমএড প্রোগ্রামে ৩৭। মাদ্রাসাশিক্ষকদের জন্য আছে ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন (বিএমইডি)।
স্কুল অব সোশ্যাল সায়েন্সেস, হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস
এ স্কুলের অধীনে স্নাতক পর্যায়ে আছে বিএ ও বিএসএস (সম্মান) এবং সাধারণ বিএ/বিএসএস প্রোগ্রাম। স্নাতকোত্তর পর্যায়ে আছে এমএ ও এমএসএস প্রোগ্রাম, যা প্রিলিমিনারি ও ফাইনাল—এই দুই ধাপে করতে হয়। এমএ-এমএসএস প্রোগ্রামে শিক্ষার্থীদের বাউবির ১২টি আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ভর্তি করা হয়। ভর্তি হওয়া সব শিক্ষার্থীর ক্লাস অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) একযোগে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক শিক্ষকেরা এই ক্লাসগুলো নেন। এ ছাড়া কখনো কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষকেরাও অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) যুক্ত থেকে ক্লাস নেন।
বিএ/বিএসএস (সম্মান) প্রোগ্রামটি চালু আছে শুধু ঢাকা আঞ্চলিক কেন্দ্রে। গাজীপুরের বেসরকারি পেশাজীবী শাকিল রহমান এখানে ইতিহাস বিভাগে পড়ছেন। তিনি বললেন, ‘চাকরির পাশাপাশি এখানে পড়ছি। কাজের পাশাপাশি ক্লাস করা যায়, এটাই বড় সুবিধা। বিএ ডিগ্রি অর্জন শেষে বিসিএস দেওয়ার আগ্রহ আছে।’
ফেনীর মো. ইউসুফ আলীর বয়স ৩০। তিনি বললেন, ‘উচ্চমাধ্যমিকের পর আর পড়ার সুযোগ পাইনি। এখন চাকরির পাশাপাশি ব্যাচেলর করছি।’ এ ছাড়া আছে তিন বছর মেয়াদি বিএ ও বিএসএস প্রোগ্রাম। ব্যাচেলর অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ডিগ্রিও নিতে পারেন।
ওপেন স্কুল
বাউবির সবচেয়ে বড় একাডেমিক স্কুলগুলোর একটি ওপেন স্কুল। এখানে এসএসসি ও এইচএসসি প্রোগ্রাম দুই বছর মেয়াদি হলেও প্রয়োজনে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করার সুযোগ আছে। ব্যবসায় শিক্ষার স্নাতক পর্যায়ে আছে তিন বছর মেয়াদি ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ (বিবিএস, সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর) ও চার বছর মেয়াদি (আট সেমিস্টার, ১২০ ক্রেডিট আওয়ার) ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ, বাংলা মাধ্যম)। স্নাতকোত্তর পর্যায়ে দুই বছর মেয়াদি (চার সেমিস্টার, ৬০ ক্রেডিট আওয়ার) মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ, বাংলা মাধ্যম) ছাড়াও এখান থেকে মাস্টার ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস, মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (এমডিএম) এবং মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) ডিগ্রি নেওয়া যায়।
স্কুল অব বিজনেস
কর্মজীবী ও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই স্কুলে আছে বেশ কয়েকটি ব্যবসায় শিক্ষার প্রোগ্রাম। চার বছর মেয়াদি (আট সেমিস্টার, ১২০ ক্রেডিট আওয়ার) বিবিএ প্রোগ্রামের পাশাপাশি এখানে দুই বছর মেয়াদি এমবিএ (চার সেমিস্টার, ৬০ ক্রেডিট আওয়ার) করা যায়। এ ছাড়া আছে দুই বছর মেয়াদি (ছয় সেমিস্টার, ৬০ ক্রেডিট আওয়ার) প্রফেশনাল এমবিএ (পিএমবিএ) ও দুই বছর মেয়াদি (চার সেমিস্টার, ৯০ ক্রেডিট আওয়ার) কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ প্রোগ্রাম, যা মূলত কর্মজীবী নির্বাহীদের জন্য তৈরি।
স্কুল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট
কৃষিশিক্ষায় আগ্রহীদের জন্য এই স্কুলে স্নাতক পর্যায়ে আছে ব্যাচেলর অব সায়েন্স ইন অ্যাগ্রিকালচার (বিএসসিএজি অনার্স) ও ব্যাচেলর অব অ্যাগ্রিকালচারাল এডুকেশন (বিএজিএড)। স্নাতকোত্তর পর্যায়ে আছে মাস্টার অব সায়েন্স ইন অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস এবং মাস্টার ইন সাসটেইনেবল অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল লাইভলিহুড (এমএসএআরএল), মাস্টার অব সায়েন্স ইন অ্যাগ্রোনমি, মাস্টার অব সায়েন্স ইন এন্টোমোলজি, মাস্টার অব সায়েন্স ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, মাস্টার অব সায়েন্স ইন সয়েল সায়েন্স, মাস্টার অব সায়েন্স ইন পোলট্রি সায়েন্স।
স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে পড়তে চাইলে এই স্কুল উপযুক্ত। এখানে আছে ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব সায়েন্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন। স্নাতকোত্তর পর্যায়ে আছে মাস্টার অব পাবলিক হেলথ ও মাস্টার অব ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন।
স্কুল অব ল
আইন বিষয়ে আগ্রহীদের জন্য এই স্কুলে চালু আছে চার বছর মেয়াদি ব্যাচেলর অব ল প্রোগ্রাম ও মাস্টার অব ল। বর্তমানে ঢাকা আঞ্চলিক কেন্দ্রেই পড়ার সুযোগ আছে এ প্রোগ্রাম দুটিতে। দেশের বিভিন্ন জজকোর্ট ও ঢাকা হাইকোর্টে বাউবি থেকে এলএলবি সম্মান ও এলএলএম পাস করা শিক্ষার্থীরা আইন পেশার যোগ দিয়ে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাচ্ছেন।
ভর্তি প্রক্রিয়া
বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগের উপপরিচালক মুহাম্মদ আব্দুল কাইয়ুম ভূঞা বলেন, ‘আমরা দেশের একমাত্র দূরশিক্ষণনির্ভর শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে সপ্তাহে নির্দিষ্ট কয়েক দিন সরাসরি ক্লাসের পাশাপাশি বহুমাত্রিক উপায়ে শিক্ষার্থীদের দোরগোড়ায় শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া হচ্ছে। শিক্ষকেরা ক্লাসরুমের বাইরেও মিডিয়া বিভাগের সহায়তায় টেলিভিশন ও রেডিও উপযোগী করে ফরমাল ও নন-ফরমাল অনুষ্ঠান নির্মাণ করছেন, যা ‘ওপেন টিভি’সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল, রেডিও, ইউটিউব, এসডি কার্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের সরবরাহ করা হয়। বাউবির প্রায় সব প্রোগ্রামেই ভর্তির জন্য বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। সংশ্লিষ্ট প্রোগ্রামের শিক্ষাগত যোগ্যতা পূরণ হলেই যেকোনো বয়সে ভর্তি হওয়া যায়। কিছু প্রোগ্রামে ভর্তি পরীক্ষা বা মৌখিক পরীক্ষাও দিতে হয়।’
খরচ কেমন
এখানে খরচ তুলনামূলক কম। মাসিক বেতন বা টিউশন ফি দিতে হয় না। কোর্স ও সেমিস্টারভিত্তিক নির্দিষ্ট ফি একবার পরিশোধ করলেই হয়, যা ভর্তি ও রেজিস্ট্রেশনের সময় নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন পাইক বলেন, ‘প্রোগ্রামভেদে এই ফি ভিন্ন। এসএসসি-এইচএসসির মতো প্রোগ্রামের খরচ সবচেয়ে কম, আর পেশাগত প্রোগ্রাম যেমন এমবিএ, পিএমবিএ বা কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএর মতো প্রোগ্রামে তুলনামূলক বেশি ফি গুনতে হয়। বই সংগ্রহ, পরীক্ষা ফি বা প্রথমবার আইডি কার্ড নেওয়ার জন্য আলাদা কোনো ফি লাগে না। আর্থিকভাবে অসচ্ছল বা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কোর্স ও রেজিস্ট্রেশন ফি মওকুফের ব্যবস্থাও আছে।’
সবার জন্য আধুনিক শিক্ষা: মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, উপাচার্য, বাউবি
আর্থসামাজিক বাস্তবতা, ভৌগোলিক দূরত্ব কিংবা বয়সের বেড়াজালে পড়ে দেশের এক বিশাল জনগোষ্ঠী প্রথাগত শিক্ষাব্যবস্থা থেকে ছিটকে পড়ে। এই অনগ্রসর ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত শিক্ষার আলো পৌঁছে দিয়ে নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। বর্তমানে শিক্ষার্থী সংখ্যার দিক থেকে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়।
শুরুর দিকে বিশ্ববিদ্যালয়টি এসএসসি ও এইচএসসি শিক্ষা কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, যা ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় মূলধারায় ফিরিয়ে আনতে ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ও প্রান্তিক শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার চাহিদার কথা বিবেচনা করে বাউবি কর্তৃপক্ষ শিক্ষা কার্যক্রমে ব্যাপক বিস্তার ঘটিয়েছে। বর্তমানে ৭–৮টি বিষয়ে সম্মান (অনার্স) ও যুগের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রোগ্রামে স্নাতকোত্তর (এমএ/এমএসএস) ডিগ্রি দেওয়া হচ্ছে।
কর্মজীবী থেকে শুরু করে গৃহিণী কিংবা প্রত্যন্ত অঞ্চলের তরুণ, সবার জন্যই বাউবির শিক্ষাপদ্ধতি অত্যন্ত নমনীয় ও কার্যকর। উচ্চশিক্ষার এই ধারাকে আরও শক্তিশালী ও গবেষণাধর্মী করতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বর্তমানে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের অবারিত সুযোগ তৈরি হয়েছে।
আমাদের অনেক শিক্ষার্থী বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কৃষি, খাদ্য ও পুষ্টি, বিজ্ঞান এবং উন্নয়ন অধ্যয়নের মতো নানামুখী ও প্রায়োগিক বিষয় চালু করেছি।
আমাদের বাউবির অন্যতম বড় শক্তি হলো এর বৈচিত্র্যময় শিক্ষার্থী–কাঠামো। এখানে যেমন প্রত্যন্ত অঞ্চলের তরুণ-তরুণীরা পড়াশোনা করছেন, তেমনি দেশের বিপুলসংখ্যক চাকরিজীবী ও পেশাজীবী তাঁদের কর্মজীবনের ব্যস্ততার মধ্যেই উচ্চশিক্ষা ও পেশাদার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাউবির বিভিন্ন প্রোগ্রামে শামিল হচ্ছেন। এটি এক দিকে যেমন তাঁদের পেশাগত জীবনে পদোন্নতি ও নতুন সুযোগ তৈরি করছে, অন্যদিকে দেশের সামগ্রিক শ্রমশক্তির মান বাড়াতে ভূমিকা রাখছে।
প্রবাসী বাংলাদেশিদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ‘বহির্বাংলাদেশ শিক্ষা প্রোগ্রাম’ চালু করেছে। এ উদ্যোগের মাধ্যমে প্রবাসী রেমিট্যান্স–যোদ্ধারা তাঁদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন শিক্ষাক্রমে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
বর্তমানে দক্ষিণ কোরিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, সৌদি আরব ও ইতালিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে আরও বহির্বাংলাদেশ স্টাডি সেন্টার স্থাপন ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা আমাদের আছে।
সূত্র: প্রথম আলো