শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৬:১৬ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৬, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে স্ক্যাম সেন্টার গড়ার চেষ্টা বিদেশি চক্রের : , দুই বছরে গ্রেপ্তার ৬৩৩, সবচেয়ে বেশি ভারতীয়

বাংলাদেশে অনলাইনে প্রতারণা, জুয়া, মাদক, সোনা চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বিদেশি নাগরিকদের একটা অংশ। এমন নানা অপরাধের ঘটনায় গত দুই বছরে বিভিন্ন দেশের ৬৩৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এসব বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ভারতের—৩৪৬ জন। ভারতীয়দের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, সোনাসহ বিভিন্ন ধরনের চোরাচালানের অভিযোগ উল্লেখযোগ্য।

গ্রেপ্তার বিদেশিদের মধ্যে ভারতের পরেই রয়েছেন মিয়ানমারের ৬২, তাইওয়ানের ৬১, লাওসের ৩৫, পাকিস্তানের ২৪ ও চীনের ২২ জন। এ ছাড়া ভিয়েতনাম ও নেপালের একজন করে এবং নাইজেরিয়া, সোমালিয়া, থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশের ৮১ নাগরিক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা, ভুয়া ক্রিপ্টোকারেন্সি বা ভুয়া বিনিয়োগ স্কিম, স্ক্যাম সেন্টার পরিচালনা, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

পুলিশ কর্মকর্তাদের মতে, অপরাধে জড়ানোর প্রবণতা যাঁদের মধ্যে রয়েছে, তাঁরা নির্দিষ্ট কিছু দেশের নাগরিক। বেশির ভাগই ব্যবসা ও ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসেছিলেন। কেউ কেউ অন অ্যারাইভাল ভিসায় এসে অবৈধভাবে থেকে গেছেন।

Advertisement

গ্রেপ্তার বিদেশি নাগরিকদের মধ্যে ১২৭ জন ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

১১ নভেম্বর সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা এলাকায় বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতর থেকে অস্ত্র, গুলিসহ ভারতীয় দুই নাগরিককে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁরা হলেন বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)। বিজিবি জানায়, তাঁদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ৩৫টি গুলি ও দুটি দা উদ্ধার করা হয়। তাঁরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

এর আগে গত ২৭ আগস্ট থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা দুই ভারতীয় নাগরিককে ৫ কেজি ১২০ গ্রাম কুশ মাদকসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এর আগে ২২ আগস্ট ৩ কেজি কুশসহ একজন এবং ২৪ আগস্ট ৫ কেজি কুশসহ আরও দুজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পুলিশের বিশেষ শাখা (এসবি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২৬ মাসে বিভিন্ন দেশের ২২ লাখ ৬৮ হাজার ৬৫ মানুষ বাংলাদেশে এসেছেন। এর মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন ১২৬ দেশের ৭ হাজার ৮৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ভারতীয় নাগরিক—যার সংখ্যা ২ হাজার ১৬৪। এরপরই রয়েছে চীনের নাগরিক—১ হাজার ৯৯৫ জন। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানকারী সবাই অপরাধে জড়িয়েছেন, তা নয়।

বিদেশি একটি চক্র কিছু বাংলাদেশিকে কম্বোডিয়ায় নিয়ে গিয়ে স্ক্যাম সেন্টার গড়েছিল। ওই চক্রের সহযোগিতায় তারা এখন বাংলাদেশে এসে স্ক্যাম সেন্টার গড়ে তোলার পাঁয়তারা করছে।---মো. আহসান হাবীব পলাশ অতিরিক্ত আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের বড় একটি অংশ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁদের অধিকাংশ ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, পাবনা, কুমিল্লা ও নারায়ণগঞ্জে থাকেন।

পুলিশ কর্মকর্তাদের মতে, অপরাধে জড়ানোর প্রবণতা যাঁদের মধ্যে রয়েছে, তাঁরা নির্দিষ্ট কিছু দেশের নাগরিক। বেশির ভাগই ব্যবসা ও ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসেছিলেন। কেউ কেউ অন অ্যারাইভাল ভিসায় এসে অবৈধভাবে থেকে গেছেন। তাঁদের কেউ কেউ পাসপোর্ট নষ্ট করে ফেলে, পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি (জিডি) ও মামলার দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে বাংলাদেশে থেকে যান।

এসব বিদেশি নাগরিকের অপরাধের ধরন নানা রকম। সোনা বা বিট কয়েনে বিনিয়োগ করে অল্প সময়ে বিপুল মুনাফার আশ্বাস, সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব করে বিদেশ থেকে দামি উপহার পাঠানোর প্রলোভন, অনলাইনে আকর্ষণীয় উপার্জনের সুযোগ দেখিয়ে প্রতারণা করছে বিভিন্ন চক্র। ব্যাংকের এটিএম বুথ ও ক্রেডিট কার্ড জালিয়াতি, অনলাইন ক্যাসিনো বা জুয়া, মাদকের কারবার, মোবাইল ব্যাংকিং প্রতারণা, জাল মুদ্রা তৈরি, অবৈধ ভিওআইপি ব্যবসা, সোনা চোরাচালান, অর্থ পাচার ও মানব পাচারের মতো অপরাধেও বিদেশি নাগরিকদের জড়িত থাকার তথ্য রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে।

চট্টগ্রাম ও কক্সবাজারের দুই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে চীন, পাকিস্তান, লাওস, নেপাল, ভিয়েতনাম ও তাইওয়ানের নাগরিক। তাঁরা বাংলাদেশে স্ক্যাম বা প্রতারণা কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ প্রথম আলোকে বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়া বিদেশি নাগরিকেরা অপরাধে জড়িয়ে পড়ছেন। গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে তাঁরা আবার একই ধরনের অপরাধে জড়াচ্ছেন। এ ক্ষেত্রে তাঁদের আবারও আইনের আওতায় আনা হচ্ছে।

গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে স্ক্যাম সেন্টার আদলে অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ৭০ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

এর আগে রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে একই ধরনের চক্রের ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম ও কক্সবাজারের দুই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে চীন, পাকিস্তান, লাওস, নেপাল, ভিয়েতনাম ও তাইওয়ানের নাগরিক। তাঁরা বাংলাদেশে স্ক্যাম বা প্রতারণা কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

প্রসঙ্গত, উচ্চ বেতনের আশ্বাসে বিদেশে মানব পাচার ও পরে জিম্মি করার ঘটনায় সাম্প্রতিক সময়ে কম্বোডিয়া ও মিয়ামানমারকেন্দ্রিক স্ক্যাম সেন্টারগুলো আলোচনায় এসেছে, যেখানে অনেক বাংলাদেশি নাগরিকও ভুক্তভোগী।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আহসান হাবীব পলাশ বলেন, বিদেশি একটি চক্র কিছু বাংলাদেশিকে কম্বোডিয়ায় নিয়ে গিয়ে স্ক্যাম সেন্টার বা প্রতারণা কেন্দ্র গড়ে তুলেছিল। ওই চক্রের সহযোগিতায় এখন বাংলাদেশে এসে স্ক্যাম সেন্টার গড়ে তোলার পাঁয়তারা করছে তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নজরদারিতে রেখেছে।

বিদেশিদের অপরাধের মাত্রা চরম আকার ধারণ করেনি। তবে সরকারের নির্দেশ পেলে অভিযান চালিয়ে তাঁদের আইনের আওতায় আনা হবে।--স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ

আগের হিসাবেও বিপুল বিদেশির অবৈধ অবস্থান

এর আগেও বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার তথ্য পাওয়া গিয়েছিল। পুলিশের বিশেষ শাখার (এসবি) আগের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত অপরাধমূলক কর্মকাণ্ডের বিভিন্ন মামলায় ৩৩ দেশের ৭২৬ নাগরিক আসামি হন।

তাঁদের মধ্যে সবচেয়ে বেশি নাইজেরিয়ার—৯১ জন। এরপর পাকিস্তানের ২৮ ও ক্যামেরুনের ১৭ জন। ওই সময়ে ১৪ দেশের ১৩৭ নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের বেশির ভাগের বিরুদ্ধে প্রতারণা, এটিএম কার্ড জালিয়াতি ও মাদক পাচারের অভিযোগ ছিল।

২০২৩ সালের অক্টোবরের হিসাব অনুযায়ী, বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক ছিলেন ৮৬ হাজার ৯৬২ জন। তাঁদের মধ্যে ৪২ হাজার ৪২৯ জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছিল। অবৈধভাবে অবস্থানকারীদের মধ্যে ৫ হাজার ৫৯৭ জন এসেছিলেন অন অ্যারাইভাল ভিসায়। অন্যরা ব্যবসা, ভ্রমণ, শিক্ষার্থী, খেলোয়াড় ভিসাসহ বিভিন্ন ধরনের ভিসায় এসেছিলেন।

এসআরবি ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন জানান, চক্রটি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে কম দামে কেনা ওষুধ লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে পাচার করত। গ্রেপ্তার চীনা নাগরিক লি ফেন ৩০ দিনের পর্যটন ভিসায় বাংলাদেশে এসে মেয়াদ শেষ হওয়ার আগেই ফিরে যেতেন। এরপর আবার নতুন ভিসায় আসতেন।

কুরিয়ারে ওষুধ পাচার

ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের ওষুধ কুরিয়ারে বিদেশে পাচারের অভিযোগে গত ১৪ অক্টোবর রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে এক চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করে এসআরবি-৩। তাঁদের কাছ থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের ওষুধ ও ছয় লাখ টাকা জব্দ করা হয়।

এসআরবি ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন জানান, চক্রটি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে কম দামে কেনা ওষুধ লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে পাচার করত। গ্রেপ্তার চীনা নাগরিক লি ফেন ৩০ দিনের পর্যটন ভিসায় বাংলাদেশে এসে মেয়াদ শেষ হওয়ার আগেই ফিরে যেতেন। এরপর আবার নতুন ভিসায় আসতেন।

ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া বিদেশিদের কেউ কেউ পাসপোর্ট নষ্ট করা বা হারানোর জিডির সুযোগ নেন। আবার মামলার কারণে দীর্ঘদিন বাংলাদেশে অবস্থানের সুযোগও তৈরি হয়। আবার তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর খরচ বাংলাদেশ সরকারকে বহন করতে হয়। এটিও প্রত্যাবাসনের ক্ষেত্রে একটি বাধা।

বিনিয়োগের প্রলোভনে অর্থ আত্মসাৎ

ফেসবুকে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের জুলাইয়ে ঢাকার বসুন্ধরা ও পল্লবী থেকে নাইজেরিয়ার দুই নাগরিক এবং তাঁদের বাংলাদেশি এক সহযোগীকে গ্রেপ্তার করে তৎকালীন র‍্যাব।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, চক্রটি নিজেদের বিত্তবান বিদেশি পরিচয় দিয়ে বিনিয়োগে মুনাফা এবং বিদেশ থেকে দামি উপহার পাঠানোর প্রলোভন দেখাত। এভাবে শতাধিক ব্যক্তির কাছ থেকে ১৮ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেয়। গ্রেপ্তার দুই নাইজেরীয় নাগরিকের ভিসার মেয়াদও শেষ হয়েছিল।

অন্যদিকে ২০২৩ সালের ৩ আগস্ট অ্যামাজনের আদলে ওয়েবসাইট খুলে দিনে ২০ মিনিট কাজ করে মাসে ১৮ হাজার টাকা আয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে চীনের দুই নাগরিকসহ চারজনকে চট্টগ্রামের সাতকানিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রতারণার শিকার সাবেক এক সরকারি কর্মকর্তার করা মামলার তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পায় পুলিশ।

অপরাধ নিয়ন্ত্রণ ও প্রত্যাবাসনে জটিলতা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, অপরাধে জড়িত বিদেশিদের কেউ কেউ গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়ান। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া বিদেশিদের কেউ কেউ পাসপোর্ট নষ্ট করা বা হারানোর জিডির সুযোগ নেন। আবার মামলার কারণে দীর্ঘদিন বাংলাদেশে অবস্থানের সুযোগও তৈরি হয়। আবার তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর খরচ বাংলাদেশ সরকারকে বহন করতে হয়। এটিও প্রত্যাবাসনের ক্ষেত্রে একটি বাধা।

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বিদেশিদের বিষয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, বিদেশিদের অপরাধের মাত্রা চরম আকার ধারণ করেনি। তবে সরকারের নির্দেশ পেলে অভিযান চালিয়ে তাঁদের আইনের আওতায় আনা হবে।

সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ