হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ফিরোজ শেখ (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার এই টাকা আদায় পূর্বক ভুক্তভোগী শিশুটিকে প্রদানের জন্য ফরিদপুর জেলা কালেক্টরকে (জেলা প্রশাসক) নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত ফিরোজ শেখ ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর এলাকার আজিদ শেখের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের চাঁন ফকিরের প্রতিবন্ধী মেয়ে চা ও চিনি কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে একই এলাকার ফিরোজ শেখ শিশুটিকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে তার অটোভ্যানে তুলে নেয়। পরে তাকে ভবানীপুর মাঠের একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে আসামি ভয় পেয়ে তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়।
এদিকে, দীর্ঘ সময় পার হলেও শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, ফিরোজ শেখ শিশুটিকে ভ্যানে তুলে নিয়ে গেছেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে রাত ১১টার দিকে ভবানীপুর মাঠ থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে শিশুটি তার বাবার কাছে ঘটনার বিস্তারিত জানায়। এজাহারে উল্লেখ করা হয়, ওই ঘটনার পর থেকে শিশুটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
এ ঘটনায় পাঁচদিন পর শিশুটির বাবা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস। তদন্ত শেষে ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি, ভুক্তভোগীর বক্তব্য ও আলামত পর্যালোচনা করে ফিরোজ শেখকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৭ ধারায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তিনি। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি ফিরোজ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’