হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ টাকা মূল্যের ১ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন—কক্সবাজারের টেকনাফ থানার হাবির ছড়া এলাকার মো. সোহেল রানার স্ত্রী হাসিনা বেগম শ্রাবন্তী (২৭) এবং ফরিদপুরের কোতয়ালী থানার শোভারামপুর এলাকার মৃত ওসমান ফকিরের ছেলে জামাল ফকির (৫০), জামাল ফকিরের মেয়ে শান্তা আক্তার (২৫) ও ছেলে মো. শুভ ফকির (২২)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোতয়ালীর শোভারামপুর এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধারসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮৮ হাজার টাকা।
এসআরবি জানায়, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের কোতয়ালীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এসআরবি। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।