রুশমি আক্তার, (বাউফল) পটুয়াখালী প্রতিনিধি: বাউফলের উন্নয়ন সবাই মিলে সবার জন্য- বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাবিখা প্রকল্পের আওতায় মান্নান প্যাদা বাড়ির ২০০ ফুট কাঁচা সড়কে ইটের সলিংয়ের কাজ সম্পন্ন হওয়ার পর সেটির উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাউফল পৌরসভার উপস্থিত সব ধর্মাবলম্বীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, বাউফল পৌরসভা নামে হলেও এটি মানসম্মত পৌরসভা নয়। আমরা নির্বাচনের আগে থেকেই বলে আসছি, এটিকে একটি মানসম্মত পৌরসভায় উন্নীত করার জন্য বেশ কিছু উন্নয়নকাজ করতে হবে। আমরা বিষয়টি নিয়ে পৌরসভার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসেছি। দীর্ঘ আলোচনা করেছি। কিছু পরিকল্পনাও গ্রহণ করেছি। এমনকি কিছু কাজও হাতে নিয়েছি। আপনারা জানেন, এখানে নির্বাচিত কোনো পৌরসভার প্রতিনিধি নেই। স্বাভাবিকভাবেই উন্নয়নকাজ স্থবির হয়ে পড়েছে। এরপরও এই পৌরসভা বাউফল আসনের মধ্যে হওয়ায় আমার দায়বদ্ধতা রয়েছে। কেননা আমি আপনাদের নির্বাচিত খাদেম তথা প্রতিনিধি।
ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্বের জায়গা থেকেই আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। পৌরসভার নাগরিকরা একটি ইউনিয়নের চেয়েও খারাপ অবস্থায় আছেন। সুতরাং সেই জায়গা থেকে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আমি দীর্ঘ সময় আলোচনা করেছি। আমি তাঁদের কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। সে অনুযায়ী তাঁদের একটি সময়সীমা দিয়েছিলাম। পরে তাঁরা আমাকে কিছু প্রস্তাবনা দিয়েছেন। সেই প্রস্তাবনাটি আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ে তুলে ধরব। পর্যায়ক্রমে সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, আপনারা একটু ধৈর্য ধরবেন। বাউফল পৌরসভাকে কীভাবে আরও উন্নত করা যায়, কীভাবে সেবার মান আরও বাড়ানো যায়, সেই লক্ষ্যে আমরা সবার সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে কাজ করব। যার অংশ হিসেবে আজ ৯ নম্বর ওয়ার্ডে এই রাস্তাটির কাজ করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি যে একেবারেই হাঁটার অনুপযোগী ছিল, তা আপনারা জানেন। সেই জায়গা থেকে রাস্তাটি ইটের সলিং করায় এখন হাঁটার উপযোগী হয়েছে। তবে আমি সরেজমিনে এসে দেখলাম, স্থানীয়দের সুবিধার্থে রাস্তাটি আরও বর্ধিত করা প্রয়োজন। তাই আমি আমার এমপির নিজস্ব বরাদ্দ থেকে একটি বাজেট দিয়ে সেটি করে দেব, ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল পৌর জামায়াতের সেক্রেটারি নুরুল আলম, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. জাফর ইকবাল, ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সোহাগ খান, বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুল মাল সম্পাদক কবির হোসেন মৃধা, ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলামসহ অন্যরা।