ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েলসহ পাঁচ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে তাঁদের আগের দলীয় পদে পুনর্বহাল করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
পুনর্বহাল হওয়া অন্য নেতারা হলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিয়ার, মো. শরিফুল ইসলাম রিপন, মো. আক্তারুজ্জামান রাজু এবং সদস্য মো. মতিয়ার রহমান। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পূর্বের পদে বহাল করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল বলেন, ‘দলের প্রতি আমাদের আস্থা ও আনুগত্য সব সময় অটুট ছিল। ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের আবারও সাংগঠনিক দায়িত্ব ফিরিয়ে দেওয়ায় আমরা কৃতজ্ঞ। অতীতের মতোই সবাইকে সঙ্গে নিয়ে ঈশ্বরদীতে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করে যাব।’
দলীয় সূত্রমতে, ঈশ্বরদী পৌর ও উপজেলা যুবদলের এই পাঁচ নেতা দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাঁদের বহিষ্কারের পর স্থানীয় সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল। বিশেষ করে আসন্ন রাজনৈতিক কর্মসূচিগুলো সফল করতে ও তৃণমূলে দলীয় ঐক্য ফিরিয়ে আনতে তাঁদের পুনর্বহাল স্থানীয় যুবদলের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের সব পর্যায়ের পদ থেকে ওই পাঁচজনকে বহিষ্কার করা হয়েছিল। এরপর ২ জুলাই সকালে কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জাকির হোসেন জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হলেও একই দিন বিকেলে অপর এক বিজ্ঞপ্তিতে গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর পূর্বের আদেশই বহাল রাখা হয়।
অবশেষে দীর্ঘ নয় মাস পর পাঁচ নেতারই পদ ফিরে পাওয়ার বিষয়টি চূড়ান্ত হলো।