ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ২৪ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এ ঘটনা ঘটায়। এতে ভবনের দুটি জানালা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গ্রামীণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আ. ক. ম. শামসুদ্দোহা জানান, রাত ১টা ২৪ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা রাস্তা থেকে নিচতলায় অবস্থিত এরিয়া অফিসের বারান্দার জানালা লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা বা ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে জানালার কাচ ও ফিটিংয়ে আগুন ধরে যায়।
তিনি জানান, ঘটনার সময় অফিসের ভেতরে একজন পিয়ন এবং ভবনের সামনে একজন নৈশপ্রহরী দায়িত্ব পালন করছিলেন। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে পিয়ন দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন। পরে ভবনের ভেতর ও বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, বনলতা আবাসিক এলাকার ওই ভবনের ওপরের তলায় অডিট অফিস, মাঝের তলায় জোনাল অফিস এবং নিচতলায় এরিয়া অফিস অবস্থিত। এই জোনাল অফিসের অধীনে তিনটি জেলা ও নওগাঁর একটি থানাসহ মোট ৮২টি শাখা এবং আটটি এরিয়া অফিস পরিচালিত হয়।
এ বিষয়ে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে ব্যাংক ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।