হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে ব্যাংক কর্মকর্তা ও কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের সালথা শাখা ভবনে এ ঘটনা ঘটে।
ব্যাংক সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা কেরোসিন-মাখানো মশাল দিয়ে ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। নিচতলা থেকে ধোঁয়া উঠতে দেখে শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন ও তার সহকর্মীরা দ্রুত নিচে নেমে আসেন এবং মোটরের পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে ব্যাংকের কোনো আসবাবপত্র বা নথিপত্রের ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংক সালথা শাখার ব্যবস্থাপক মো. রাজীব হোসেন বলেন, ‘রাতে নিজের কক্ষে শুয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে নিচ থেকে ধোঁয়া উঠতে দেখি। তাৎক্ষণিক নিচে নেমে আগুন জ্বলতে দেখে সহকর্মীদের নিয়ে মোটরের পানি দিয়ে তা নিভিয়ে ফেলি। সকালে বিষয়টি সালথা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।