শিরোনাম
◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ◈ ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী? ◈ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক, আবেদন করা যাবে ঘরে বসেই

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে মনা হত্যাকারীদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে শহিদুল ইসলাম মনা (২১) হত্যার ঘটনায় জড়িত আসামিদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে নিহতের পরিবার। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন তারা।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার নাদু মহুরী বাড়িতে নিহত মনার কবরের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা এ ঘোষণা দেন।

পরিবারের অভিযোগ, বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে গত ৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে নাদু মহুরী বাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে শহিদুল ইসলাম মনাকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় তার ভগ্নিপতি আবদুল্যাহ আল মামুনও আহত হন।

সংবাদ সম্মেলনে নিহতের বড় ভাই আব্দুল জলিল, আহত ভগ্নিপতি আবদুল্যাহ আল মামুন, ভাই ইমরান হোসেন শুভ, জেঠাতো বোন নুসরাত জাহান মুনতা রাইসা ও মামাতো বোন রুপা আক্তার বক্তব্য দেন।

Advertisement

বক্তারা অভিযোগ করেন, আবুল হোসেন, জসিম, ফুয়াদ, রিমন, কাশেম ও স্বপনসহ একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে মনার ওপর হামলা চালিয়ে চুরিকাঘাত করে তাকে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পর স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেও হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে দাবি করেন তারা।

তারা আরও বলেন, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গত ১১ নভেম্বর চৌমুহনী চৌরাস্তায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। ওই সময় কর্মসূচি থেকে সরে আসতে পুলিশ ৯৬ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিল। তবে নির্ধারিত সময় পার হলেও প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় তারা হতাশ।

পরিবারের সদস্যদের অভিযোগ, মামলা দায়েরের পর থেকে আসামিরা বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নিতে চাপ প্রয়োগের পাশাপাশি প্রাণনাশের হুমকি দিচ্ছেন তাদের। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় কেউ আসামিদের ধরিয়ে দিতে পারলে তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলন থেকে দ্রুত সব আসামিকে গ্রেপ্তার, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করা হয়।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুজ্জামান বলেন, এ ঘটনায় নিহতের ভাই মো. সাদেক হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেছেন। এ পর্যন্ত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও এসআরবি যৌথ অভিযান অব্যাহত রেখেছে।

  • সর্বশেষ