সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত নূর হোসেনসহ (৩১) দুইজনকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন আরসার সদস্য হিসেবে অভিযুক্ত মোহাম্মদ জুনায়েদ (২৩)।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৮ এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, একটি আভিযানিক দল ক্যাম্প-১৭-এর গোলঘরসংলগ্ন একটি চায়ের দোকানের সামনের সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উখিয়া থানায় দায়ের করা একটি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নূর হোসেনের বাবার নাম জমির হোসেন ও মায়ের নাম ফাতেমা খাতুন। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০-এর এফ/২৮ ব্লকের বাসিন্দা। অপর গ্রেপ্তার মোহাম্মদ জুনায়েদের বাবার নাম মোহাম্মদ ইসমাইল ও মায়ের নাম রূপবান বেগম। তিনিও একই ক্যাম্পের এফ/২১ ব্লকে বসবাস করেন।
এপিবিএন জানায়, গ্রেপ্তার দুজন উখিয়া থানায় গত ২৫ অক্টোবর দায়ের করা ৭০ নম্বর মামলার আসামি। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় অভিযোগ রয়েছে। এর মধ্যে নূর হোসেনকে আরসার সেকেন্ড-ইন-কমান্ড এবং জুনায়েদকে সংগঠনটির সদস্য হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযান শেষে গ্রেপ্তার দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
৮ এপিবিএন সূত্র জানিয়েছে, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।