ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জে একই সমেয় একই স্থানে জামায়াতের সংসদ সদস্য মুফতি আমীর হামজার তাফসিরুল কুরআন মাহফিল ও মাদক বিরোধী সমাবেশ ডাকা নিয়ে সৃষ্ট পরিস্থিতির অবসান ঘটেছে।
শুক্রবার দুপুর থেকেই শহরের সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে মুফতি আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিলের অনুষ্টান সন্ধ্যার পূর্বে শেষ হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০ টায় উপজেলা প্রশাসনে আহ্বানে দু’টি পক্ষের সমঝোতার পর মাদক বিরোধী সমাবেশটি স্থগিত করে অপর পক্ষ।
জানা যায়, শুক্রবার একই সময়ে ওই স্থানে মুফতি আমীর হামজার তাফসিরুল কুরআন মাহফিল এবং সচেতন কালীগঞ্জবাসী ও ছাত্র জনতার ব্যানারে এক মাদকবিরোধী সমাবেশ ডাকে। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে বেশ উত্তেজনা চলছিল। আমীর হামজার তাফসীরুল মাহফিল সফল করতে বৃহস্পতিবার বিকালে জামায়াতের নেতাকর্মীরা শহরে মটর সাইকেল শোড্উন মিছিল বের করে। অপরদিকে মাদকবিরোধী সমাবেশের জন্য শহরের ইজিবাইকে প্রচার গাড়ি গাড়ি বের করে। এতে সাধারন মানুষের মাঝে আতংক সৃষ্টি হয়। এদিকে এমপি আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে অপতৎপরতা রুখতে বৃহস্পতিবার রাত জামাত এমপি আবু তালিবের কার্ষালয়ে এক সংবাদ সন্মেলন করে জামায়াত ঘোষনা দেন, ভূইফোড় সংগঠনের ডাকে ১৪৪ ধারা জারি হলেও তারা মাহফিল বাস্তবায়ন করবেন। এর পর পরই অপর পক্ষ মাদক বিরোধী সমাবেশ সফল করতে শহরে মটর সাইকেল শোডাউন বের করে। দু’টি পক্ষের শক্ত অবস্থান কর্মকান্ডে পরিবেশ বেশ অশান্ত হয়ে উঠলে টনক নড়ে প্রশাসনের। রাত ১০ টার দিকে ইউএনও রেজওয়ানা নাগিদ ও থানার ওসি জুলফিকার আলী দু’পক্ষ জামায়াত ও বিএনপি নেতৃবৃন্দদের ডেকে থানাতে এক বৈঠকে বসেন। সেখানে উভয়ের সমঝোতায় মাহফিলে রাজনৈতিক বক্তব্য পরিহার পূর্বক মাহফিল করবে এবং মাদক বিরোধী সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত হয়।
ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও মাহফিল উপলক্ষে শুক্রবার সকাল থেকে মাদ্রাসার বাষিক অনুষ্টান শুরু হয়। এরপর বিকালে প্রধান বক্তা এমপি মুফতি আমির হামজার বক্তব্য শুরু হয়ে সন্ধ্যা মাগরিব নামাজ পূর্বে মাহফিলটি শেষ হয়।
আলহাজ্ব শহিদুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় এমপি মাওঃ আবু তালিব, বিশেষ অতিথি ছিলেন, মাওঃ মুহাদ্দিস শফিউর রহমান আফসারী ও বিশেষ বক্তার বক্তব্য রাখেন মাওঃ ওলিউর রহমান।
উল্লেখ্য, আমীর হামজার মাহফিল ঘিরে নানা জটলার বিষয়ে গত ১১ নভেম্বর ঝিনাইদহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, মাহফিলের আয়োজক ফালাউল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকীর আবেদনটি এখনো অনুমতি দেয়নি প্রশাসন। মাদ্রাসা পরিচালকের দরখাস্তটি তারা জেলা পুলিশ সুপার বরাবর পাঠালে জেলা পুলিশ আইন শৃংখলা অবনতির আশংকার কথা জানিয়েছিল। এ কারনে মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন।
অন্যদিকে মাহফিলের জন্য দরখাস্ত ও অনুমতির বিষয়টি জানতে আয়োজক মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী জানান, গত ২৩ অক্টোবর মাহফিল অনুমতির জন্য ঝিনাইদহ জেলা প্রশাশক বরাবর একটি আবেদন দিয়েছিলেন। প্রশাসন সে সময়ে মৌখিক ভাবে তাদের কার্ষ্যক্রম চালাতে বলেছিল। অনুমতিপত্র পরে দিবে বলে জানালেও পরে তা দেয়নি। সর্বশেষ প্রশাসন ও দু’পক্ষের সমঝোতায় তাফসিরুল কোরান মাহফিল শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।