অক্টোবরের শেষদিকের এক রৌদ্রোজ্জ্বল বিকেল। বড়পুকুরিয়া কয়লা খনি লেকের তীরে দাঁড়িয়ে আছি। লেকের অপর পারে নতুন গড়ে ওঠা এক শহরের হালকা রঙের দেয়ালগুলোতে প্রতিফলিত হচ্ছে সূর্যের আলো।
দৃশ্যটির বৈপরীত্য চোখে পড়ার মতো। আমরা দাঁড়িয়ে ছিলাম একটি ধানখেতে; ওখানে দাঁড়িয়ে জেলেরা লেকের অগভীর পানিতে জাল ফেলছিলেন। আমাদের ডানপাশে ছিল গাছগাছালিতে ঘেরা একটি গ্রাম। আর বামপাশে লেকের ওপারে খনি কোম্পানির স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রের পাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল এক কয়লার স্তূপ—যার উঁচু চিমনি, কাঠামো ও কনভেয়র বেল্ট পুরো এলাকাজুড়ে আধিপত্য বিস্তার করছে।
ওই এলাকার জমি অধিগ্রহণের ইতিহাস জানা থাকায় সদ্য নির্মিত ইটের বাড়িগুলো দেখে আমাদের মনে হয়েছিল এখানকার মানুষ নিশ্চয় সচ্ছল হয়ে উঠেছেন, বদলে গেছে তাদের জীবনযাত্রার মান।
কিন্তু এই ধারণা একেবারেই ভুল প্রমাণিত হলো। আমাদের সামনে যা দাঁড়িয়ে ছিল, তা আসলে জনমানবহীন এক ভূতুড়ে শহর।
বিশ্বের অনেক প্রান্তেই জনমানবহীন ভূতুড়ে শহরের দেখা মেলে। এর মধ্যে কিছু ছিল একসময়ের সমৃদ্ধ লোকালয়, যা জীবিকা নির্বাহের মাধ্যম হারিয়ে যাওয়ার পর পরিত্যক্ত হয়েছে। আবার কিছু শহর, যেমন বহুল আলোচিত চীনের ভৌতিক শহরগুলো—উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনায় নির্মিত হলেও ওইসব শহরে কখনো পর্যাপ্ত অধিবাসী আকৃষ্ট করা যায়নি।
আমাদের চোখের সামনের দৃশ্যটি দ্বিতীয় শ্রেণির অন্তর্ভুক্ত: বিশাল সব ভবনের সমন্বয়ে তৈরি একটি আস্ত লোকালয়, অথচ সেখানে মানুষজনের বসবাস নেই বললেই চলে।
'বাঁশপুকুর' নামে পরিচিত এই 'শহরটি' দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কাছে অবস্থিত। স্থানীয় গ্রামবাসীদের বাস্তুচ্যুত করে খনিজ উত্তোলনের ফলে সৃষ্টি হওয়া দুটি বিশাল লেকের পাশে গড়ে উঠেছে এই লোকালয়। স্থানীয়দের তথ্যমতে, সংলগ্ন গ্রাম ও মৌজার নামানুসারে নাম রাখা এই বাঁশপুকুরে প্রায় ১৫০টি ভবন রয়েছে। এগুলোর বেশিরভাগই দোতলা। কিছু আছে তিনতলা।
এই দৃশ্যটি একটি স্বাভাবিক প্রশ্ন সামনে নিয়ে আসে: জমি দেবে যাওয়ার জন্য কুখ্যাত একটি সক্রিয় কয়লা খনি এলাকায় যেখানে আশপাশের গ্রামের মানুষ এখনও তাদের ঘরে নতুন ফাটল খুঁজে পাচ্ছে এবং ঘরবাড়ি ধসে পড়ার আতঙ্কে বাস করছে, সেখানে কেউ বহুতল ভবন নির্মাণ করবে কেন?
এ বিষয়ে জানতে চালে এক কৃষক সোজা-সাপটা ভাষায় এর ব্যাখ্যা দিলেন।
'ওখানে কেউ থাকে না। সরকার যখন খনির জন্য জমি অধিগ্রহণ করবে, তখন যেন ভালো দাম পাওয়া যায়, সেজন্যই তারা এসব ভবন তৈরি করেছে।'
কথাটা শোনার সঙ্গে সঙ্গে পুরো শহর তৈরির পেছনের রহস্যটি স্পষ্ট হয়ে উঠল।
পদ্মা সেতু প্রকল্প যখন অনুমোদন দেওয়া হয়েছিল, তখন কিছু জমির মালিক রাস্তা সম্প্রসারণ ও অধিগ্রহণের জন্য চিহ্নিত প্লটগুলোতে ঘরবাড়ি তৈরি করেছিলেন। তবে সেগুলো ছিল টিনের তৈরি সাধারণ ঘরবাড়ি, বহুতল ভবন নয়।
কিন্তু অবস্থা দেখে মনে হলো, বড়পুকুরিয়ার মানুষ এই কৌশলটিকে একেবারেই অন্য মাত্রায় নিয়ে গেছেন।
বাঁশপুকুরে আমরা দুই দিন ছিলাম। এই দুদিনে এলাকাটির পথে হাঁটতে হাঁটতে পার্শ্ববর্তী গ্রামের আরও বহু মানুষের সঙ্গে কথা বললাম। এসব আলাপচারিতার মাঝেই ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে এই শহরের পেছনের গল্প।
এটি ছিল কয়েক দশকের বাস্তুচ্যুতি, প্রতিশ্রুতিভঙ্গ, বিতর্কিত ক্ষতিপূরণ ও জমির দাম ক্রমাগত বাড়তে থাকায় জমির মালিকদের প্রতারিত হওয়ার অনুভূতির গল্প।
লোকালয়ে প্রবেশ করতেই পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি আমাদের থামিয়ে পরিচয় জানতে চাইলেন। আমরা পরিচয় দেওয়ার পর তিনি সতর্ক করে দিয়ে বললেন, 'এখানে সাংবাদিকদের প্রবেশ নিষেধ।'
তার এই আচরণের কারণ আমরা আন্দাজ করতে পেরেছিলাম। তবে ধীরে ধীরে বরফ গলতে শুরু করে, আমাদের চারপাশে ভিড় জমে ওঠে, মন খুলে কথা বলতে শুরু করে মানুষ।
জানা গেল, কয়লা খনি অধিগ্রহণের আশায় পুরো একটি শহর গড়ে তোলার এই ধারণা মূলত কয়েক দশক ধরে জমি হারানো, দেবে যাওয়া জমির ক্ষতিপূরণ পেতে সংগ্রাম করা, দুর্নীতির শিকার হওয়া এবং সরকারি ক্ষতিপূরণের হারের চেয়ে জমির মূল্য দ্রুত বেড়ে যাওয়ার দৃশ্য দেখার অভিজ্ঞতা থেকে এসেছে।
স্থানীয়রা বলছেন, একসময় দেশের স্বার্থে নিজ এলাকায় খনির কাজকে স্বাগত জানালেও, এখন তারা জমি অধিগ্রহণ কর্মসূচি থেকে নিজেদের লাভ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান।
কিন্তু মানুষ এখানে কেন থাকে না?
পটিগ্রাম গ্রামের জেলে আরিফুল বলেন, 'নির্মাণ শ্রমিকরাও এসব বিল্ডিঙে ঢুকতে ভয় পায়। বেশিরভাগ বিল্ডিংই দুর্বল, আরসিসি পিলার ছাড়া তৈরি করা হয়েছে।
'রাতে শ্রমিকরা যখন মাটির গভীরে কাজ করেন, তখন বিকট বিস্ফোরণ হয়। আমরা ভয়ে আমাদের ছোট ছোট ঘর থেকে বের হয়ে আসি। এসব দুর্বল বিল্ডিঙে মানুষ থাকবে কী করে?'
আরিকুল জানান, অল্প কিছু কাঠামো ভালোমতো তৈরি করা হয়েছে। মালিকরা সেখানে কয়েকটি ভূমিহীন পরিবারকে থাকার অনুমতি দিয়েছেন।
বাঁশপুকুরের একটি ভবনের মালিক বকুল বলেন, বাসিন্দারা বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় রয়েছেন। কয়েক সপ্তাহ আগে তিনি বিদ্যুৎ সংযোগ পেয়েছেন।
কিন্তু মাটি দেবে যাওয়ার ঝুঁকি রয়েছে, এমন একটি এলাকায় কেন ভবন নির্মাণ করা হচ্ছে?
বকুলের উত্তর, 'আমরা জমি হারিয়েছি। আমরা যাব কোথায়?'
ওই লোকালয়ে তিনটি ভবন তৈরি করা আরেক মালিক একরামুল হক জানান, জমি অধিগ্রহণের পরও তার অনেক জমি বাকি ছিল। তিনি ২ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন বলে জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, সরকার ২০১১ সালে এই এলাকায় একরপ্রতি ২০ লাখ টাকা দরে জমি অধিগ্রহণ শুরু করে। তারা বলেন, এই অধিগ্রহণ মূলত খনি প্রকল্পের মূল পরিকল্পনার অংশ ছিল না। কিন্তু ভূগর্ভস্থ কয়লার স্তর অপসারণের ফলে ওপরের জমি দেবে যেতে শুরু করায় সরকার ক্ষতিগ্রস্ত সম্পত্তি অধিগ্রহণ করে মালিকদের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়।
খনির কাজের ফলে সৃষ্ট দুটি লেক কয়েকটি গ্রামকে গিলে খেয়েছে। স্থানীয়দের তথ্যমতে, ২০১৮ সালের মধ্যে ৭০০ একরেরও বেশি জমি অধিগ্রহণ করা হয়েছে।
বাঁশপুকুরের ভবনগুলোতে গ্রিল দিয়ে সুরক্ষিত জানালার ফ্রেম থাকলেও কোনো কাচ বা পাল্লা নেই।
আমরা এর কোনোটির ভেতরে ঢোকার সাহস পাইনি।
দুই সারি ভবনের মাঝে দাঁড়িয়ে আমরা মামুনুর রশিদের সঙ্গে কথা বলি। তিনি এই শহরে জমি বিক্রি করেছিলেন, আর সেই ভবন নির্মাণ করেছেন আরেকজন।
পাশ্ববর্তী বৈদ্যনাথপুর গ্রামে রেজওয়ানুলের দেখা পাই। তিনি বাঁশপুকুর শহরে জমি কিনে বাড়ি তৈরি করেছেন।
পুরো বিষয়টি একটি বিনিয়োগ চক্রের মতো মনে হলো—যেখানে স্থানীয় লোকেরা প্লট কেনাবেচা করছেন এবং পরের দফায় জমি অধিগ্রহণের আশায় ভবন গড়ে তুলছেন। ভবন থাকার কারণে জমির দাম বহুগুণ বেড়ে যাচ্ছে।
স্থানীয়রা বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে মিথ্যা প্রতিশ্রুতি ও দুর্নীতির শিকার হওয়ার পর তারা অবশিষ্ট সম্পত্তির মূল্য বুঝতে শিখেছেন।
আরেক ভবন মালিক গোলাম ফারুক ক্ষোভ প্রকাশ করে বলেন, 'সরকার আর কয়লা খনি কোম্পানি প্রতিটি পরিবারের জন্য চাকরির আশ্বাস দিয়েছিল। কিন্তু আমাদের এলাকা থেকে মাত্র ৮-১০ জন লোক কোম্পানিতে চাকরি পেয়েছে। তারা আসলে নিজেদের আত্মীয়স্বজন আর অন্য গ্রামের মানুষকে চাকরি দেয়।'
বাসিন্দারা জানান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এই বিষয়ে স্থানীয় জীবন ও সম্পদ রক্ষা কমিটি-র সঙ্গে চুক্তি সই করেছিল, কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি।
ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়াও হতাশাজনক বলে জানান তারা।
গোলাম ফারুক বলেন, 'জমি অধিগ্রহণের পর কর্তৃপক্ষ ক্ষতিপূরণের টাকা দিতে বছরের পর বছর লাগিয়ে নেয়; ততদিনে জমির দাম বেড়ে যায়, কিন্তু সরকারি দাম একই থেকে যায়।'
ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করার সময় হয়রানি ও ঘুষ নেওয়ারও অভিযোগ করেন অনেকে।
২০১৮ সালে জমি অধিগ্রহণ হওয়া বাঁশপুকুরের মাজহারুল ইসলাম বলেন, '২০২১ সালে আমার ১৯ লাখ টাকার ক্ষতিপূরণ তুলতে গিয়ে ১ লাখ টাকা খরচ করতে হয়েছে।'
দুর্ভোগের বর্ণনা দিয়ে আরেক বাসিন্দা ফারহাদ আলী বলেন, 'ক্ষতিপূরণের টাকা তুলতে দৌড়াদৌড়ি করতে করতে আমাদের স্যান্ডেল ক্ষয়ে যায়।'
বাসিন্দারা জানান, ২০১১ সালের দিকে অধিগ্রহণের প্রথম পর্যায় তুলনামূলকভাবে ঝামেলামুক্ত ছিল। তখন ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল পেট্রোবাংলার মাধ্যমে। তারা অভিযোগ করেন, পরের ধাপগুলোতে যখন জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিপূরণের অর্থ দেওয়া শুরু হয়, তখন প্রক্রিয়াটি আরও কঠিন হয়ে পড়ে।
কয়েক লাখ টাকা থেকে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেলেও সব জমির মালিক কিন্তু সচ্ছল হতে পারেননি। সারা জীবন কৃষিকাজ করে আসা অনেকের পক্ষেই এই টাকা সামলানো কঠিন হয়ে উঠেছিল।
'আমরা কৃষক ছিলাম; কৃষকরা কি ব্যবসা করতে পারে? টাকা তো খরচ হয়েই গেছে, খুব কম মানুষই এই টাকা সঠিক কাজে লাগাতে পেরেছে,' বকুল বলেন। তবে তিনি আরও জানান, তার ছেলেকে একটি সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পেরেছেন।
বাঁশপুকুরের মানুষের কাছে এই ভবনগুলো একটি কয়লাখনির সাথে দীর্ঘদিনের অস্বস্তিকর সম্পর্কের দৃশ্যমান রূপ—যা তাদের ভৌগোলিক রূপ বদলে দিয়েছে, মানুষজনকে বাস্তুচ্যুত করেছে এবং জীবিকা ব্যাহত করেছে।
আর এই রূপান্তর এখনো শেষ হয়নি।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন টিবিএসকে নিশ্চিত করেন, খনির কার্যক্রম বাঁশপুকুর এলাকায় সম্প্রসারিত হবে; এলাকাটি অধিগ্রহণের জন্য নির্ধারিত রয়েছে।
তিনি স্বীকার করেন, বেশি ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনাই এই ভবন নির্মাণের প্রতিযোগিতা বাড়িয়ে দিচ্ছে।
'এ কারণেই অধিগ্রহণের আগেই তারা তাড়াহুড়ো করে বহুতল ভবনগুলো নির্মাণ করছেন,' বলেন তিনি।
সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড