শিরোনাম
◈ শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠাতে চেয়েছিল ভারত: বিবিসি বাংলা ◈ শুরুতেই বিতর্কের মুখে মিস ইউনিভার্স, অংশ নিতে পারছেন না ১৫ দেশের প্রতিযোগী ◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৯:০২ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় প্রকাশ্যে গোলাগুলি, ১২ ঘণ্টায় গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার পালংখালীতে মাদক ও চোরাচালানের নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের প্রকাশ্য গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক (ওয়ান শুটারগান), একটি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া বটতলী বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধরে গোলাগুলির ঘটনা সংগঠিত হয়। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবর্ষণ ও অস্ত্রের মহড়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Advertisement

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার সৈয়দ নুরের ছেলে মিজানুর রহমান ওরফে মিজান (৩৭), আব্দুস সালামের ছেলে সাখাওয়াত হোসেন ওরফে মুন্না (২৭), আরফাত হোসাইন ওরফে জিসান (২২) এবং আবু তাহের (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোলাগুলির ঘটনার পর উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদারের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি) সমন্বয়ে যৌথ অভিযান শুরু করে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আঞ্জুমানপাড়ায় জাকের হোসেনের মাছের ঘেরের পূর্ব পাড় থেকে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত দুইটার দিকে আঞ্জুমানপাড়া পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁদের দেখিয়ে দেওয়া একটি সাদা বাজারের বস্তার ভেতর থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি লোহার তৈরি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

এসআরবি-১৫ জানিয়েছে, ঘটনার ছবি ও ভিডিও বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাহিনীটির সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, “ঘটনার ছবি ও ভিডিও চিত্র বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই তাঁদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবি-১৫-এর অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে গোলাগুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন জয়। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে পালংখালী বাজারের একটি অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, “প্রকৃত ঘটনা আড়াল করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। ওই ঘটনার সঙ্গে আমি বিন্দুমাত্র জড়িত নই।”

“আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে মাদক সম্রাট আবুল ফয়েজ সীমান্তের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও চোরাচালান নিয়ন্ত্রণ গ্রুপের সাথে আমাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে দাবী করেন।”

উদ্ধার করা অস্ত্র ও গুলির ফরেনসিক পরীক্ষা করে সেগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিয়ানমার সীমান্তকেন্দ্রিক মাদক ও চোরাচালানের নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজের সঙ্গে জয়নাল আবেদীন জয় ও তাঁর অনুসারীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে বুধবার বিকেলে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বটতলী স্টেশন এলাকায় জড়ো হন। একপর্যায়ে তাঁদের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হলে গোলাগুলি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাগুলির সময় জয়নাল আবেদীন জয়ের পক্ষের কয়েকজনকে আগ্নেয়াস্ত্র হাতে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে। তাঁদের মধ্যে মুন্নার প্রকাশ্যে গুলিবর্ষণের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া মুন্নাসহ কয়েকজনকে ওয়ান শুটারগান ও দেশীয় বন্দুক হাতে স্টেশনে প্রকাশ্যে মহড়া দিতে দেখা গেছে। দুই পক্ষই গুলি ছুড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রের দাবি, বুধবার বিকেলে জয়নাল ও মুন্নাসহ তাঁদের অনুসারীরা অস্ত্র নিয়ে স্টেশনে অবস্থান নিলে আবুল ফয়েজের পক্ষের লোকজনের সঙ্গে তাঁদের মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর থেকে আবুল ফয়েজ আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং আত্মগোপনের বিষয়টি জানতে একাধিক বার ফোন করা হলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং তাঁদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

  • সর্বশেষ