হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনপথে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তারা কোনোভাবেই সফল হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক-মহাসড়কে যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ জনপথে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভাঙ্গা সফরের উদ্দেশ্য প্রসঙ্গে তিনি আরও বলেন, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়, তাদের কার্যক্রমের খোঁজখবর নেওয়া এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই তিনি এসেছেন। আগামী দিনগুলোতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ফোর্সের মনোবল বৃদ্ধি ও কর্মদক্ষতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, জেলার কোতয়ালী থানা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে কয়েকজন আসামিকে শনাক্ত ও গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপুসহ জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।