ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে থানায় উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনার পর সরাইল থানার ওসি মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম জানিয়েছেন।
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে গত ২২ অক্টোবর রাতে সরাইল থানায় যান সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় থানার ওসি মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
সেখানে ওসি মনজুর কাদের ভূঁইয়াকে উদ্দেশ করে রুমিন ফারহানা বলেন, “আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি স্যার। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।”
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত। মনজুর কাদের ভূঁইয়া ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানায় যোগ দেন। রুমিন ফারহানার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনার পর তিনি আলোচনায় আসেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
সেদিন রুমিন ফারহানার সঙ্গে থানায় যাওয়া এক ব্যক্তি ওসি মনজুর কাদেরের বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। তবে ওসি ওই অভিযোগ অস্বীকার করেন। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ।
তবে ওসি মনজুর কাদেরের বদলির আদেশের পর সরাইল থানায় নতুন ওসি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনো জানা যায়নি।
এদিকে একই দিনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি খায়রুল আলমকেও কক্সবাজার জেলায় বদলি করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানিয়েছেন।