শিরোনাম
◈ নতুন দায়িত্বে পেলেন বিএনপির ৪ ও জামায়াতের ১ সংসদ সদস্য ◈ রাজধানীর যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে সরকারের বড় উদ্যোগ ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লুটপাটের দায় জনগণের কাঁধে, সরকারের কাছে ২৭০৭ কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার ◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:৪৯ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চগড়ে দিনে ৩২, রাতে ১৫ ডিগ্রি : তাপমাত্রার তারতম্যে বিপাকে মানুষ

উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। ভোর ও রাতে হিমেল বাতাসে ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় তীব্র রোদে বাড়ছে গরম। সকাল-রাতের ঠান্ডা আর দিনের গরমে আবহাওয়ার এমন বৈপরীত্যে ভোগান্তিতে পড়ছেন জেলার বাসিন্দারা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। আগের দিন রবিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

জেলার বিভিন্ন এলাকায় ভোর ও সন্ধ্যার পর ঠান্ডার অনুভূতি বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ঘাস ও গাছের পাতায় জমছে শিশির। কোথাও কোথাও দেখা মিলছে কুয়াশারও। সন্ধ্যার পর অনেকেই গরম কাপড় ব্যবহার করছেন। শীতের প্রস্তুতি হিসেবে বের করা হচ্ছে পুরোনো লেপ-কম্বল।

আবহাওয়ার এই পরিবর্তনের মধ্যে সর্দি, কাশি ও জ্বরসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা। শিশু ও বয়স্কদের মধ্যে এসব সমস্যা বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন রোগীর স্বজনেরা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এসব উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

Advertisement

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন আসিফ আলী বলেন, কয়েক দিন ধরে সকাল ও রাতে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। পরিবারের শিশুটির সর্দি-কাশি শুরু হয়েছে। প্রথমে বাড়িতে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও পরে হাসপাতালে নিয়ে এসেছেন।

আরেক রোগী হাবিব হাসান বলেন, দিনের বেলায় রোদে গরম লাগে, কিন্তু সকাল ও রাতে ঠান্ডা থাকে। আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে শরীর মানিয়ে নিতে পারছে না। কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছেন তিনি। তাই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে এসেছেন।

চিকিৎসকেরা বলছেন, ঋতু পরিবর্তনের এ সময়ে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ঠান্ডা থেকে সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী গরম কাপড় ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, পঞ্চগড়সহ সারা দেশে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রবিবার সন্ধ্যায় প্রকাশিত আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী সময়ে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ